১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হঠাৎ উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, ফসল নিয়ে চিন্তা

তিস্তা ব্যারেজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2026, 12:15 AM

Updated : 11 Sep 2026, 03:26 PM

হঠাৎ করে উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এতে পলি বালুতে ভরাট হয়ে যাওয়া নদীর পানি দুই কুল ছাপিয়ে চরের জমি তলিয়ে দিয়েছে বলে জানিয়েছেন চরের কৃষকরা।

শুক্রবার সন্ধ্যা ৬টায় নীলফামারীতে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বিপৎসীমার (৫২.১৫) মাত্র দশমিক ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

তিস্তা ব্যারেজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, তিস্তার পানি গত ২৪ ঘণ্টায় ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছিল। 

এদিন সকাল হতে বিকাল পর্যন্ত তিস্তা সেচ প্রকল্পের অবকাঠানো পরিদর্শন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে তা নিয়ে ডালিয়ার ভিআইপি রেস্ট হাউস অবসরে মতবিনিময় সভা করেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবীব দুলু, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

ঠিক সেই সময় হতে তিস্তা নদীতে উজানের ঢল আসতে থাকে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা সর্তকীকরণ ও পূর্বাভাস কেন্দ্র জানায়, বৃহস্পতিবারের চেয়ে নদীতে ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শুক্রবার সন্ধ্যা ৬টায় ৫১.৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যা বিপৎসীমার (৫২.১৫) দশমিক ২০ সেন্টিমিটার নিচে ছিল। 

এর আগে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ শুক্রবার সকাল ৯টায় বিপৎসীমার দশমিক ৫১ (৫১.৬৪) সেন্টিমিটার নিচে ছিল। দুপুর ১২টায় আরও দুই সেন্টিমিটার (৫১.৬৬) বৃদ্ধি, বেলা ৩টায় ৮ সেন্টিমিটার (৫১.৭৪) বৃদ্ধি এবং দিনের সর্বশেষ পরিমাপে সন্ধ্যা ৬টায় ২১ সেন্টিমিটার (৫১.৯৫) পানি বৃদ্ধি পায়। যা বৃহস্পতিবারের চেয়ে ৫০ সেন্টিমিটার বেশি। 

নদীপাড়ের মানুষ ও পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানের বৃষ্টিপাতে পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বেড়েছে। যেহেতু বর্ষাকাল শুরু হয়েছে সেহেতু তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে।

চর খড়িবাড়ির কৃষক ইসমাইল হোসেন বলেন, তিস্তা নদীতে বালু ও পলির কারণে নদী ভরাট হয়ে গেছে। ফলে নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় চরের আবাদি জমিগুলো তলিয়ে যাচ্ছে। বর্তমানে জমিতে বাদামসহ বিভিন্ন শাক-সবজি রয়েছে। পানি দীর্ঘস্থায়ী হলে ফসলের ক্ষতি হবে।