Published : 13 Jul 2026, 07:20 PM
কঠিন পরিস্থিতিতে কাউকে না জানিয়ে একাই লড়াই করা, প্রচণ্ড ক্লান্ত হয়েও দিনশেষে সব দায়িত্ব নিজের কাঁধে টেনে নেওয়া, কিংবা বন্ধুরা নিজে থেকে সাহায্যের হাত বাড়ালেও তা হাসিমুখে ফিরিয়ে দেওয়া- চারপাশে এমন অনেক মানুষ আছেন।
আপাতদৃষ্টিতে এই স্বভাবকে দৃঢ় ব্যক্তিত্ব এবং স্বাবলম্বী হওয়ার লক্ষণ মনে করা হয়। তবে মনোবিজ্ঞানের ভাষায়, নিজের ক্ষতি হচ্ছে জেনেও, অন্য কারও সাহায্য না নেওয়ার এই চরম জেদকে বলা হয় ‘টক্সিক ইন্ডিপেন্ডেন্স’ বিষাক্ত আত্মনির্ভরশীলতা।
‘আমেরিকান ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অব মেন্টাল ডিসঅর্ডারস (ডিএসএম)-এ এটিকে কোনো আনুষ্ঠানিক মানসিক ব্যাধি হিসেবে তালিকাভুক্ত করা না হলেও, এই স্বভাব একজন মানুষের মানসিক ও আবেগীয় স্বাস্থ্যকে ভেতরে ভেতরে দুমড়ে-মুচড়ে দেয়।
সুস্থ আত্মনির্ভরশীলতা বনাম বিষাক্ত আত্মনির্ভরশীলতা
নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন পার্ক সাইকোলজিক্যাল সার্ভিসেস-এর প্রতিষ্ঠাতা এবং লাইসেন্সপ্রাপ্ত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. ইয়াসমিন সাদ, সুস্থ স্বাবলম্বী হওয়া এবং টক্সিক ইন্ডিপেন্ডেন্সের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য টেনেছেন।
সেল্ফ ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, “সুস্থ আত্মনির্ভরশীল মানুষ নিজের যত্ন নেওয়ার পাশাপাশি প্রয়োজনে কোনো দ্বিধা ছাড়াই অন্যের ওপর ভরসা করতে পারেন। তবে টক্সিক ইন্ডিপেন্ডেন্সে আক্রান্ত ব্যক্তিরা যেকোনো মূল্যে অন্যের সাহায্য নেওয়াকে এড়িয়ে চলেন।”
ড. সাদ একটি বাক্যে বিষয়টি বুঝিয়ে বলেন, “সুস্থ আত্মনির্ভরশীলতা হল, একটি সচেতন পছন্দ। তবে বিষাক্ত আত্মনির্ভরশীলতা হল, টিকে থাকার একটি ‘কৌশল’।
কেন তৈরি হয় এই স্বভাব?
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের মনোবিদ এলিজাবেথ উইঙ্কলার একই প্রতিবেদনে বলেন, “এই বিষাক্ত স্বাবলম্বী হওয়ার বীজ সাধারণত রোপিত হয় শৈশবে। ছোটবেলায় যারা মা-বাবা বা অভিভাবকের কাছ থেকে অবহেলা, নিরাপত্তাহীনতা বা অনিয়মিত যত্ন পেয়ে বড় হয়, তারা ধরে নেয় যে পৃথিবীতে কেউ তাদের পাশে থাকবে না।”
উইঙ্কলার ব্যাখ্যা করেন, “শৈশবে অন্যের কাছে সাহায্য চাওয়াটা যাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়েছিল, তারা নিজেদের টিকিয়ে রাখতে অতিরিক্ত আত্মনির্ভরশীলতাকে হাতিয়ার হিসেবে বেছে নেয়।”
এছাড়া প্রাপ্তবয়স্ক জীবনে কোনো বড় ধরনের মানসিক আঘাত বা সম্পর্কে প্রতারণার শিকার হলেও মানুষ নিজেকে গুটিয়ে নিতে এই দেয়াল তৈরি করে।
বিষাক্ত আত্মনির্ভশিলতার ৫ লক্ষণ
ড. ইয়াসমিন সাদ এবং থেরাপিস্ট এলিজাবেথ উইঙ্কলারের তথ্য অনুযায়ী, অতিরিক্ত স্বাধীনচেতা স্বভাব কখন বিষাক্ত হয়ে ওঠে, তা ৫টি লক্ষণ দেখে চেনা যায়।
