Published : 10 Dec 2025, 07:15 PM
রঙিন সুতোয় বোনা হাজারো গল্প, ছন্দময় তাঁতের ঠুকঠুক আওয়াজ আর কারিগরের নিখুঁত হাতের কাজ— এই তিন’য়ের মেলবন্ধনেই জন্ম নেয় তাঁত শাড়ি।
গ্রামের তাঁতঘর থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চ পর্যন্ত যাত্রা করা এই শাড়ি আধুনিক ফ্যাশনের অংশ হয়েও নিজের শিকড় আঁকড়ে আছে দৃঢ়ভাবে।
বিয়ের কনের সাজ হোক কিংবা অফিসের পোশাক সব জায়গাতেই তাঁত শাড়ি তৈরি করছে আলাদা পরিচয়ের স্টাইল স্টেটমেন্ট।
টাঙ্গাইলের তাঁত শাড়ি
তাঁতশিল্পের প্রাণকেন্দ্র টাঙ্গাইল জেলার শাড়ির ঐতিহ্য কয়েকশ বছরের পুরানো।
“টাঙ্গাইলের তাঁত শাড়ির মূল বৈশিষ্ট্য হল- নরম সুতো, হালকা বুনন, আর পরিমিত নকশার শৈল্পিক ব্যবহার”- মন্তব্য করেন কে ক্রাফটের কর্ণধার খালিদ মাহমুদ খান।
একসময় ঘরোয়া ব্যবহারের জন্য তৈরি হলেও সময়ের সঙ্গে সঙ্গে নকশা ও রংয়ে বদল এসেছে, যোগ হয়েছে আধুনিক মোটিফ ও নতুন টেক্সচার।
গ্রামীণ কারিগরদের দক্ষতায় টাঙ্গাইলের তাঁত শাড়ি কেবল পোশাক নয়, বরং জাতীয় ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
ইউনেস্কোর স্বীকৃতি
বাংলাদেশের তাঁতশিল্প ইউনেস্কোর ‘ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেইজ’ স্বীকৃতি পাওয়ায় এই শিল্প নতুন করে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে।
স্বীকৃতিটি শুধু তাঁত শাড়ির ঐতিহ্য সংরক্ষণই নিশ্চিত করেনি, বরং কারিগরদের শ্রমের বৈশ্বিক স্বীকৃতিও দিয়েছে। তাই তাঁত শিল্প এখন আর কেবল স্থানীয় বাজারে সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের সংস্কৃতি প্রদর্শনের অন্যতম মাধ্যমেও রূপ নিল।
যা তাঁতের প্রতি ভালোবাসা ও একে ধারণ করতে অনুপ্রাণিত করবে, পাশাপাশি টেকসই ফ্যাশনকেও সামনে বিয়ে আসবে।
ফ্যাশন হাউজ কে ক্রাফটের উদ্যোক্তা খালিদ মাহমুদ খান বলেন, “তাঁত শাড়ি বা যে কোনো পোশাক পরার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নিজের ব্যক্তিত্ব আর যেখানে যাচ্ছেন সেই অনুষ্ঠানের ধরন বোঝা। সবার জন্য এক রকম স্টাইল মানানসই হয় না। কেউ স্বল্প গয়নায় সংযত লুক পছন্দ করেন, কেউ আবার ভারী সাজে স্বাচ্ছন্দ্যবোধ করেন। নিজের স্টাইল নিজে বুঝে পোশাক বহন করাই আসল ফ্যাশন।”
