Published : 13 Jul 2026, 08:08 PM
বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতিতে দেশজুড়ে চলা এইচএসসি ও সমমানের পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়েছে ছাত্রদল।
সোমবার এক বিবৃতিতে ছাত্রদল বলছে, অতি বর্ষণ, সাতটি জেলায় পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় লাখ লাখ পরীক্ষার্থীর প্রস্তুতি ব্যাহত হয়েছে। সামগ্রিক নিরাপত্তা ঝুঁকি, মানসিক ও মানবিক বিপর্যয় এবং চরম যাতায়াত প্রতিকূলতার কথা বিবেচনা করে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা প্রয়োজন।
সংবাদমাধ্যমগুলোর খবরের বরাতে বিবৃতিতে বলা হয়, “সাতটি জেলায় বন্যায় ইতোমধ্যে ২ লাখ ৬৭ হাজার ৯১৮ পরিবার সম্পূর্ণ পানিবন্দি হয়ে পড়েছে। ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
“এই বিপুল ক্ষয়ক্ষতির পাশাপাশি উপদ্রুত এলাকার অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের পক্ষে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।”
ছাত্রদল বলছে, এ অবস্থায় পরীক্ষা সাময়িক পিছিয়ে দিলে শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা ও স্বস্তি হবে। লাখ লাখ মানুষ বিপর্যস্ত থাকায় অসংখ্য শিক্ষার্থীর বইখাতা ও প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় পরীক্ষায় বসলে বন্যা উপদ্রুত এলাকার শিক্ষার্থীরা মানসিকভাবে পিছিয়ে পড়বে, যা তাদের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলবে।
বন্যাকবলিত এলাকার পরীক্ষার্থী ও সাধারণ মানুষকে মানবিক সহায়তা ও স্থানীয় প্রশাসনের পাশে থেকে দুর্যোগ মোকাবিলায় অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।