Published : 17 Feb 2026, 05:14 PM
ফ্যাশন জগতে কিছু পোশাক থাকে যা সময়ের সঙ্গে কখনও পুরোপুরি হারিয়ে যায় না, বরং নতুনভাবে ফিরে আসে। ছেলে ও মেয়ে সবার জন্যই জিন্স এমন পোশাক।
যদিও জিন্সের আছে অনেক রকম ও ধরন। তাই ঘুরে ফিরে বিভিন্ন ছাঁটের জিন্স জনপ্রিয় হয়। এ সময়ে সিগারেট কাট জিন্স নতুন করে ক্ল্যাসিক ফ্যাশনে ফিরে এসেছে।
সরু কিন্তু একেবারে আঁটসাঁট নয়, সোজা নেমে আসা এই কাটের জিন্স আরাম ও ফ্যাশন দুটোই দেয়।
এই ধরনের জিন্স কোমর থেকে উরু পর্যন্ত শরীরের সঙ্গে সামান্য লেগে থাকে, তারপর হাঁটু থেকে নিচে সোজা নেমে আসে। ফলে এটি খুব আঁটসাঁটও নয়, আবার ঢিলেঢালাও নয়।
এই ভারসাম্যই বিভিন্ন গড়নের মানুষের জন্য উপযোগী করে তোলে।
জিন্সপ্রেমী শবনম মন্তব্য করেন, “অফিস, বাইরের কাজ, ভ্রমণ বা বন্ধুদের সঙ্গে আড্ডার আয়োজনে ক্যাজুয়াল পোশাক হিসেবে জিন্সকেই পছন্দ হিসেবে বেছে বেছে নেই। আর এক কাটের জিন্স পরলে আরামও লাগে আবার অস্বস্তিও তৈরি হয় না। এই কাটিংয়ের জিন্স চাইলে সব ধরনের জুতার সঙ্গেও মানিয়ে যায়।”
নিউ মার্কেটের জিন্স বিক্রেতা আলাউদ্দিন বলেন, “সব ধরনের জিন্সই শুধু কিছু দিন পরার মতো পোশাক নয়। বরং জিন্স দীর্ঘদিন পরা যায়। তাই এটি স্থায়ী পোশাক।”
তার মতে, এ সময়ে এক কাট বা সরু কাটিংয়ের সিগারেট কাট জিন্স জনপ্রিয় হচ্ছে, যা সঠিকভাবে ব্যবহারে একই সঙ্গে আরামদায়ক ও পরিপাটি লুক দেয়।
সিগারেট কাট জিন্স আসলে কেমন
এই ধরনের জিন্স কোমর পর্যন্ত উঁচু হয়। তারপর উরু পর্যন্ত সামান্য ফিট থাকে। আর হাঁটু থেকে নিচে সোজা নামে। ফলে এটি খুব আঁটসাঁটও নয়, আবার ঢিলেঢালাও নয়। এই ভারসাম্যের কারণেই এটি প্রায় সব ধরনের শরীরের গড়নের সঙ্গে মানিয়ে যায়।
এই ছাঁটের জিন্সের বড় সুবিধা হল, একই সঙ্গে দৈনন্দিন ব্যবহার, অফিসে যাওয়া কিংবা বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডায় যাওয়ার জন্যও উপযোগী।
সামান্য সাজ বদলালেই এটি আনুষ্ঠানিক কিংবা ক্যাজুয়াল দুই ক্ষেত্রেই মানানসই হয়ে ওঠে- জানান ফ্যাশন বিশেষজ্ঞ লিপি খন্দকার।

নানান ধরনের জুতার সঙ্গে মানানসই
এই জিন্স জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হল, এটি প্রায় সব ধরনের জুতার সঙ্গে মানিয়ে যায়। সমতল জুতা বা হালকা জুতার সঙ্গে এটি পরলে ‘লুক’ হয় পরিপাটি ও স্বচ্ছন্দ।
আবার লম্বা বুটের ভেতরে ঢুকিয়েও এটি পরা যায়, যা শীতকালে উষ্ণতা ও ফ্যাশন দুইই বজায় রাখে।
এছাড়া দৈনন্দিন কাজ বা অফিসে যাওয়ার সময় আরামদায়ক জুতোর সঙ্গে এই জিন্স পরা যায়। কারণ এটি চলাফেরায় বাধা দেয় না।
ফলে এক ধরনের জিন্স দিয়ে বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন সাজ তৈরি করা যায়।
কেন এই কাট আবার জনপ্রিয় হচ্ছে?
