১ অগাস্ট ঢাকায় সমাবেশের অনুমতি পায়নি জামায়াত
পুলিশ বলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় তাদের এই সিদ্ধান্ত।
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামী ঢাকায় সমাবেশ করতে চাইলেও পুলিশের অনুমতি মেলেনি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় দলটিকে অনুমতি দেওয়া হয়নি বলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে।
প্রায় এক দশক বাদে গত ১০ জুন পুলিশের অনুমতি নিয়ে ঢাকায় সমাবেশ করে জামায়াত, যা রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের জন্ম দিয়েছিল।
তার দেড় মাস পর দলটি ১ অগাস্ট বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে সমাবেশ করতে সম্প্রতি ঢাকা মহানগর পুলিশে আবেদন জমা দেয়।
ক‘দিন আগে আওয়ামী লীগ-বিএনপিকে একই দিনে সমাবেশের অনুমতি দিলেও জামায়াতের কর্মসূচিতে সায় দেয়নি পুলিশ।
কারণ জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে এ শঙ্কা থেকে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।”
এদিকে মঙ্গলবার সমাবেশ করতে জামায়াত নানা প্রস্তুতি এবং সংবাদ সম্মেলনও করেছিল।
সোমবার দলটির সংবাদ সম্মেলনে বলা হয়েছিল, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, দলের আমির শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে তাদের এই সমাবেশ।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৪ জুলাই তারা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। এর মধ্যে ১ অগাস্ট ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ সমাবেশও ছিল। এ জন্য ২৪ জুলাই দলের পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) লিখিতভাবে জানানো হয়। ২৫ জুলাই দলের আইনজীবীদের একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়ে এসেছিলেন।
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি আন্দোলনে রয়েছে। জামায়াত দুই যুগ তাদের সঙ্গে জোটে থাকলেও এখন নেই।
সমাবেশ করতে অনুমতি না পাওয়া নিয়ে জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেছেন, মঙ্গলবার সকালে তারা সংবাদ সম্মেলন করে এ বিষয়ে তাদের অবস্থান এবং পরবর্তী কর্মসূচি জানাবেন।
এদিকে সোমবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম এক বিবৃতিতে বলেন, সারাদেশে তাদের কর্মসূচি ঠেকাতে পুলিশ ‘গণগ্রেপ্তার’ চালিয়েছে। গত ২৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৫ দিনে সারা দেশে জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
“বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে গোটা জাতি ঐক্যবদ্ধ। এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই,” বলা হয় বিবৃতিতে।
