Published : 28 Apr 2026, 03:28 PM
পরিবার গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল, তবে সব সদস্য সরল নাও হতে পারেন। পরিবারের ভেতরেই এমন কিছু সম্পর্ক তৈরি হয়, যা মানসিক ও আবেগিকভাবে ক্ষতি করতে পারে।
এই ধরনের সম্পর্ককে বলা হয় ‘বিষাক্ত সম্পর্ক’- যা দীর্ঘমেয়াদে আত্মসম্মান, মানসিক শান্তি এবং ব্যক্তিত্বের জন্য নেতিবাচক।
মানসিক সুস্থতা বিষয়ক প্রশিক্ষক তামারা লেভিট ‘কাম ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “নিজের অনুভূতিকে বোঝা এবং তা গুরুত্ব দেওয়া বিষাক্ত সম্পর্ক মোকাবিলার প্রথম ধাপ।”
তার মতে, নিজের অনুভূতিকে অস্বীকার করলে, সমস্যাটি আরও গভীর হয়।
বিষাক্ত পারিবারিক সম্পর্ক বলতে যা বোঝায়
বিষাক্ত পারিবারিক সদস্য বলতে এমন কাউকে বোঝায়, যার আচরণ বারবার মানসিকভাবে আঘাত করে।
এটি হতে পারে নিয়ন্ত্রণমূলক আচরণ, অতিরিক্ত সমালোচনা বা এমনভাবে কথা বলা যাতে নিজেকে ছোট মনে হয়।
এই ধরনের সম্পর্ক দীর্ঘদিন ধরে চলতে থাকলে মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্নতার কারণ হতে পারে। ধীরে ধীরে নিজের ওপর আস্থা হারাতে শুরু করে এবং নিজের মূল্যবোধ নিয়েও সন্দেহ তৈরি হয়।
যেভাবে বুঝবেন সম্পর্কটি বিষাক্ত
বিষাক্ত সম্পর্কের কিছু সাধারণ লক্ষণ রয়েছে, যা চিনতে পারলে পরিস্থিতি সম্পর্কে সচেতন হওয়া যায়।
যেমন- কেউ যদি বারবার অপরাধবোধে ভোগায়, সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে চায় বা অনুভূতিকে গুরুত্ব না দেয়— তাহলে সেটি সতর্ক সংকেত হতে পারে।
অনেক সময় এমন মানুষ নিজের স্মৃতি বা অভিজ্ঞতা নিয়েও সন্দেহে ফেলতে পারে। আবার কেউ কেউ ইচ্ছাকৃতভাবে অপ্রয়োজনীয় নাটক বা বিরোধ তৈরি করে, যা মানসিক অস্থিরতা বাড়ায়।
সীমারেখা নির্ধারণের গুরুত্ব
বিষাক্ত সম্পর্ক মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায় হল- নিজের সীমারেখা নির্ধারণ করা।
কোন আচরণ মেনে নেবেন না, তা স্পষ্টভাবে জানানো জরুরি।
তামারা লেভিটের মতে, “সীমারেখা নির্ধারণ মানে কাউকে দূরে ঠেলে দেওয়া নয়, বরং নিজের মানসিক নিরাপত্তা নিশ্চিত করা। যদি কারও আচরণে অস্বস্তি বোধ করেন, তাহলে তা প্রকাশ করা নিজের অধিকার।”
যে কারণে দূরত্ব তৈরি করা প্রয়োজন
যদি কোনো সম্পর্ক বারবার আঘাত করে, তাহলে সেই সম্পর্ক থেকে কিছুটা দূরত্ব তৈরি করা প্রয়োজন হতে পারে। এর মানে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করা নয়, বরং নিজের জন্য একটি নিরাপদ জায়গা তৈরি করা।
একই বাড়িতে থাকলেও আলাদা সময় কাটানো, নিজের মতো কিছু করা এসব ছোট পদক্ষেপও মানসিক স্বস্তি এনে দিতে পারে।
সহায়তা নেওয়ার গুরুত্ব
বিষাক্ত সম্পর্কের মধ্যে থাকলে অনেক সময় মানুষ নিজেকে একা মনে করে। তবে এই সময়ে অন্যদের সহায়তা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
“বন্ধু, আত্মীয় বা পেশাদার পরামর্শদাতা যে কেউ আপনার কথা শুনতে পারে এবং মানসিকভাবে সমর্থন দিতে পারে”- পরামর্শ দেন তামারা লেভিট।
