যুক্তরাষ্ট্রের ভিসা নীতির চাপে জামায়াতকে অনুমতি: গয়েশ্বর
জামায়াতের সঙ্গে সরকারের কোনো আঁতাত হয়নি বলে মনে করেন এই বিএনপি নেতা।
এক দশক বাদে ঢাকায় জামায়াতে ইসলামীর প্রকাশ্য সমাবেশের নেপথ্যে সরকারের সঙ্গে দলটির আঁতাতের কোনো সন্দেহ করছেন না বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
তার মতে, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের জন্য যে ভিসা নীতি ঘোষণা করেছে, তার চাপেই জামায়াতকে সমাবেশের অনুমতি দিতে বাধ্য হয়েছে সরকার।
এক দশক পর পুলিশকে জানিয়ে রাজধানীতে জামায়াতের নির্বিঘ্নে সমাবেশ করা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বলেন, “গতকাল সারাদিন সাংবাদিকদের টেলিফোন বাজছে। বিষয়… জামায়াত মিটিং করল। জামায়াত একটা রাজনৈতিক দল, তারা মিটিং করবে…এটাই তো স্বাভাবিক।
“এত দিন করতে পারে নাই কেন, এটা প্রশ্ন হতে পারে। এখন কেন করল? কেউ কেউ বুঝাইতে চাইল- এই সরকারের সাথে কোনো আঁতাত আছে কি না। সরকারের সাথে আঁতাত করছে- এজন্যই তাদেরকে অনুমতি দিছে।”
জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়ার পেছনে ‘রাজনৈতিক কারণ’ রয়েছে বলে এক দিন আগেই বলেছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। তবে সেই কারণ খোলাসা করেননি তিনি।
গয়েশ্বর বলেন, “জামায়াতকে সরকার অনুমতি দিতে বাধ্য হইছে। সরকার বাধ্য হয়েছে- এক ভিসা নীতি, এক ভিসা স্যাংশনের কারণে।
“সকলের কিন্তু সকাল-বিকাল-দুপুর প্রেসার মাপতে হয়, ডায়াবেটিক রোগীর সুপার মাপতে হয় সকাল অথবা রাতে। কারণ প্রেসার ও সুগারের উঠানামায় শারীরিক সমস্যা পড়তে হয় প্রায় সময়ে। সুতরাং বুঝতেই পারছেন সব কিছুর তো শেষ আছে।”
জামায়াত নেতাদের যুদ্ধাপরাধের বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আসা যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশের জন্য যে ভিসা নীতি ঘোষণা করছে; তাতে বলা হয়েছে, এখানে সুষ্ঠু নির্বাচনে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের সে দেশে ঢুকতে দেওয়া হবে না।
জামায়াত দুই যুগ ধরে বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকলেও এখন জোট বাদ দিয়ে যুগপৎ আন্দোলনের কৌশল নিয়ে চলেছে গয়েশ্বরের দল। সেই আন্দোলনে জামায়াতকে দূরে দেখা যাচ্ছে।
এদিকে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “আমরা শুনেছি, জামায়াতে ইসলাম নিষিদ্ধ। আর সারাক্ষণ যিনি অকথ্য কথা বলে বেড়ান, হাছান মাহমুদ (তথ্যমন্ত্রী) ঘুমের মধ্যেও বলেন। সেই অবস্থার মধ্যে জামায়াতের সঙ্গে এমন কী হল, এমন গোপন চুক্তি বা ষড়যন্ত্র হল যে- জামায়াতকে এত নির্বিঘ্নে একটা কর্মসূচি পালন করতে দেওয়া হল।”
তবে তিনি বলেন, “আমরা তো খুশি। কারণ আমার ঘরের ডাকাত তাড়াতে যারা রাস্তায় নামবে, তারাই আমাদের প্রকৃত বন্ধু। হোক সেটা জামায়াত, হোক সেটা কমিউনিস্ট, হোক সেটা মধ্যপন্থি, হোক সেটা গণতন্ত্রপন্থি- যে কোনো রাজনৈতিক দল।”
জামায়াতের সঙ্গে সরকারের আঁতাতের খবর উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে বলেও মনে করেন এই বিএনপি নেতা।
সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ডের সমালোচনা করে আলাল বলেন, “এটার প্রধান হচ্ছে মোজাম্মেল বাবু সাহেব। তিনি প্রতি সপ্তাহে বসে লোকজন ডাকেন, সেখানে বসে তাত্ত্বিক আলোচনা হয়। সেখানে বসে ভাবটা এমন হয় যে, সরকারকে বোধহয় কাতুকুতু দিচ্ছেন অথবা পেটে খোঁচা দিয়ে মনে করিয়ে দিচ্ছে… এই আপনি কিন্তু এই ভুল করছেন এটা ঠিক করেন-এটা ঠিক করেন।
“এই যদি হয় সংবাদ মাধ্যমে দায়িত্ব- তাহলে সেটা সংবাদ মাধ্যম না, সেটা গণমাধ্যম তো নাই, সেটা সরকারের প্রচার মাধ্যম।”
‘২-৩% লোক’ দুর্নীতিতে
বিএনপি নেতা আলাল বলেন, “আজকে সচিবালয় থেকে প্রকাশিত হচ্ছে যে, ২০১৮ সালের দুই নম্বরি-ছয় নম্বরি নির্বাচনে কে কোথায় কোন দায়িত্ব পালন করেছেন, কোন সচিব ছিলেন, কোন অফিসার সেখানে ছিলেন। আজকে সচিবালয় থেকেই তালিকা প্রকাশিত হচ্ছে ২০১৮ এর এই চোরাই নির্বাচনে কে কোন জেলার দায়িত্বে ছিলেন।
“এগুলো কি আমরা ছাপছি? আমরা মার খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছি, আমরা মার খাচ্ছি আর আহত হচ্ছি। আমাদের ১৭ জন ভাই নিহত হয়েছে সাম্প্রতিক আন্দোলনে।”
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘গত ১৫ বছরে যারাই যা কিছু করেন, ঘুষ খান, দুর্নীতি করেন, মেগা প্রজেক্ট থেকে কমিশন পান- পাইছেন। বকসিস পান, যাই পান। দেখেন এই সব যে পাঠালেন বিদেশে নিরাপদ থাকার জন্য … সচিবালয়ে কিছু আছে, পুলিশ ডিপার্টমেন্টে কিছু। এদের সংখ্যা দেখবেন ম্যাক্সিমাম ২-৩% লোক করাপশন করছে।
“৯৭% তো আমার মতো আপনার মতোই… মাসের শেষে বাড়ি ভাড়া দিতে পারে না, স্কুলের বেতন দিতে পারে না, বাচ্চার পেছনে পয়সা দিতে পারে না। হয়ত পুলিশের মধ্যে ঊর্ধ্বতন কিছু আছে-এটলিস্ট এক হাজার হবে না, সচিবালয়ও বোধহয় এইরকমই হবে।”
‘সংলাপ করব কেন?’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আলোচনা-সংলাপ! এখন তো আপনাদের বিদায়ের সময়। আমরা সংলাপ করব কেন? সংলাপ তো প্রতিদিন আমরা কথা বলতেছি যে, আপনারা শুনতেছেন না…. সংলাপ তো ডেইলি হচ্ছে। সুতরাং এই সংলাপের পরিসমাপ্তিটা কী? শেখ হাসিনা যদি বুদ্ধিমান হয়, ১০ দফা মেনে নেন এবং ১০ দফা মেনে নিয়ে আগামী দিন একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যেটা দিতে হবে…
“কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার, সেটা নিয়ে আলোচনা হতে পারে। আগে দাবি মানতে হবে। তারপরে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে আমরা বর্তমান ক্রান্তিকাল পার করতে পারি, জনগণ মুক্তি পাক… এটাই আমরা চাই।”
জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে স্বাধীনতা ঐক্য পরিষদের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনাসভা হয়।
সংগঠনের আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মুনিরের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহজালাল শিকদার সাগরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, তাঁতী দলের জেএম আনিসুর রহমান, সাখাওয়াত হোসেন আশিক, মহানগর বিএনপির ইসমাইল হোসেন তালুকদার খোকন, কৃষক দলের জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে ‘গুম হওয়া’ মফিজুল ইসলাম, কাওসার হোসেন, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান বাপ্পী, মাহফুজুর রহমানের পরিবারের সদস্যরা তাদের স্বজনদের ফিরে পাওয়ার আকুতির কথা জানান।