কখনও সাহায্য না চাওয়া: কর্মক্ষেত্রে ছোটখাটো প্রযুক্তিগত সমস্যা হোক, কিংবা ব্যক্তিগত জীবনে ‘ব্রেইকআপ’, চাকরি হারানো বা প্রিয়জনের মৃত্যুর মতো বড় ধাক্কা— এরা কখনই কারও কাছে সান্ত্বনা বা সাহায্য চান না।
নির্ভরশীলতাকে দুর্বলতা ভাবা: যারা অন্যের ওপর নির্ভর করে বা মনের কথা খুলে বলে সহজে কেঁদে ফেলেন, তাদেরকে এই ধরনের মানুষ করুণা করেন বা ছোট করে দেখেন।
ডা. সাদের মতে, “এদের কাছে অন্যের সাহায্য নেওয়া মানেই এক ধরনের ‘পরাজয় ও দুর্বলতা’।”
তীব্র একাকিত্ব ও ক্লান্তি: উইঙ্কলার বলেন, “গভীর সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক বিশ্বাস, দুর্বলতা প্রকাশ এবং একে অপরের ওপর কিছুটা নির্ভরশীলতার মাধ্যমে। তবে বিষাক্ত আত্মনির্ভরশিলতার কারণে মানুষ একাকিত্ব, চাপা ক্ষোভ ও বিষণ্ণতায় ভোগে এবং কর্মক্ষেত্রে সব কাজ একাই করতে গিয়ে মানসিক ক্লান্তির শিকার হয়।
নিয়ন্ত্রণ নেওয়ার প্রবল ইচ্ছা: অফিসের গ্রুপ প্রজেক্ট হোক বা বন্ধুদের সঙ্গে ভ্রমণ পরিকল্পনা, এরা ভাবেন তারা ছাড়া অন্য কেউ নিখুঁতভাবে কাজটি করতে পারবে না।
ডা. সাদের মতে, “অন্যদের ওপর ভরসা করতে না পারায় তারা সবসময়, সবকিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চান।”
নিজেকে বাঁচানোর দেয়াল: তারা সবসময় চারপাশের মানুষকে অবিশ্বাস করেন এবং ভাবেন কেউ তাদের ঠকাতে পারে।
ডা. সাদের ভাষায়, “টক্সিক ইন্ডিপেন্ডেন্স বাইরে থেকে দেখতে অত্যন্ত শক্তিশালী ও মজবুত মনে হলেও, এর ভেতরে থাকে চরম ক্লান্তি ও অবসাদ।”
এই চক্র থেকে মুক্তির উপায়
এই বিষাক্ত স্বাবলম্বীতার বৃত্ত ভেঙে জীবনকে কিছুটা সহজ করতে বিশেষজ্ঞরা দুটি মূল পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
মানসিকতার পরিবর্তন: ড. সাদ বলেন, “প্রথমে মনকে বোঝাতে হবে যে, অন্যের সাহায্য নেওয়া কোনো হুমকি বা লজ্জার বিষয় নয়। অতীতে সব কাজ একাই করতে গিয়ে যে মানসিক ও শারীরিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, তা ডায়েরিতে লিখুন এবং ভাবুন কেউ সাহায্য করলে কাজটি কতটা সৃজনশীল ও সহজ হত।”
ছোট পদক্ষেপে আগানো: স্নায়ুতন্ত্রকে অন্যের দেওয়া সাহায্য বা ভালোবাসা গ্রহণ করতে অভ্যস্ত করতে হবে। ছোট ছোট বিষয় দিয়ে শুরু করা যেতে পারে।
যেমন, কোনো বন্ধু কফির বিল দিতে চাইলে বা পরিবার কোনো উপহার দিলে তা কোনো সংকোচ বা 'বিনিময়ে কিছু দিতে হবে' এমন তাগিদ ছাড়াই আনন্দের সঙ্গে গ্রহণ করতে হবে।
“এটি ধীরে ধীরে মস্তিষ্ককে নতুন করে খাপ খাইয়ে নিতে শুরু করবে এবং অন্যের ওপর ভরসা করাকে নিরাপদ মনে করাবে”, বলেন ড. সাদ।
এই বিশেষজ্ঞদের আরও পরামর্শ
সব দায়িত্ব একাই কাঁধে নিয়ে ‘ট্রাজিক হিরো’ বা ‘হিরোইন’ হওয়ার নাম জীবন নয়।
ডা. সাদের ভাষায়, “যখন এই বিষাক্ত জেদের লাগাম কিছুটা আলগা করতে পারবেন, জীবন তখন অনেকটাই হালকা ও অর্থপূর্ণ মনে হবে। স্বাবলম্বী অবশ্যই থাকুন। তবে নিজেকে ভালোবেসে মাঝে মাঝে পাশে দাঁড়ানোতে অন্যদেরও সুযোগ দিন।”
আরও পড়ুন
ট্রমা বন্ডিং: কষ্ট পেয়েও যে সম্পর্ক ধরে রাখা হয়