তার মতে, তাঁত শাড়ির সবচেয়ে বড় সৌন্দর্য হল— এটি যেভাবে পরিধান করা হয়, সেই ভঙ্গির মধ্য দিয়েই আলাদা স্টেটমেন্ট তৈরি করতে পারে।
বিয়ে ও আনুষ্ঠানিক আয়োজনে
বিয়ে, গায়েহলুদ, রিসেপশন কিংবা পারিবারিক অনুষ্ঠানে ভারী পাড়ের তাঁত শাড়ি হতে পারে নিখুঁত পছন্দ।
রেশমি বা সিল্ক ব্লাউজ, বড় ঝুমকা, সোনালি বা কুন্দনের গয়না এবং খোঁপায় ফুল— সব মিলিয়ে শাড়ির ঐতিহ্যবাহী সৌন্দর্য ফুটে ওঠে রাজকীয় সাজে।

উৎসব আয়োজনে
পহেলা বৈশাখ, দুর্গাপূজা বা ঈদের মতো উৎসবে উজ্জ্বল রংয়ের তাঁত শাড়ি মানায় সবচেয়ে ভালো।
“কনট্রাস্ট ব্লাউজ, অক্সিডাইজড গয়না, কপালে টিপ আর হালকা মেইকআপ মিলিয়ে তৈরি করা যায় আধুনিক কিন্তু আদি সাজ। রংয়ের খেলাই এসব অনুষ্ঠানে তাঁত শাড়িকে আলাদা মাত্রা দেয়”- বলেন খালিদ।
অফিস বা সেমি-ফরমাল অনুষ্ঠানে
অফিসের আনুষ্ঠানিকতা বা লাঞ্চ পার্টিতে সংযত ও মার্জিত লুকই মানানসই।
নরম রংয়ের সাধারণ নকশার তাঁত শাড়ি, সলিড ব্লাউজ এবং ছোট কানের দুল বা পাতলা চেইনের মতো মিনিমাল গয়না সাজকে রাখে পরিপাটি ও আধুনিক।
এতে যেমন পেশাদারিত্ব বজায় থাকে, তেমনি দেশীয় স্টাইলের ছোঁয়াও স্পষ্ট থাকে।
ক্যাজুয়াল আড্ডা বা কফি আয়োজনে
তাঁত শাড়িকে চাইলে একেবারেই হালকা ও তারুণ্য-ছোঁয়া স্টাইলেও বহন করা যায়।
খালিদের পরামর্শ, “ছোট হাতার সুতি ব্লাউজ, স্লিং ব্যাগ, ফ্ল্যাট স্যান্ডেল বা জুত্তি— এই সাজ তরুণদের কাছে ভীষণ জনপ্রিয়। খোলা চুল বা হাফ-বান রাখলে লুক হয় আরও স্বচ্ছ ও প্রাণবন্ত।”

আধুনিক ফিউশন স্টাইল
পোশাক নকশাকর হিসেবে খালিদ নিজের অভিজ্ঞতা থেকে বলেন, “ফিউশন সাজে তাঁত শাড়ির নতুন রূপ পাওয়া যায়। বেল্ট ব্যবহার করে শাড়ির ভাঁজকে দেওয়া যায় আধুনিক কাঠামো, জ্যাকেট-স্টাইল ব্লাউজ বা কেপ-শ্রাগ যোগ করলে তৈরি হয় অভিনব ‘লুক’।
বিশেষ করে ফ্যাশন সম্পর্কিত বা সৃজনশীল আয়োজনে এই ধরনের স্টাইল নজর কাড়ে সহজেই।
ঐতিহ্য ধরে রেখে নিজস্ব স্টাইল
খালিদ মনে করেন, “নিজের ব্যক্তিত্ব ও অনুষ্ঠানের ধরন বুঝে শাড়ি বহন করলে সেটাই হয়ে ওঠে নিজস্ব ফ্যাশন। আর তাঁত শাড়ির অনন্য সৌন্দর্যই হল শিকড়কে আঁকড়ে ধরে আধুনিকতার স্পর্শ যোগ করা।”
ইউনেস্কো স্বীকৃত তাঁত শাড়ি দেশিয় সংস্কৃতিরই প্রতিচ্ছবি। মানানসই ব্লাউজ, গয়না, জুতা ও স্টাইলিংয়ের সঠিক সমন্বয়েই তাঁত শাড়িকে নানান রূপে তুলে ধরা সম্ভব।
আরও পড়ুন