ফ্যাশন বিশেষজ্ঞরা মনে করেন, পোশাক বাছাইয়ে এখন আরাম বড় বিষয় হয়ে উঠেছে। অনেকেই খুব আঁটসাঁট পোশাক এড়িয়ে চলতে পছন্দ করেন, আবার অতিরিক্ত ঢিলেঢালা পোশাকও সবার পছন্দ নয়।
সিগারেট কাট এই দুইয়ের মাঝামাঝি হওয়ায় এটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।
আবার অনেকেই এমন পোশাক খোঁজেন যা একাধিক মৌসুমে ব্যবহার করা যায়। এই ছাঁটের জিন্স গরম ও শীত দুই মৌসুমেই ব্যবহারযোগ্য হওয়ায় এর চাহিদা বাড়ছে।
বিভিন্ন গড়নের মানুষের জন্য উপযোগী
এই ছাঁটের জিন্সের আরেকটি বড় সুবিধা হল, এটি বিভিন্ন উচ্চতা ও শরীরের গঠনের মানুষের জন্য মানানসই।
যারা লম্বা, তাদের ওপর এটি দারুণ সোজা লাইন তৈরি করে। আবার উচ্চতা কম গড়নের মানুষও সঠিক দৈর্ঘ্য বেছে নিলে আরও পরিপাটি ও লম্বা দেখাতে সাহায্য করে।
কোমর উঁচু নকশার জিন্স পেটের অংশকে ধরে রাখে, ফলে শরীরের গঠন সুন্দরভাবে ফুটে ওঠে। আবার মাঝারি কোমরের নকশা প্রতিদিনের ব্যবহারে বেশি আরাম দেয়।
আরাম ও ব্যবহারিক দিক
এ ধরণের জিন্স তৈরিতে এমন কাপড় ব্যবহৃত হয়, যাতে সামান্য প্রসারণ ক্ষমতা থাকে। ফলে বসা, হাঁটা বা ওঠানামায় অস্বস্তি কম হয়। যদিও অনেক জিন্সকে শক্ত ও অস্বস্তিকর হলেও এই জিন্স অনেক বেশি নরম ও ব্যবহার-বান্ধব।
জিন্সে কাপড়ের গুণগত মানও গুরুত্বপূর্ণ। ভালো কাপড় হলে এটি দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং ধোয়ার পরও আকার নষ্ট হয় না।

কোন পোশাকের সঙ্গে মানায়?
সিগারেট কাট জিন্সের সঙ্গে ঢিলেঢালা শার্ট, ছোট কুর্তি, লম্বা কোট কিংবা সাধারণ টপ—সবই মানায়। শীতে সোয়েটার বা হালকা জ্যাকেটের সঙ্গে এটি খুব সুন্দরভাবে মানিয়ে যায়।
আবার গরমকালে হালকা পোশাকের সঙ্গে এটি স্বস্তিদায়ক।
“এছাড়া সামান্য ভাঁজ তুলে গোড়ালি দেখা যায় এমনভাবে পরলে সাজে আলাদা স্টাইল যোগ করে”- বলেন লিপি খন্দকার।
সঠিক জিন্স বাছাইয়ের কৌশল
জিন্স কেনার সময় শুধু নকশা নয়, কাপড়ের মান, কোমরের মাপ এবং দৈর্ঘ্যও গুরুত্বপূর্ণ।
“খুব লম্বা হলে নিচে ভাঁজ পড়ে যায়, আবার ছোট হলে সাজ অসম্পূর্ণ লাগে। তাই নিজের উচ্চতা অনুযায়ী দৈর্ঘ্য বেছে নেওয়া দরকার”- বলেন জিন্স বিক্রেতা আলাউদ্দিন।
একই সঙ্গে জিন্স যেন খুব আঁটসাঁট বা ঢিলেঢালা না হয়, হাঁটা বা বসার সময় আরাম বোধ হচ্ছে কিনা- সেটিও গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন