Published : 08 Jul 2026, 03:25 PM
মানিকগঞ্জের শিবালয়ে বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চীনা মালিকানাধীন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি-বিডি প্রতিষ্ঠানের শ্রমিকরা।
পরে উপজেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে চার ঘণ্টা পর তারা অবরোধ প্রত্যাহার করলে দুপুর ১টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
বুধবার সকাল ৯টা থেকে উপজেলার নবগ্রাম এলাকায় এ কর্মসূচি শুরু হয় বলে জানান মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে- সরকারি গেজেট অনুযায়ী ন্যায্য বেতন-ভাতা নিশ্চিত করা এবং কোম্পানির এক কর্মকর্তাকে অপসারণ।
এদিন সকাল থেকে অবরোধের কারণে মহাসড়কে উভয়পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তারা সরকারি গেজেট অনুযায়ী বেতন পাচ্ছেন না। এ ছাড়া বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। একাধিকবার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনও সমাধান না হওয়ায় তারা সড়কে নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। পরে তাদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, মহাসড়ক অবরোধের পর থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে আলোচনা শেষে পরিস্থিতি স্বাভাবিক এবং যান চলাচল শুরু হয়।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মণিষা রানী কর্মকার বলেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধানে কাজ করা হচ্ছে।