Published : 08 Apr 2026, 05:09 PM
‘ইন্ট্রোভার্ট’ বা অন্তর্মুখী আর ‘এক্সট্রোভার্ট’ বা বহির্মুখী- মানুষের চরিত্রের এই দুই ধরনের কথা প্রায় সবাই জানেন।
তবে আরেকটি বৈশিষ্ট্য রয়েছে যাকে বলা হয়- ‘অট্রোভার্ট’; যারা অন্তর্মুখী ও বহির্মুখীর মিশ্রণ।
মার্কিন মনোবিজ্ঞানি ডা. রামি কামিন্সকি এই বৈশিষ্ট্যের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন- এরা একা থাকতে ভালোবাসেন, আবার প্রয়োজনে মানুষের সঙ্গে চমৎকারভাবে মিশে যান।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনা বলেন, “অট্রোভার্ট’ ব্যক্তিরা ‘ইন্ট্রোভার্ট’ ও ‘এক্সট্রোভার্ট’ আচরণের মাঝখানের ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকেন। তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারেন, যা তাদের জীবনকে আরও নমনীয় ও সুষম করে তোলে।”
‘ইন্ট্রোভার্ট’ বা অন্তর্মুখী হলেন এমন ব্যক্তি, যারা নিজেদের ভেতরের জগত, চিন্তা ও ভাবনার ওপর মনোযোগ দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং একা বা অল্প মানুষের সান্নিধ্যে শক্তি বা মানসিক প্রশান্তি খুঁজে পান।
তারা লাজুক নন, তবে ভিড় বা সামাজিক আড্ডার চেয়ে নিরিবিলি পরিবেশ, গভীর সম্পর্ক এবং আত্মবিশ্লেষণ পছন্দ করেন।
‘এক্সট্রোভার্ট’ হলেন মিশুক, আত্মবিশ্বাসী এবং সামাজিক। যারা অন্যদের সঙ্গে সময় কাটিয়ে বা আড্ডায় শক্তি পান। তারা সহজেই মানুষের সঙ্গে কথা বলতে পারেন, নতুন বন্ধু তৈরি করতে পছন্দ করেন এবং দলের সামনে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
তারা নিজের অনুভূতি ও চিন্তা সহজে প্রকাশ করেন এবং একা থাকার চেয়ে মানুষের মাঝে থাকতেই বেশি ভালোবাসেন ।
‘অট্রোভার্ট’ যাদের বলা হয়
‘অট্রোভার্ট’ হলেন এমন মানুষ, যারা পুরোপুরি অন্তর্মুখীও নন, আবার পুরোপুরি বহির্মুখীও নন।
এরা দুইয়ের মাঝামাঝি এক সুন্দর ভারসাম্য বজায় রাখেন। একা থাকলে মনের শান্তি পান, আবার অর্থপূর্ণ সামাজিক যোগাযোগও উপভোগ করেন।
নতুন পরিবেশে প্রথমে চুপচাপ পর্যবেক্ষণ করেন। প্রয়োজন হলে সহজেই মিশে যেতে পারেন।
বৈশিষ্ট্য
ভারসাম্যপূর্ণ আচরণ: সবসময় একা থাকতে চান না, আবার সবসময় ভিড় বা আড্ডাও পছন্দ করেন না। পরিস্থিতি বুঝে নিজেকে মানিয়ে নেন।
পর্যবেক্ষণশীল ও গভীর চিন্তাশীল: মনোযোগ দিয়ে কথা শোনেন। বিষয়গুলোকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করেন। এলোমেলো চিন্তা করেন না।
ভালো শ্রোতা ও বক্তা: নিজের কথা বলার পাশাপাশি অন্যের কথাও মনোযোগ দিয়ে শোনেন। কথা বলার সময় সংক্ষিপ্ত ও অর্থপূর্ণ থাকেন।
মানসিক স্বস্তি: নিজের একান্ত সময় উপভোগ করেন, আবার সামাজিক অনুষ্ঠানেও স্বচ্ছন্দ থাকেন।
সহজে হতাশ হন না: পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেন।
‘অট্রোভার্ট’রা সৃজনশীল কাজে দক্ষ। গবেষণা, লেখালেখি, ডিজাইন বা নীতি তৈরির মতো কাজে তাদের পারদর্শিতা দেখা যায়।
“নেতৃত্বের গুণও আছে। তবে ক্রমাগত মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয় এমন নেতৃত্বে তারা স্বস্তি পান না। এর আত্মবিশ্বাসী, কিন্তু অহংকারী নন”- ব্যাখ্যা করেন ডা. দিনা।
‘অট্রোভার্ট’রা গভীর সম্পর্ক গড়ে তুলতে পারেন। তারা সততা বজায় রাখেন এবং বিশ্বাস ভাঙার প্রবণতা কম। সঙ্গীর কথা মন দিয়ে শোনেন। ভালোবাসার প্রকাশ হয়তো খুব জোরালো নয়, তবে কাজে-কর্মে বুঝিয়ে দেন।
অন্যদিকে যারা এই চুপচাপ থাকা ও একা সময় কাটানোকে সম্মান করেন, তার সঙ্গেই ‘অট্রোভার্ট’দের সম্পর্ক সুন্দর হয়।
অনেকে ভাবেন, ‘অট্রোভার্ট’ মানুষ লাজুক বা আত্মবিশ্বাসহীন। আসলে তারা লাজুক নন; বরং পরিস্থিতি বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ কাজে নিজেকে নিয়োজিত করেন। তাদের দর্শন ও চিন্তাভাবনা গভীর।
আরও পড়ুন
সহকর্মীর সঙ্গে ব্যক্তিত্বের সংঘাত সামলাতে