Published : 21 May 2025, 03:39 PM
নিজে একা একটা দেশ বা শহর ঘুরতে যাওয়ার কথা ভাবলেই অনেকের মনে ভয় ঢুকে পড়ে— ভাষা না জানলে কী হবে, অসুস্থ হয়ে পড়লে কে দেখবে, একা রাতে বের হওয়া কি নিরাপদ?
তবে একই সঙ্গে এটাও ঠিক যে, একা ভ্রমণ জীবনের সবচেয়ে স্বয়ংসম্পূর্ণ ও মুক্তির অভিজ্ঞতা হতে পারে। নিজেকে ভালো করে চেনা, নিজের পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেওয়া এবং নতুন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার এক অনন্য সুযোগ একা ভ্রমণ।
যদি প্রথমবার একা কোথাও যাওয়ার কথা ভাবেন, তাহলে কিছু পরামর্শ মানসিক প্রস্তুতি ও নিরাপদ যাত্রায় দারুণভাবে সাহায্য করবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক লেখক ও ভ্রমণপ্রেমী হানা হং রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে প্রথমবারের ভ্রমণ নিয়ে দিয়েছেন নানান পরামর্শ।
গুগল ঘাঁটুন, জায়গাটা চিনে নিন
প্রথম একা ভ্রমণে যাওয়ার জন্য এমন জায়গা বেছে নিন যেখানে পর্যটকবান্ধব পরিকাঠামো রয়েছে। ইংরেজি ভাষায় কথা বলা মানুষের উপস্থিতি বেশি থাকলে সুবিধা হবে।
স্থানটির আবহাওয়া কেমন, রাত ৯টার পর কোথাও যাওয়া নিরাপদ কি-না, কোন জিনিসপত্র কখন বন্ধ হয়ে যায়, পাবলিক ট্রান্সপোর্ট বা গণযানবাহন কীভাবে চলে— এসব বিষয় আগে থেকেই গুগল করে বা ইউটিউব দেখে জেনে নিন। এতে হঠাৎ বিপাকে পড়ার সম্ভাবনা কমে যাবে।
সব সুবিধাসহ রিসোর্ট হতে পারে প্রথম পছন্দ
যদি প্রথমবার আন্তর্জাতিক ভ্রমণে যাওয়া হয়, তাহলে সব সুবিধা আছে এমন কোনো রিসোর্ট বেছে নিতে হবে।
যেখানে খাওয়া, থাকা, ঘোরাফেরা— সব একসাথে পাওয়া যায়। এতে নিজে থেকে পুরো ভ্রমণ পরিকল্পনার চাপ কমবে।
এমন স্থান বেছে নেওয়া উচিত যেখানে পাহাড় ঘেরা শান্ত পরিবেশে এবং সমুদ্র সৈকতে যাওয়ার সুযোগও আছে।
খাবার-দাবার, সুইমিং পুল, স্থানীয়দের সঙ্গে মিশে যাওয়ার মতো অনেক কিছুই এখানে পাওয়া যায়।
মানুষকে চিনুন, কথা বলুন
একা ভ্রমণ মানেই একাকিত্ব নয়— বরং অনেক সময় এতে বেশি মানুষের সঙ্গে আলাপ হয়। স্থানীয় মানুষের সঙ্গে কথা বললে তারা এমন কিছু জায়গার কথা বলবে যা হয়ত গুগলেও নেই।
অন্য পর্যটকদের সঙ্গে গল্প করতে করতে ভবিষ্যতের ভ্রমণ সঙ্গীও খুঁজে পেতে পারেন। হোটেলে বা ক্যাফেতে একটু এগিয়ে কথা বলুন। কারণ কথা বললেই সম্পর্ক তৈরি হয়।
হোটেলের সাহায্য নেওয়া, সংস্কৃতির অভিজ্ঞতা
যদি একদম নতুন অবস্থায় একা ভ্রমণ করতে যান, তাহলে এমন হোটেল খুঁজুন যেখানে থাকাকালীন নানান ধরনের সংস্কৃতিগত অভিজ্ঞতা পাওয়া যায়।
টাকা-পয়সা ভাগ করে রাখা
পাসপোর্ট সব সময় হোটেলের সেফে রাখা উচিত।
আর সব টাকা বা কার্ড এক জায়গায় রাখা ঠিক নয়। কিছু নগদ অর্থ ব্যাগে করে সঙ্গে রাখতে হবে। বাকিটা হোটেলের সেইফে বা লাগেজে রাখাই ভালো।
কারণ চেনা-অচেনা পরিবেশে জিনিস হারানো বা চুরি হওয়া খুব সাধারণ ঘটনা। তাই গুছিয়ে রাখলে পুরো ভ্রমণ ঝামেলাহীন থাকবে।
প্রস্তুত থাকুন—অতিরিক্ত হলেও ক্ষতি নেই
একটা ছোট ব্যাগে কয়েকটা দরকারি জিনিস সঙ্গে রাখতে হবে। ফোনের পাওয়ার ব্যাংক, প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত কিছু টাকা, একটি অনুসন্ধান ডিভাইস (হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়), আর গুগল ম্যাপ-এ লোকেশন ডাউনলোড করে রাখা উচিত যেন ইন্টারনেট না থাকলেও জায়গা চিনে যাওয়া যায়।
এসব ছোট ছোট প্রস্তুতি আত্মবিশ্বাস বাড়াবে।
কয়েকটা শব্দ শিখে নেওয়া
স্থানীয় ভাষায় ‘সুপ্রভাত’, ‘ধন্যবাদ’, ‘একটা কফি দিন’— এই তিনটে বাক্যে বলতে পারলে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি সহজ হয়।
এতে করে সহানুভূতি পাওয়া যায়, আর তাদের আচরণও হয় অনেক বন্ধুসুলভ।
আরও পড়ুন
ভ্রমণের আগে সতর্ক হোন; বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করুন
ছোট সফরের জন্য অতিরিক্ত কিছু নয়