পোশাক খাতে সংকটের পেছনে সরকারের অব্যবস্থাপনা: সংসদে হাসনাত
পোশাক শিল্পের কাঁচামাল আমদানি থেকে শুরু করে পণ্য রপ্তানি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীদের ঘুষ দিতে হয় বলে দাবি কুম্ল্লিা-৪ আসনের এই সংসদ সদস্যের।
তৈরি পোশাক শিল্পে চলমান সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনা, ঘুষ ও চাঁদাবাজিকে দায়ী করেছেন কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
জাতীয় সংসদে মঙ্গলবার কার্যপ্রণালি বিধিতে দাঁড়িয়ে পোশাক শিল্পের সংকট নিয়ে সাধারণ আলোচনায় তিনি এ অভিযোগ করেন। এ সময় অধিবেশন পরিচালনা করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের আনা প্রস্তাবের ওপর আলোচনায় হাসনাত দাবি করেন, পোশাক শিল্পের কাঁচামাল আমদানি থেকে শুরু করে পণ্য রপ্তানি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীদের ঘুষ দিতে হয়।
তিনি বলেন, “গার্মেন্টস শিল্পের শতভাগ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। এই কাঁচামাল যখন আমদানি করতে হয়, এগুলো অনেকগুলো অফিস ঘুরে আসতে হয়। ট্যাক্স, কাস্টমস, ভ্যাট, এক্সাইজ অফিস থেকে অনুমতি নিতে হয় এবং প্রত্যেকটা অফিসে খুশি হয়ে উপহার দিতে হয়। এটা তো আর ঘুষ বলা যাবে না, এটাকে উপহার বলতে হবে। কারণ এই সরকারের আমলে কিছু শব্দ পরিবর্তন হয়েছে। এই সরকার যেটা করেছে, উনারা ঋণখেলাপি বলে না, উনারা বলে ঋণগ্রস্ত। উনারা চাঁদাবাজি বলে না, বলে সমঝোতা। আবার উনারা ঘুষ বলে না, বলে কী? উপহার।”
জর্জ অরওয়েলের ‘১৯৮৪’ উপন্যাসের প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, “উপন্যাসে বিভিন্ন মন্ত্রণালয়ের নামের সঙ্গে তাদের কাজের মিল ছিল না। তার অভিযোগ, বর্তমান সরকারও একইভাবে বিভিন্ন অনিয়মের নাম বদলে দিচ্ছে।”
বন্দর থেকে বন্ডেড ওয়্যারহাউসে কাঁচামাল আনা, সেখান থেকে কারখানায় নেওয়া, কারখানা পরিদর্শন এবং পণ্য রপ্তানির প্রতিটি ধাপে ঘুষ দিতে হয় বলে অভিযোগ করেন তিনি। এসব হয়রানি এড়াতে সরকারদলীয় নেতা ও প্রভাবশালীদের ‘প্রটেকশন মানি’ দিতে হয় বলেও দাবি তার।
হাসনাত বলেন, “উপহার যেন না দিতে হয়, সে জন্য সরকারদলীয় বিভিন্ন নেতা অথবা কোনো প্রভাবশালী নেতাকে তারা কনসালটেন্ট হিসেবে রাখে। এটা হচ্ছে প্রটেকশন মানি হিসেবে পরিচিত। এই প্রটেকশন মানি তাদের দিতে হয়।”
তার অভিযোগ, সরকারি বিভিন্ন দিবসের অনুষ্ঠান আয়োজনের জন্যও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়। এতে কারখানার উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে।
সরকারের দায়িত্ব ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি করা মন্তব্য করে এ এনসিপি নেতা বলেন, “আজকে যদি বেতন বৃদ্ধি পায়, নিশ্চয়ই এটা সরকারের পকেট থেকে বেতনটা দেবে না। বেতনটা কিন্তু দেবে মালিকপক্ষ। এ ক্ষেত্রে সরকারের কাজ হচ্ছে ব্যবসাটাকে সহজ করে দেওয়া, যাতে করে একটা ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি হয়।”
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক বলেও মন্তব্য করেন হাসনাত।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির উদ্দেশে হাসনাত বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে জাতীয় মজুরি নির্ধারণ করব ২০ হাজার টাকা। উনি এখন ক্ষমতায় আছেন এবং এটার প্রতিফলন মজুরি বোর্ডে আমরা দেখতে পাব বলে আশা করেছিলাম। কিন্তু দেখতে পাচ্ছি, প্রতিদিনই যেমন আজকেও একটা মিটিং ছিল, এই মিটিংটা কিন্তু হয় নাই।”
জ্বালানি সংকট মোকাবিলায়ও সরকারের ভূমিকার সমালোচনা করেন হাসনাত। তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণে অতিরিক্ত ৬ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ের অভিযোগ তুলে এর সঙ্গে এক সংসদ সদস্যের নাতির দেওয়া প্রস্তাবের সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পোশাক শিল্পে চলমান শ্রমিক অসন্তোষে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগও করেন হাসনাত। তিনি বলেন, “আমরা শুনতে পেয়েছি বা দেখতে পেয়েছি, অনেক প্রমাণ আছে যে এই আন্দোলনে আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে। এই আওয়ামী লীগকে প্রতিরোধ করার দায়িত্ব কিন্তু এই সরকারের নিতে হবে।”
ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় আশ্রয় ও সহায়তা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “ভারতের উলফা যদি বাংলাদেশে বসে ভারতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করত, ভারত কিন্তু আমাদেরকে কোনোভাবে স্পেয়ার করত না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের প্রোটেকশনে, ভারতের ভূমি ব্যবহার করে, ভারতের শেল্টার নিয়ে সারা বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে।”
পোশাক খাতের শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের দাবি তুলে হাসনাত বলেন, “আমরা যদি স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিত করতে না পারি, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ না করতে পারি এবং মালিকদের জন্য একটা কমফোর্টেবল বিজনেস এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে না পারি, এটার সাফারার কিন্তু সবাই হবে।”
শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মজুরি সমন্বয়, ব্যবসার খরচ কমানো এবং শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