তিনি আরও বলেন, “সহানুভূতি পাওয়া মানসিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। এটি মানুষকে বুঝতে সাহায্য করে যে সে একা নয়।”
নিজের যত্ন নেওয়া
বিষাক্ত সম্পর্কের প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে হলে, নিজের যত্ন নেওয়া অপরিহার্য। এমন কাজ করা যা নিজেকে আনন্দ দেয়, যেমন- বই পড়া, ব্যায়াম করা বা সৃজনশীল কোনো কাজে যুক্ত হওয়া।
শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, ধ্যান বা নীরব সময় কাটানো— এসবও মানসিক চাপ কমাতে সাহায্য করে। নিয়মিত নিজের জন্য সময় বের করা নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে।
নিজেকে দোষ না দেওয়া
বিষাক্ত সম্পর্কের একটি বড় প্রভাব হল, মানুষ নিজেকেই দোষ দিতে শুরু করে। তবে মনে রাখা জরুরি অন্যের আচরণের জন্য নিজে দায়ী নন।
তামারা লেভিটের মতে, “সচেতনভাবে নিজেকে শান্ত রাখা এবং পরিস্থিতিকে ব্যক্তিগতভাবে না নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এতে করে মানসিকভাবে স্থির থাকা যায়।”
চাপ সামলানোর কৌশল
মানসিক চাপ মোকাবিলার জন্য কিছু কার্যকর কৌশল রয়েছে। যেমন- নিয়মিত ডায়েরি লেখা, নিজের অনুভূতি প্রকাশ করা বা ইতিবাচক বাক্য নিজেকে মনে করিয়ে দেওয়া।
ধ্যান ও মননশীলতা চর্চা মানুষকে বর্তমান মুহূর্তে থাকতে সাহায্য করে, যা উদ্বেগ কমাতে কার্যকর।
কখন সম্পর্ক থেকে সরে আসবেন?
সব চেষ্টা করার পরও যদি কোনো সম্পর্ক নিজের জন্য ক্ষতিকর থেকে যায়, তাহলে সেই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে হতে পারে। এটি একটি কঠিন তবে প্রয়োজনীয় সিদ্ধান্ত।
এই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের জীবনে- এর প্রভাব মূল্যায়ন করা জরুরি। যদি মনে হয় যে সম্পর্কটি বারবার কষ্ট দিচ্ছে এবং সীমারেখা মানা হচ্ছে না, তাহলে দূরে সরে যাওয়াই হতে পারে সঠিক পথ।
সিদ্ধান্ত নেওয়ার সময় করণীয়
এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সময় বিশ্বস্ত মানুষের পরামর্শ নেওয়া সহায়ক হতে পারে। তারা বাস্তবতা বুঝতে সাহায্য করবে এবং মানসিকভাবে সমর্থন দেবে।
সিদ্ধান্তটি জানাতে হলে শান্ত ও দৃঢ়ভাবে নিজের অবস্থান প্রকাশ জরুরি। এতে অপ্রয়োজনীয় বিরোধ এড়ানো সম্ভব।
অপরাধবোধ সামলানো
পরিবার বা সেই সদস্যের থেকে দূরে সরে আসার সিদ্ধান্তে অনেক সময় অপরাধবোধ কাজ করে। তবে মনে রাখতে হবে নিজের মানসিক সুস্থতা রক্ষা করা কোনো স্বার্থপরতা নয়।
সমাজ বা প্রচলিত ধারণা অনেক সময় পরিবারকে অগ্রাধিকার দিতে বলে, তবে নিজের সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ।
নতুনভাবে নিজেকে গড়ে তোলা
বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়। ইতিবাচক মানুষদের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং নিজের পছন্দের কাজগুলোতে মন দেওয়া এই সময় খুবই সহায়ক।
এতে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আসে এবং জীবন আরও অর্থবহ হয়ে ওঠে।
আরও পড়ুন
যেসব বিষাক্ত অভ্যাসে হারাচ্ছে জীবনের মান