Published : 01 Jul 2026, 01:05 PM
সুস্থ থাকতে শরীরচর্চার অংশ হিসেবে কেউ হাঁটেন, কেউ দৌড়ান, আবার কেউ নিয়মিত ব্যায়াম করেন।
তবে একই সঙ্গে শরীর, মন এবং মস্তিষ্ক— তিনটিকেই সক্রিয় রাখে, এমন একটি শারীরিক অনুশীলন হল নাচ।
কারণ গবেষণা বলছে- নাচ শুধু ক্যালরি ঝরায় না, এটি স্মৃতিশক্তি বাড়ায়, মনোযোগ উন্নত করে, আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং সামাজিক যোগাযোগও শক্তিশালী করে।
তাই নাচকে এখন অনেক বিশেষজ্ঞই পূর্ণাঙ্গ মস্তিষ্কচর্চা হিসেবে বিবেচনা করেন।
মার্কিন স্নায়ুবিজ্ঞানী, মনোরোগ বিশেষজ্ঞ ডেভ রবিন এবং স্নায়ু-মনোবিজ্ঞানী উইলফ্রেড জি. ভ্যান গর্প, দুজনেই মনে করেন- মস্তিষ্ককে একসঙ্গে এতগুলো দিক থেকে সক্রিয় করতে পারে, এমন কার্যক্রমের মধ্যে নাচ একটি।
নাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সক্রিয় হয় মস্তিষ্ক
নাচের আসল উপকার শুরু হয় শরীর নড়াচড়া করার পরে নয় বরং বিষয়টি শুরু হয় আরও আগে।
নাচ শেখার জায়গায় পৌঁছানো, চারপাশ দেখা, অন্যদের পর্যবেক্ষণ করা এবং নতুন কিছু শেখার প্রত্যাশা এসবের মধ্য দিয়েই মস্তিষ্কের বিভিন্ন অংশ কাজ শুরু করে।
এই বিশেষজ্ঞদের মতে, নতুন পরিবেশ সম্পর্কে ধারণা তৈরি করার দায়িত্ব নেয় স্মৃতির সঙ্গে সম্পর্কিত অংশ। একই সময়ে আনন্দ ও আগ্রহের অনুভূতির সঙ্গে যুক্ত রাসায়নিক উপাদান নিঃসৃত হতে শুরু করে।
অন্যদের অনুশীলন দেখতে দেখতে মস্তিষ্ক সামাজিক সংযোগ তৈরির সংকেতও পায়। পাশাপাশি মস্তিষ্ক পরিবেশ নিরাপদ কি না, সেটিও মূল্যায়ন করে।
ফলে নাচের ক্লাসে প্রবেশের মুহূর্ত থেকেই শরীর ও মস্তিষ্ক একটি নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত হতে থাকে।
অনুশীলন করার সঙ্গে বদলে যায় মনও
নাচের শুরুতে সাধারণত কিছু অনুশীলন করা হয়। এ সময় হৃদস্পন্দন কিছুটা বেড়ে যায়, শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং পেশিগুলো ধীরে ধীরে সক্রিয় হয়।
ফলে মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় এবং মনোযোগও বাড়তে শুরু করে।
ডেভ রবিন রিয়েলসিম্পল ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “এ সময় শরীরে এমন কিছু রাসায়নিক উপাদান নিঃসৃত হয়- যা আনন্দ, স্বস্তি ও আত্মবিশ্বাসের অনুভূতি তৈরি করে। সংগীতের তালে শরীরের নড়াচড়া এবং অন্যদের সঙ্গে একসঙ্গে অনুশীলন করার অভিজ্ঞতা মানসিকভাবে অনেক বেশি স্বাচ্ছন্দ্য দেয়।”
তাই নাচ শেষে অনেকেই আগের তুলনায় অনেক বেশি প্রফুল্ল অনুভব করেন।
স্মৃতি ও মনোযোগ একসঙ্গে কাজ করে
নাচ শেখার গুরুত্বপূর্ণ অংশ হল, নতুন ধাপ মনে রাখা। প্রশিক্ষকের দেখানো ধাপগুলো মনে রেখে সঠিক ক্রমে অনুসরণ করতে হয়। এজন্য স্মৃতিশক্তি, মনোযোগ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একসঙ্গে কাজ করে।
উইলফ্রেড জি. ভ্যান গর্প একই প্রতিবেদনে বলেন, “নাচের সময় মস্তিষ্কের একটি অংশ শরীরের নড়াচড়া নিয়ন্ত্রণ করে, অন্য অংশ সংগীতের তাল ও আবেগের সঙ্গে সংযোগ তৈরি করে। প্রথম দিকে অনেকেই ধাপ ঠিক রাখতে গিয়ে আবেগ প্রকাশ করতে পারেন না, আবার কেউ সুরের আবেগে মগ্ন হয়ে ধাপ ভুলে যান।”
“তবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে মস্তিষ্ক ধীরে ধীরে এই দুই কাজের মধ্যে ভারসাম্য তৈরি করে”, ব্যাখ্যা করেন তিনি।
অনুশীলনে সহজ হয়ে যায় কঠিন কাজ
প্রথম দিনে যে নাচের ধাপ কঠিন মনে হয়, কয়েক সপ্তাহ পর সেটিই অনেক সহজ হয়ে যায়। কারণ, বারবার অনুশীলনের মাধ্যমে মস্তিষ্ক নতুন দক্ষতাকে স্থায়ীভাবে শিখে নেয়।
এই বিশেষজ্ঞদের ব্যাখ্যায়, একই কাজ বারবার করার ফলে শরীরের নড়াচড়াগুলো অনেকটাই স্বয়ংক্রিয় হয়ে যায়। তখন আর প্রতিটি ধাপ আলাদা করে ভাবতে হয় না। ফলে মস্তিষ্কের বাড়তি মনোযোগ সৃজনশীলতা, আবেগ প্রকাশ এবং পরিবেশ উপভোগ করার দিকে চলে যায়।
এভাবেই নাচ শুধু শারীরিক দক্ষতা নয়, আত্মপ্রকাশের ক্ষমতাও বাড়ায়।
মানসিক চাপ কমাতে কার্যকর
উইলফ্রেড জি. ভ্যান গর্প বলেন, “নাচ মানসিক চাপজনিত সমস্যা কমাতেও কার্যকর। নাচের সময় একজন একসঙ্গে তাল, সুর, শরীরের ভারসাম্য এবং নড়াচড়ার দিকে মনোযোগ দেন। ফলে প্রতিদিনের কাজের চাপ বা ব্যক্তিগত দুশ্চিন্তার জন্য মস্তিষ্কে আলাদা জায়গা থাকে না। এই সাময়িক মনোযোগের পরিবর্তন মানসিক চাপ কমাতে সাহায্য করে।”
অনুশীলন শেষে শরীরে চাপের সঙ্গে সম্পর্কিত রাসায়নিক উপাদানের মাত্রাও কমতে পারে। একই সঙ্গে মন ভালো রাখার উপাদানগুলো সক্রিয় থাকায় নিজেকে অনেক বেশি হালকা অনুভব হয়।
দীর্ঘমেয়াদে বাড়ে মস্তিষ্কের কর্মক্ষমতা
নিয়মিত নাচ করলে শুধু তাৎক্ষণিক ভালো লাগাই নয়, দীর্ঘমেয়াদেও নানান উপকার পাওয়া যায়।
ডেভ রবিনের মতে, “নিয়মিত নাচ স্মৃতিশক্তি, শরীরের ভারসাম্য, সমন্বয় ক্ষমতা, তাল বোঝার দক্ষতা এবং নিজের শরীর সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করে।”
নতুন নাচ শেখার ক্ষমতাও সময়ের সঙ্গে উন্নত হয়। কারণ, মস্তিষ্ক নতুন অভিজ্ঞতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শেখে। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্ককে সক্রিয় রাখতে নতুন কিছু শেখার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শরীর ও মনের যুগল উপকার
অন্যান্য অনেক শরীরচর্চার মতো নাচও হৃদ্যন্ত্র ভালো রাখতে, ভারসাম্য উন্নত করতে, নমনীয়তা বাড়াতে এবং শরীরকে সচল রাখতে সাহায্য করে।
তবে নাচের বিশেষত্ব হল- এতে শুধু শরীর নয়, সৃজনশীলতা, সামাজিক যোগাযোগ, স্মৃতি এবং আবেগ সবকিছুরই একসঙ্গে চর্চা হয়।
সামাজিক সম্পর্কও হয় দৃঢ়
নাচ সাধারণত দলগতভাবে শেখা হয়। ফলে নতুন মানুষের সঙ্গে পরিচয়, একসঙ্গে অনুশীলন এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরিতে ভূমিকা রাখে।
এটি একাকিত্ব কমাতে এবং সামাজিক আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করে।
এই মনোবিজ্ঞানিদের মতামত হল, নিয়মিত কোনো নাচের দলে অংশ নিলে ইতিবাচক সামাজিক পরিবেশের অংশ হওয়া যায়। ফলে মানসিক সুস্থতা শক্তিশালী হয়ে ওঠে।
সবার জন্যই উপযোগী
নাচ শেখার জন্য পেশাদার শিল্পী হওয়ার প্রয়োজন নেই। বয়স, পেশা কিংবা শারীরিক সক্ষমতা অনুযায়ী যে কেউ নিজের উপযোগী নাচ বেছে নিতে পারেন।
ধ্রুপদি, লোকজা বা আধুনিক নৃত্য, যে ধরনের নাচই হোক না কেন, নিয়মিত অনুশীলনই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন