Published : 08 Jul 2026, 06:07 AM
লাঞ্চ বিরতির একটু পর শ্রীলঙ্কা ইনিংস ঘোষণা করে দেয়। ততক্ষণে আসলে ম্যাচের উত্তেজনা অনেকটাই শেষ। ওয়েস্ট ইন্ডিজও বেছে নেয় নিরাপদ পথ। শেষ পর্যন্ত তাই অনুমিতভাবে ড্র হলো ম্যাচ। বহু আকাঙ্ক্ষিত সিরিজ জয়ের স্বাদ পেল ক্যারিবিয়ানরা।
অ্যান্টিগায় পাঁচ দিনে এক হাজার ৪০৮ রান ও ২৮ উইকেট পতনের পর ড্র হয়েছে দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের সিরিজ স্বাগতিকরা জিতেছে ১-০ ব্যবধানে। একই মাঠে প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে জিতেছিল রস্টন চেইসের দল।
দীর্ঘ ২৩ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ সেই ২০০৩ সালের জুনে ঘরের মাঠেই ব্রায়ান লারার নেতৃত্বে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল তারা।
এই দুটির মাঝে সাতটি সিরিজের তিনটিতে জিতেছিল শ্রীলঙ্কা, ড্র হয়েছিল চারটি।
সব মিলিয়ে সাড়ে তিন বছর পর, টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল ক্যারিবিয়ানরা। এর আগে, সবশেষ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল তারা। মাঝে ১০টি সিরিজের মধ্যে ছয়টিতেই তারা হারের তেতো স্বাদ পায়।
পঞ্চম দিন লাঞ্চ বিরতির পর, তিন ওভার খেলে ৯ উইকেটে ২৫১ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে তাদের ৫০ রানের লিড মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩০২ রানের।
জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিংয়ের সতর্ক ব্যাটিংয়ে ৪০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটে ১০৯ রান করার পর ড্র হয় ম্যাচ। মাঝে বৃষ্টির বাগড়ায় কিছু সময় খেলা বন্ধ ছিল।
ক্যাম্পবেল ১১৩ বলে ৫১ ও কিং ১২৯ বলে ৫১ রানে অপরাজিত থাকেন।
২ উইকেটে ৯২ রান নিয়ে মঙ্গলবার শেষ দিনের ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। প্রথম ঘন্টায় কামিন্দু মেন্ডিসকে (৫৮ বলে ৪৪) হারায় তারা। থামে ৮৬ রানের তৃতীয় উইকেট জুটি।
৮৩ বলে ফিফটি করে এগিয়ে যান আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৭১ রানে ফেরেন অভিজ্ঞ ব্যাটসম্যান। তার ১০৭ বলের ইনিংসটি গড়া চারটি চার ও দুটি ছক্কায়।
দ্রুত লিড বাড়ানোর চেষ্টায় অধিনায়ক ধানাঞ্জয়া ডি সিলভা ৩৪ বলে ৩৪ ও সোনাল দিনুশা ২৬ বলে ২৮ রান করে ফেরেন।
মিলান রাথ্নায়াকার ২০ রানে লিড তিনশ পার হওয়ার পর ইনিংস ঘোষণা করে সফরকারীরা।
দিনের সাড়ে তিন ঘণ্টার কিছু বেশি সময় বাকি থাকতে রান তাড়ায় নেমে জয়ের কোনো চেষ্টা করেননি ক্যাম্পবেল ও কিং। টিকে থেকে ড্র করায় মনোযোগ দেন তারা। ফলে নিরুত্তাপভাবেই শেষ হয় ম্যাচ।
প্রথম ইনিংসে চাপের মুখে ব্যাটিংয়ে নেমে ১৮০ রান করে ম্যাচ সেরা হন ক্যারিবিয়ান অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। সিরিজ সেরাও তিনিই।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫৪৯/৯ (ডি.)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৯৯
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৪৯ ওভারে ২৫১/৯ (ডি.) (আগের দিন ৯২/২) (চান্দিমাল ৭১, কামিন্দু মেন্ডিস ৩৪, ধানাঞ্জায়া ৩৪, দিনুশা ২৮, কুসাল মেন্ডিস ২, রাথ্নায়াকা ২০*, ইসিথা ১০, জায়াসুরিয়া ৭, আসিথা ০*; সিলস ১১-০-৪৩-১, শামার জোসেফ ১২-১-৪৬-১, আলজারি জোসেফ ৯-০-৪৪-২, ফিলিপ ৫-১-২৭-১, হজ ৭-০-৪৩-১, চেইস ৫-০-৪১-১)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ৩০২) ৪০ ওভারে ১০৯/০ (ক্যাম্পবেল ৫১*, কিং ৫১*; আসিথা ৬-০-২১-০, রাথ্নায়াকা ৭-০-১৫-০, জায়াসুরিয়া ১৭-৪-৪৫-০, ইসিথা ৬-১-১৯-০, দিনুশা ৪-১-৪-০)
ফল: ম্যাচ ড্র
সিরিজ: ২ ম্যাচের সিরিজ ১-০ তে জয়ী ওয়েস্ট ইন্ডিজ
ম্যান অব দা ম্যাচ: জাস্টিন গ্রেভস
ম্যান অব দা সিরিজ: জাস্টিন গ্রেভস