Published : 05 Oct 2025, 05:06 PM
রান্নাঘরে প্রতিদিন ব্যবহৃত অনেক জিনিসই ধীরে ধীরে নষ্ট হতে থাকে। কখনও খেয়াল পড়ে, প্রিয় ননস্টিক প্যানের গায়ে দাগ, আবার কখনও পুরানো প্লাস্টিকের কন্টেইনার থেকে বের হয় অদ্ভুত গন্ধ।
তবে এগুলো কবে বদলানো উচিত— এ বিষয়ে অনেক সময় দ্বিধায় থাকা হয়।
যদিও কিছু সরঞ্জাম, যেমন- স্টেইনলেস স্টিলের হাঁড়ি বা ডাচ ওভেন দীর্ঘস্থায়ী হয়। অন্যদিকে ননস্টিক প্যান, প্লাস্টিকের বাটি বা কাঠের চামচের একটা নির্দিষ্ট সময়সীমা আছে।
এসব সময়মতো বদলানো শুধু সুবিধার জন্য নয়, স্বাস্থ্যের নিরাপত্তার জন্যও জরুরি।
এ বিষয়ে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের ‘ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি’র ‘স্কুল অব ফুড সায়েন্স’য়ের সহযোগী অধ্যাপক স্টেফানি স্মিথ এবং রান্নাঘরের সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সুর লা টেবল’-এর সহ-সভাপতি অ্যালিসিয়া জনসন।
ননস্টিক প্যান
ননস্টিক প্যান রান্নাঘরের অন্যতম জনপ্রিয় সরঞ্জাম। এ ধরনের প্যানে বিশেষ প্রলেপ দেওয়া থাকে, যা খাবার লেগে যাওয়ার ঝুঁকি কমায় এবং পরিষ্কার করাও সহজ করে। তবে সেই প্রলেপ চিরস্থায়ী নয়।
অধ্যাপক স্টেফানি স্মিথ ‘ওয়েলঅ্যান্ডগুড ডটকম’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “যদি ননস্টিক প্যানের প্রলেপে আঁচড় পড়ে যায় বা খোসা ওঠে, তখন তা ব্যবহার করা বন্ধ করা উচিত।”
অনেক ননস্টিক প্যানে ‘পার-অ্যান্ড পলিফ্লুরিনেইটেড কম্পাউন্ডস’ থাকে, যা মানুষের শরীর ও পরিবেশে জমা হতে পারে।
অ্যালিসিয়া জনসনের মতে, "একটি ভালো মানের ননস্টিক প্যান তিন থেকে ১০ বছর পর্যন্ত টিকতে পারে। তবে এর ব্যবহার ও যত্নের ওপর নির্ভর করে।”
তিনি, ননস্টিক প্যান দীর্ঘস্থায়ী করার তিনটি উপায় উল্লেখ করেছেন-
প্লাস্টিক বাটি কৌটা
প্রায় সবার রান্নাঘরে পুরানো প্লাস্টিকের জিনিস মজুত থাকে। তবে সময়ের সঙ্গে এগুলোতেও সমস্যা দেখা দেয়।
স্টেফানি স্মিথ বলেন, “যদি প্লাস্টিক কন্টেইনারে ফাটল, আঁচড় বা ভাঙাচোরা থাকে, তবে বদলে ফেলা উচিত। এতে শুধু পরিষ্কার করা কঠিন হয় না, বরং পুরানো প্লাস্টিক কন্টেইনারে ‘বিপিএ’ বা ‘পিএফএএস’-এর মতো ক্ষতিকর রাসায়নিক থাকতে পারে।”
অ্যালিসিয়া জনসন পরামর্শ দিয়েছেন, "কন্টেইনার কখনও অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠাণ্ডা অবস্থায় রাখবেন না। এতে এর আয়ু কমে যায়।"
তিনি আরও বলেন, "যারা প্লাস্টিক এড়িয়ে চলতে চান, তাদের জন্য কাচের কন্টেইনার দীর্ঘস্থায়ী ও নিরাপদ বিকল্প হতে পারে—অবশ্যই সেগুলো ভেঙে না গেলে।"
রান্নার চামচ ও অন্যান্য সামগ্রী
চামচ বা স্প্যাচুলা সাধারণত প্লাস্টিক, সিলিকন, স্টেইনলেস স্টিল বা কাঠ দিয়ে তৈরি হয়। এর মধ্যে স্টেইনলেস স্টিল সবচেয়ে টেকসই হলেও এটি ননস্টিক প্যানে আঁচড় ফেলে দিতে পারে। তাই অনেকে কাঠ বা সিলিকনের চামচ ব্যবহার করেন।
স্টেফানি স্মিথ সতর্ক করে বলেন, “যদি প্লাস্টিকের স্প্যাচুলা থেকে উপাদান খসে পড়ে বা তাতে গভীর আঁচড় থাকে, তবে তা ব্যবহার করা বিপজ্জনক। ছোট ছোট অংশ খাবারের সঙ্গে মিশে গেলে শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে।”
অন্যদিকে, কাঠের চামচ সঠিক যত্ন নিলে আজীবন ব্যবহার করা সম্ভব। তবে কাঠের চামচ কখনও দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে রাখা উচিত নয়। ব্যবহারের পর সঙ্গে সঙ্গে ধুয়ে বাতাসে শুকাতে হবে।
অ্যালিসিয়া জনসন বলেন, “কাঠের সরঞ্জাম যদি শুকনো, নিস্তেজ বা রুক্ষ হয়ে যায়, তবে ‘ফুড-সেফ মিনারেল অয়েল’ বা বিশেষ ‘কন্ডিশনিং ক্রিম’ ব্যবহার করা উচিত। কয়েক মাস পরপর এটি করলে কাঠ দীর্ঘস্থায়ী হয়।”
সিলিকন চামচ তুলনামূলক টেকসই হলেও তাতে যদি গভীর আঁচড় বা ফাটল দেখা দেয়, তবে সেটা বদলানো দরকার।
ছুরি
ছুরির ক্ষেত্রে অনেক সময় ধরে নিই যে এটি একবার কিনলেই সারাজীবন চলবে। তবে বাস্তবতা ভিন্ন।
অ্যালিসিয়া জনসন বলেন, “ভালো মানের ছুরি হল দামী গাড়ির মতো। যদি নিয়মিত যত্ন নেওয়া হয় তবে এটি বহু বছর ব্যবহার করা যায়। তবে অবহেলায় রাখলে কার্যক্ষমতা হারায়।”
তার কথায়, "একটি উচ্চমানের ছুরি অন্তত ১০ বছর পর্যন্ত টিকতে পারে। তবে এর জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি। প্রতিবার ব্যবহারের আগে ও পরে ছুরি শান দিতে হবে। আর কয়েক সপ্তাহ পরপর ধার করার প্রয়োজন পড়বে।”
তবে মনে রাখতে হবে, প্রতিবার শান দেওয়ার সময় ব্লেডের সামান্য অংশ ক্ষয় হয়। ফলে একসময় ব্লেড শেষ হয়ে যেতে পারে।
ছুরি বদলানোর প্রয়োজন হয় যখন ব্লেড বা হাতলে ফাটল, চিড় বা মারাত্মক ক্ষতি দেখা দেয়। এতে শুধু রান্না কঠিন হয় না, বরং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে।
আরও পড়ুন
রান্নাঘরের যেসব জিনিস নিয়মিত পরিবর্তন করা উচিত
ছোট রান্নাঘর সাজানোর সৃজনশীল উপায়