২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গালে পতাকার আলপনা আঁকাতে সাবধানতা

সব ধরনের রং ত্বকের জন্য নিরাপদ নয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2026, 03:34 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

চলছে ফুটবল বিশ্বকাপ। আর প্রিয় দলের খেলার সময়ে ভক্তদের মধ্যে তৈরি হয় উৎসবের আমেজ। সেই আনন্দে শিশুরাও বাদ যায় না।

প্রিয় দেশের জার্সি পরা, পতাকা হাতে ছবি তোলা, গালে পতাকার আলপনা আঁকা বা টিএসসি চত্ত্বরে খেলা দেখা- সবই ফুটবল বিশ্বকাপ উৎসবের অংশ হয়ে উঠেছে।

তাই অনেক অভিভাবকও সন্তানের আনন্দ বাড়াতে তাদের মুখে বিভিন্ন রংয়ে পতাকা বা নকশা এঁকে দেন।

তবে এখানেই দরকার সতর্কতা। কারণ মুখের ত্বক শরীরের সংবেদনশীল অংশগুলোর একটি।

“নিম্নমানের রং, ভুল উপায়ে ব্যবহার কিংবা দীর্ঘ সময় রং রেখে দিলে ত্বক, চোখ এমনকি শিশুদের শ্বাসপ্রশ্বাসেরও নানান সমস্যা দেখা দিতে পারে”, বলেন সরকারি কর্মচারী হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান কামরুল হাসান।

বড়দের চেয়েও শিশুদের সমস্যা বেশি হতে পারে

শিশুদের ত্বক প্রাপ্তবয়স্কদের তুলনায় পাতলা ও কোমল। ত্বকের সুরক্ষাব্যবস্থা পুরোপুরি পরিপক্ব না হওয়ায় রাসায়নিক পদার্থ সহজেই ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে।

“তাই যে রং বড় মানুষের ত্বকে সমস্যা সৃষ্টি না-ও করতে পারে, সেটিই শিশুর ত্বকে অ্যালার্জি, জ্বালাপোড়া বা প্রদাহের কারণ হতে পারে”- বলেন এই চিকিৎসক।

বিশেষ করে যে শিশুর আগে থেকেই অ্যালার্জি, একজিমা বা সংবেদনশীল ত্বকের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।

মুখে যে কোনো রং ব্যবহার করা ঠিক নয়

অনেকেই পোস্টার রং, অ্যাক্রিলিক রং, জলরং বা কারুশিল্পে ব্যবহৃত রং দিয়েই মুখে আলপনা এঁকে দেন। এটি একেবারেই নিরাপদ নয়।

এসব রং ত্বকের জন্য তৈরি করা হয় না। অনেক ক্ষেত্রে এতে ভারী ধাতু, কৃত্রিম রঞ্জক, সংরক্ষণকারী রাসায়নিক বা অন্যান্য ক্ষতিকর উপাদান থাকতে পারে।

শিশুর মুখে কেবল ত্বকে ব্যবহারের জন্য অনুমোদিত এবং নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ ‘ফেইস পেইন্ট’ ব্যবহার করা উচিত।

ডা. কামরুল বলেন, “ছোট বা বড় যেই হোক, রং করার আগে ত্বক উপযোগী কি-না, উপাদান কী এবং মেয়াদ আছে কি-না, এসব বিষয় অবশ্যই যাচাই করে নেওয়া উচিত।” 

রংয়ের মান যাচাই করা

নিজেই ফেইস পেইন্ট কিনলে পণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, উপাদানের তালিকা এবং ব্যবহারের নির্দেশনা স্পষ্টভাবে লেখা আছে কি-না, তা যাচাই করা প্রয়োজন।

অপরিচিত বা খোলা অবস্থায় বিক্রি হওয়া রং, মেয়াদোত্তীর্ণ পণ্য কিংবা তীব্র গন্ধযুক্ত রং ব্যবহার করা ঠিক না। কম দামের বা অজানা উৎসের প্রসাধনীও এড়িয়ে চলা উচিত।

আগে ছোট পরীক্ষা

রং মুখে লাগানোর আগে, শিশুর বা নিজের কানের পেছনে বা বাহুর ভেতরের দিকে অল্প পরিমাণ রং লাগিয়ে অন্তত কয়েক ঘণ্টা অপেক্ষা করা ভালো।

ডা. কামরুল বলেন, “এই সময়ের মধ্যে যদি লালচে ভাব, চুলকানি, ফুসকুড়ি বা জ্বালাপোড়া না হয়, তাহলে মুখে ব্যবহার করা তুলনামূলক নিরাপদ হতে পারে।”

তবে পরীক্ষায় সমস্যা না হলেও, ব্যবহারের সময় কোনো অস্বস্তি শুরু হলে সঙ্গে সঙ্গে রং তুলে ফেলতে হবে।

চোখের জন্যও থাকতে পারে ঝুঁকি

ডা. কামরুল বলেন, “মুখে আলপনা আঁকার সময় অনেকেই চোখের খুব কাছাকাছি রং ব্যবহার করেন। এতে রং চোখে ঢুকে জ্বালাপোড়া, পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া বা কর্নিয়ায় ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে।”

তাই তিনি পরামর্শ দেন, “চোখের পাতা, চোখের ভেতরের কোণা বা চোখের নিচের সংবেদনশীল অংশে রং ব্যবহার না করাই নিরাপদ। শিশু যদি বারবার চোখ ঘষে, তাহলে ঝুঁকি আরও বেড়ে যায়।”

ক্ষত বা ব্রণের ওপর রং ব্যবহার নিষেধ

“মুখে যদি কাটা, আঁচড়, ব্রণ, ফুসকুড়ি বা অন্য কোনো ক্ষত থাকে, সেখানে কখনই রং ব্যবহার করা উচিত নয়। এতে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে এবং ক্ষত সারতেও বেশি সময় লাগতে পারে”, বলেন এই চিকিৎসক।

কতক্ষণ রাখা উচিত?

ফেইস পেইন্ট যত কম সময় ত্বকে রাখা যায়, ততই ভালো। প্রয়োজন শেষ হলে দ্রুত তুলে ফেলা উচিত।

সারাদিন বা রাতভর মুখে রং রেখে দেওয়া ঠিক নয়। দীর্ঘ সময় রং থাকলে ত্বকের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস ব্যাহত হতে পারে এবং অ্যালার্জির ঝুঁকিও বাড়ে।

যেভাবে নিরাপদে তুলতে হবে

বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের প্রধান ও রূপচর্চাকর শারমিন কচি এই ক্ষেত্রে পরামর্শ দেন, “রং তুলতে খুব জোরে ঘষাঘষি করা যাবে না। প্রথমে হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ভিজিয়ে নিতে হবে। এরপর শিশুদের জন্য উপযোগী ক্লিনজার বা বেবি ক্লিনজার ব্যবহার করে ধীরে ধীরে পরিষ্কার করা উচিত।”

যদি তেলভিত্তিক ফেইস পেইন্ট হয়, তাহলে শিশুর ত্বক উপযোগী সামান্য বেবি অয়েল দিয়ে, রং নরম করে তোলা ভালো। এরপর স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলা উচিত।

“রং তোলার পর পরিষ্কার তোয়ালে দিয়ে আলতোভাবে মুখ মুছে শিশুর ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে দিলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে”, বলেন এই রূপবিশারদ।

খেয়াল করা

“রং তোলার পর কয়েক ঘণ্টা শিশুর ত্বক পর্যবেক্ষণ করা উচিত। লালচে ভাব, চুলকানি, ফোলাভাব, ফুসকুড়ি, জ্বালাপোড়া বা শ্বাসের সময় নাক জ্বালা বা কষ্টের মতো কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে”, বলেন ডা. কামরুল।

অ্যালার্জির লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ ব্যবহার না করে, বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই নিরাপদ।

যা একেবারেই করা ঠিক নয়

আনন্দ করতে গিয়ে কয়েকটি ভুল এড়িয়ে চলা জরুরি। শিশুর মুখে গ্লিটার, স্প্রে পেইন্ট বা চুলে ব্যবহৃত রং ব্যবহার করা ঠিক নয়।

প্রাপ্তবয়স্কদের প্রসাধনী শিশুদের মুখে ব্যবহার করাও নিরাপদ নয়। অন্য কারও ব্যবহৃত ব্রাশ, স্পঞ্জ বা রং ভাগাভাগি করলে সংক্রমণ ছড়াতে পারে।

রোদে দীর্ঘ সময় রং লাগিয়ে রাখা থেকেও বিরত থাকা উচিত।

আরও পড়ুন

জিবে জ্বালাপোড়া: ছোট সমস্যার পেছনে লুকিয়ে থাকতে পারে বড় রোগ

সারাদিন ফোন আর কম্পিউটার ব্যবহারে হাতের যে ক্ষতি হচ্ছে

বৃষ্টিতে ভিজে ফেরা: ঝটপট ৫ কাজ না করলে ধরতে পারে সর্দি-জ্বরে!