লাটে মেইকআপ ট্রেন্ড: ত্বকের উজ্জ্বলতায় দুধ-কফির উষ্ণতা
এক কাপ লাটে কফির রং-ই যেন ফুটে ওঠে ত্বকে।
বর্তমান সময়ে সৌন্দর্যচর্চার জগতে ‘লাটে মেইকআপ’ বেশ আলোচিত। মেইকআপ প্রেমীদের কাছে এই সাজের কদর হাল সময়ে বেড়েছে অনেকগুণ।
কারণ এই ভাবে দেখতে যেমন মার্জিত ও কোমল দেখা যায়, তেমনি তৈরি করাও তুলনামূলক সহজ।
লাটে মেইকআপ
মেইকআপ ট্রেন্ডটির নাম কিছুটা অন্যরকম হলেও লাটে মেইকআপ মূলত এমন সাজ, যা ত্বকে উষ্ণ, ব্রোঞ্জ আভা এনে দেয়।
“মানে এক কাপ লাটে কফির রং-ই যেন ত্বকে ফুটে ওঠে” বলেন জারা'স বিউটি বিউটি লাউঞ্জ এবং ফিটনেস সেন্টারের রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি।
তিনি ব্যাখ্যা করেন, “এই ‘লুকে’র বিশেষত্ব হল বিভিন্ন বাদামি, ট্যান এবং সোনালি টোনের মিশ্রণ। এটি ত্বকে গভীরতা ও উজ্জ্বলতা এনে দেয়। আলাদা কোনো মৌসুমের জন্য নয় বরং সারাবছরই এটি মানানসই, তবে গ্রীষ্মকালে এই উষ্ণ সাজ আরও বেশি আবেদনময় হয়ে ওঠে।“
বাদামি রংয়ের বহুমাত্রিক ব্যবহারই এই সাজ সবার জন্য মানানসই করেন। কারণ বাদামির রয়েছে শীতল, উষ্ণ, হালকা কিংবা গভীর নানান শেইড। তাই যে কোনো ত্বকের রংয়ের সঙ্গে মিলিয়ে নেওয়া যায় নিজের মতো করে।
যেভাবে তৈরি হবে লাটে মেইকআপ ‘লুক’
লাটে মেইকআপের মূল উদ্দেশ্য হল- মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা ও উষ্ণতার আভা আনা। অর্থাৎ ত্বকের রংয়ে উজ্জ্বলতা বা শ্যামা-আভা থাকলে সেটাই ধরে রাখা।
সাধারণ ফাউন্ডেশনেই শুরু
এই মেইকআপের মূল উদ্দ্যেশ থাকে চোখ, গাল ও ঠোঁটে। তাই আলাদা করে ভারী ফাউন্ডেশনের দরকার নেই। নিজের ব্যবহৃত নিয়মিত ফাউন্ডেশনই যথেষ্ট।
ভারী ফাউন্ডেশন না পছন্দ হলে হালকা ‘স্কিন টিন্ট’ ব্যবহার করা যায়। এটি ত্বকের রং সমান করে দেয়, দাগ ঢেকে রাখে, তবে ত্বকের প্রাকৃতিক ভাব নষ্ট করে না।
ব্রোঞ্জার ব্যবহার
ব্রোঞ্জার ব্যবহার করতে হয় মুখের সেই অংশে, যেখানে সূর্যের আলো সাধারণত পড়ে।
গাল, নাকের সেতু, কপাল, গলার ওপরের অংশগুলোতে ব্রোঞ্জার ব্যবহারের নিয়ম। এই লুকের জন্য ম্যাট ফিনিশ দেয় এবং বিভিন্ন শেইডে পাওয়া যায় এমন ব্রোঞ্জার ব্যবহার করা ভালো কারণ তা যে কোনো ত্বকেই মানিয়ে যায়।
গালে উষ্ণ আভা
ব্রোঞ্জারের ওপর হালকা ব্লাশ ব্যবহার করা যেতে পারে। প্রচলিত গোলাপি ব্লাশের বদলে এমন রং বেছে নেওয়া উচিত যার মধ্যে বাদামি, ট্যান, অলিভ বা হলুদ আভা আছে।
এতে ত্বকের সঙ্গে রং মিশে গিয়ে তৈরি হবে প্রাকৃতিক উজ্জ্বলতা।
চোখে লাটে লুক
চোখের সাজের ক্ষেত্রেও রয়েছে নানান বিকল্প। কম পণ্য ব্যবহার করতে পছন্দ করলে ব্রোঞ্জারই চোখের পাতায় ব্যবহার করা যায়।
ভাঁজের অংশে ভালোভাবে মিশিয়ে দিলে চোখে গভীরতা আসবে। আর একটু ‘গ্ল্যাম’ চাইলে বাদামি ও ন্যুড শেইডের মিশ্রণে হালকা স্মোকি আই করা যেতে পারে।
ম্যাট রংয়ের বেসে চোখের ভেতরের কোণ ও ভ্রুর নিচে হালকা ঝিলমিল শেইড যোগ করলে চোখ আরও উজ্জ্বল দেখাবে।
ঠোঁটে হালকা বাদামি ছোঁয়া
লাটে মেইকআপ মূলত নিরপেক্ষ বাদামি টোনকে কেন্দ্র করে তৈরি, তাই ঠোঁটে ন্যুড বা হালকা বাদামি রংই সবচেয়ে মানানসই। ঠোঁটের ওপর স্বচ্ছ গ্লস ব্যবহার করা যাতে পারে। এতে ঠোঁট চকচকে দেখাবে, আর পুরো মেইকআপের ভারসাম্য বজায় থাকবে।
সব ত্বকের রংয়ে মানায় কি?
‘লাটে মেইকআপ লুক’ সব ধরনের ত্বকের জন্যই মানানসই। ত্বকের রং অনুযায়ী কেবল শেইড পরিবর্তন করলেই হয়।
চোখ ও গালের জন্য এমন রং বেছে নিতে হবে যা ত্বকের রংয়ের চেয়ে দুই থেকে তিন শেইড গাঢ়।
হালকা ত্বকের জন্য বেইজ, ট্যান, হালকা ক্যারামেল টোন ভালো মানায়।
মাঝারি রংয়ের ত্বকে গাঢ় ক্যারামেল, মাঝারি বাদামি বা অলিভ টোন দারুণ লাগে।
আর গাঢ় ত্বকের জন্য মানানসই গাঢ় বাদামি ও সমৃদ্ধ ক্যারামেল শেড।
যে কারণে জনপ্রিয় এই ট্রেন্ড
“লাটে মেইকআপ অনেকের কাছেই প্রিয় কারণ এটি একসঙ্গে প্রাকৃতিক, আধুনিক এবং বহুমুখী”- মন্তব্য করেন ফারহানা রুমি।
দিনের আলোতে যেমন সুন্দর, তেমনি রাতের অনুষ্ঠানেও মানিয়ে যায়। বাদামি রংয়ের নিরপেক্ষতার কারণে এটি যেকোনো পোশাক, যেকোনো উপলক্ষের সঙ্গে মানিয়ে নেওয়া যায়।
ব্রোঞ্জ আভা ও প্রাকৃতিক উজ্জ্বলতা সবসময়ই ফ্যাশনে থাকে ব্যাখ্যা করেন এই রূপ-বিশেষজ্ঞ।
আরও পড়ুন
