০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

রিমুভার ছাড়াও মেইকআপ তোলার উপায়

সমস্যা নেই, মেইকআপ ওঠানোর জন্য রয়েছে নানান পন্থা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 04:16 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

মেইকআপ রিমুভার নেই হাতের কাছে, অথচ দিনশেষে ক্লান্ত ত্বককে শ্বাস নিতে দিতে চান? এমন পরিস্থিতি প্রায়ই ঘটে। এই সমস্যার সহজ সমাধান মিলবে নিজ ঘরের দিকে তাকালেই।

মেইকআপ আর্টিস্ট এবং ত্বক বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ উপাদান ব্যবহার করেই মেইকআপ দূর করা যায় সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরভাবে।

জলপাইয়ের তেল: কার্যকর কয়েক ফোঁটাই

যুক্তরাষ্ট্রভিত্তিক ‘স্পা চিকস অন দ্য গো’–এর প্রতিষ্ঠাতা এবং সৌন্দর্য বিশেষজ্ঞ মেরি ওয়াটকিনসন রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “অলিভ অয়েল বা জলপাইয়ের তেল চোখের মেইকআপ, এমনকি মাসকারা তুলতেও বেশ কার্যকর।”

“তুলা পানিতে ভিজিয়ে এর ওপরে ভালো পরিমাণ অলিভ অয়েল দিয়ে চোখে ঘষে নেওয়াই সঠিক নিয়ম। এভাবে অলিভ অয়েল ব্যবহারে সঙ্গে সঙ্গে মেইকআপ উঠে যায়”- পরামর্শ দেন তিনি।

অলিভ অয়েল প্রাকৃতিক, পরিশোধিত নয় এবং ত্বকে ব্রণ সৃষ্টি করে না। বরং এটি ত্বককে কোমল এবং নমনীয় রাখে।

নারিকেল তেল: শুষ্ক ত্বকের জন্য বিকল্প

যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ব্লু ওয়াটার স্পা’র প্রতিষ্ঠাতা এবং অ্যাসথেটিশিয়ান র‌্যাচেল লোজিনা একই প্রতিবেদনে বলেন, “তেল ত্বকের ময়লা ও মেইকআপ গলিয়ে দেয়। তারপর ক্লিনজার ব্যবহার করলেই সব পরিষ্কার হয়ে যায়।”

যদিও এই বিশেষজ্ঞর ব্যক্তিগত পছন্দ অলিভ অয়েল। তবুও হাতের কাছে না থাকলে নারিকেল তেলও দারুণ বিকল্প।

তবে এটি ‘ড্রাই’ বা শুষ্ক ত্বকের জন্য ভালো। ব্রণ আছে বা তৈলাক্ত ত্বকের জন্য নয়। এছাড়া পুরোপুরি পরিষ্কার করে ধুয়ে ফেলাটা জরুরি।

জোজোবা অয়েল: নরম যত্নে ত্বক পরিষ্কার

ফ্লোরিডা’র ‘অ্যাস্থেটিক স্কিনকেয়ার’-এর প্রতিষ্ঠাতা এবং অ্যাসথেটিশিয়ান অ্যালেক্সিস প্রফপার বলেন, “জোজোবা অয়েল ত্বকের প্রাকৃতিক সেবামের (তেল) সঙ্গে অনেকটা মিল রাখে। ফলে এটি নন-কমেডোজেনিক অর্থাৎ এটি ব্রণ সৃষ্টি করে না।”

এই তেল দিয়ে সহজেই মেইকআপ, ধুলাবালি ও অপ্রয়োজনীয় তেল পরিষ্কার করা যায়। আর ত্বকের স্বাভাবিক আর্দ্রতা অক্ষুণ্ণ থাকে। তৈলাক্ত এবং ব্রণ-প্রবণ ত্বকের জন্যও এটি নিরাপদ।

তেল ও এক চিমটি বেইকিং সোডা: সিলিকন বেসের জন্য কার্যকর

শিকাগো’র মেইকআপ বিশেষজ্ঞ এলিনা ফেডোটোভা বলেন, “সাধারণ তেলের সঙ্গে এক চিমটি বেইকিং সোডা মিশিয়ে নিন। এটি বিশেষ করে সিলিকন ভিত্তিক ফাউন্ডেশন তুলতে কার্যকর। তবে চোখের চারপাশে ব্যবহার করা যাবে না।”

অলিভ, নারিকেল অথবা জোজোবা- যে কোনো তেলেই কাজ চলবে। তবে ভালোভাবে ধুয়ে নেওয়াটা জরুরি।

মাইসেলার ওয়াটার: বোতলের ভেতরে যাদু

মাইসেলার ওয়াটার নাম শুনলেই বোঝা যায় এটি জলীয় এবং তৈলাক্ত উপাদানের মিশ্রণ।

র‌্যাচেল লোজিনা বলেন, “মাইসেলার ওয়াটার মূলত ‘অয়েল সাসপেন্ডেড সফট ওয়াটার’, যা ত্বকের ওপরের অতিরিক্ত তেল, ধুলা ও মেইকআপ তুলে ফেলে সহজেই।”

এটি যদি ঘরে থাকে তাহলে মেইকআপ রিমুভার হিসেবে পুরোপুরি আদর্শ।

অ্যালো ভেরা: প্রশান্তি ও কোমলতার স্পর্শ

অ্যালেক্সিস প্রফপার বলেন, “হালকা মেইকআপ তুলতে চাইলে অ্যালো ভেরা জেল দারুণ কাজ করে। এটি ত্বককে শীতল করে এবং তাজা রাখে।”

তুলার প্যাড বা আঙ্গুলে অ্যালো ভেরা জেল নিয়ে মুখে আলতো করে ম্যাসাজ করতে হবে। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তবে ‘ওয়াটার প্রুফ’ বা পানিরোধক মেইকআপের ক্ষেত্রে এটি খুব একটা কার্যকর নয়।

উইচ হেইজল: তৈলাক্ত ত্বকের বন্ধু

তৈলাক্ত ত্বকের জন্য একটি দারুণ উপাদান হল উইচ হেইজল।

র‌্যাচেল লোজিনা বলেন, “এটি একটি অ্যাস্ট্রিনজেন্ট উপাদান। ফলে এটি ত্বককে টানটান করে এবং তেল মুছতে সাহায্য করে।”

তবে শুষ্ক বা সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে ব্যবহারের পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। উইচ হেইজল তরল আকারে পাওয়া যায়। ‘হ্যামামেলিস ভার্জিনিয়ানা’ গাছের পাতা, ছাল এবং ডালের নির্যাস থেকে এটি তৈরি হয়।

ওট ফ্লাওয়ার, পানি ও মধু: মেইকআপ রিমুভার স্ক্রাব

এলিনা ফেডো্টোভা’র মতে, “এক চামচ মধু, এক চতুর্থাংশ কাপ পানি এবং এক চতুর্থাংশ কাপ ওটস ফ্লাওয়ার মিশিয়ে তৈরি করা মিশ্রণ মেইকআপ রিমুভার হিসেবে দারুণ। এটি মুখে ১০ মিনিট রেখে হালকা ম্যাসাজ করে তুলে ফেলতে হবে।”

ওটসে-এর দানাগুলো স্ক্রাবের কাজ করে। আর মধু ত্বকে প্রদাহ কমাতে সাহায্য করবে।

আরও পড়ুন

চোখের মেইকআপ তুলতে নারিকেল তেল

ত্বকের ধরন বুঝে মেইকআপ রিমুভার

নিজেই তৈরি করুন মেইকআপ রিমুভার