Published : 14 Jul 2025, 05:53 PM
চুল ঘাড়ে লেপ্টে গেছে, কাপড় ভিজে যাচ্ছে আর ঘামে গলে যাচ্ছে সাজ— এই চিত্র গরমের দিনে অনেকেরই পরিচিত। অথচ সাজটা ঠিকঠাক থাকলে মনটাও চাঙা থাকে।
তবে রোদের তাপে ত্বক ঘেমে উঠলেও কীভাবে টিকিয়ে রাখা যায় মেইকআপ?
মেইকআপ শিল্পীরা গরমেও মেইকআপকে নিখুঁত রাখার নানা পরামর্শ দেন, বিশেষত যখন দিনের বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়।
মেইকআপ দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন
গরমে ত্বকের ওপর অতিরিক্ত প্রসাধনী জমলে তা সহজেই গলে যায় বা চিটচিটে দেখায়।
মেইকআপ বিশেষজ্ঞ ও ‘জারা’স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টার’য়ের প্রধান ফারহানা রুমি পরামর্শ দেন, “ব্রাশে আগে থেকে হালকা ফাউন্ডেশন নিয়ে তারপর মুখে লাগাতে। এতে করে পাতলা ও মসৃণ একটি স্তর তৈরি হয়, যা গরমেও ত্বকে টিকে থাকে।”
তিনি বলেন, “প্রসাধনী ব্রাশে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর মুখে লাগালে ভারী দেখায় না এবং ঘামে গলে যাওয়ার আশঙ্কাও থাকে না।”
সেটিং স্প্রে ব্যবহার স্তরে স্তরে
সেটিং স্প্রে শুধু মেইকআপ সেট করতেই নয়, ঘামরোধেও কার্যকর। এটি সৌন্দর্য রুটিনের অপরিহার্য অংশ।
তবে শুধু একবার স্প্রে করলেই হবে না। তিন ধাপে স্প্রে করতে হবে। প্রথমবার সানস্ক্রিন দেওয়ার পর। দ্বিতীয়বার কনসিলার ব্যবহারের পর। আর তৃতীয়বার পুরো মেইকআপ সম্পন্ন হওয়ার পর।
“প্রতিটি স্তর আলাদাভাবে স্প্রে করলে মেইকআপ লম্বা সময় স্থায়ী হয় এবং গরমে ঘামলেও সেটা নষ্ট হয় না”- বলেন এই রূপ বিশেষজ্ঞ।
ত্বকের প্রস্তুতিতে ভুল করা যাবে না
অনেকে মনে করেন তৈলাক্ত ত্বকে গরমে ময়েশ্চারাইজার প্রয়োজন নেই। তবে ময়েশ্চারাইজার না দিলে ত্বক আরও বেশি তেল উৎপাদন করে। এর ফলে মেইকআপ আরও তাড়াতাড়ি গলে যেতে পারে।
ফারহানা রুমি বলেন, “গরমে মেইকআপ ত্বকে না বসার প্রধান কারণ হল— ত্বকের ওপরের স্তর পানিশূন্য হয়ে পড়া।”
এ কারণে তিনি প্রতিবার মেইকআপের আগে ভালোভাবে ত্বক পরিষ্কার করে হালকা ময়েশ্চারাইজার ব্যবহারের পরামর্শ দেন।
এছাড়াও ময়েশ্চারাইজারের সঙ্গে তেল নিয়ন্ত্রণকারী প্রাইমার মিশিয়ে বিশেষ করে ‘টি-জোন’ অংশে লাগালে ঘাম কম হয় এবং মেইকআপ দীর্ঘস্থায়ী হয় বলে, এই রূপবিশেষজ্ঞ পরামর্শ দেন।
চোখের পাতায় প্রাইমার ব্যবহার
চোখের পাতায় অনেকেরই ঘাম বেশি হয়, বিশেষ করে গরমে। ফলে আইশ্যাডো গলে গিয়ে অদ্ভুত দেখায়। এর সমাধান দিতে একটি কৌশলের কথা বলেছেন এই রূপ বিশেষজ্ঞ।
তিনি বলেন, “একটি শুকনো স্পঞ্জে ম্যাট সেটিং স্প্রে নিয়ে হালকাভাবে চোখের পাতায় চাপ দিন। তারপর আইশ্যাডো লাগান। এতে চোখের পাতার তেলের প্রভাব কমে এবং আইশ্যাডো বেশি সময় স্থায়ী হয়। এভাবে কাজল গলে চোখের নিচে ছড়িয়ে পড়ার ঝুঁকিও থাকে না।”
ঠাণ্ডা স্পঞ্জ দিয়ে মিশিয়ে দেওয়া
মেইকআপের স্থায়ীত্ব বাড়াতে ও মুখের রং সমান করতে ফাউন্ডেশন ও কনসিলার দেওয়ার পর একটি ঠাণ্ডা, ভেজা স্পঞ্জ দিয়ে হালকাভাবে চাপ দিয়ে মিশিয়ে নিতে হবে।
এতে অতিরিক্ত প্রসাধনী ত্বক থেকে উঠে যায় এবং ত্বকের সঙ্গে সহজে মিশে যায়। তাছাড়া ঠাণ্ডা স্পঞ্জ ত্বককে আরাম দেয় এবং লালভাবও কমায়।
সাথে রাখতে হবে পাউডার
সব চেষ্টা করেও যদি গরমে মুখে ঘাম জমে যায় বা ত্বক তেলতেলে হয়ে পড়ে, তাহলে সাথে পাউডার রাখতে হবে। ছোট একটি পাউডার কেস, যার সঙ্গে আয়না থাকে, তা দিয়ে সহজেই মুখে টাচআপ করা যায়।
আবার পাউডার ছাড়াও তেল শোষণকারী ব্লটিং পেপারও রাখা যায়। এগুলো ত্বকের তেল টেনে নিয়ে তাৎক্ষণিকভাবে সতেজ ভাব এনে দেয়।
আরও পড়ুন