২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সুস্থ নখের জন্য বদলাতে হয় কিছু অভ্যাস

শুধু সৌন্দর্য প্রকাশই নয়, হাতের স্বাস্থ্য ভালো রাখতেও নখ যত্নে রাখতে হয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2026, 02:46 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

হাতের সৌন্দর্য বাড়াতে নিয়মিত নখের পরিচর্যা প্রয়োজন। স্বচ্ছ রং কিংবা পরিপাটি নখ ব্যক্তিগত পরিচ্ছন্নতারও গুরুত্বপূর্ণ দিক।

তবে নখের গঠন, রং, ত্বকের অবস্থা কিংবা ক্ষুদ্র ক্ষুদ্র দাগ দেখেও বোঝা যায় কোন অভ্যাসগুলো নখের ক্ষতি করছে।

বিশেষজ্ঞদের মতে, নখের অনেক সমস্যা একদিনে তৈরি হয় না। দীর্ঘদিনের কিছু ভুল অভ্যাস ধীরে ধীরে নখকে দুর্বল করে তোলে।

নখ কামড়ানোর অভ্যাসের প্রভাব

নখ কামড়ানোর অভ্যাস সবচেয়ে সহজে চোখে পড়ে।

রূপচর্চা-বিশারদ ও বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের প্রধান শারমিন কচি বলেন, “নিয়মিত নখ কামড়ালে, নখের চারপাশের ত্বকে ছোট ছোট ক্ষত, ছেঁড়া চামড়া এবং কিউটিকলের ক্ষতি দেখা যায়। দীর্ঘদিন এমন চলতে থাকলে নতুন নখও অসমান, পাতলা কিংবা সহজে ভেঙে যাওয়ার মতো হয়ে উঠতে পারে।”

তিনি আরও বলেন, “এই অভ্যাস ছাড়ার জন্য নখ ছোট করে কেটে রাখা, প্রতিদিন নখের চারপাশে আর্দ্রতা ধরে রাখার উপযোগী তেল বা ক্রিম ব্যবহার করা এবং উদ্বেগের সময় হাত ব্যস্ত রাখার বিকল্প অভ্যাস গড়ে তোলা সহায়ক হতে পারে।”

পাতলা ও খোসা ওঠা নখ যা জানায়

অনেকের নখের ওপরের স্তর উঠে যায় কিংবা নখ খুব পাতলা হয়ে যায়। এমন সমস্যা সাধারণত হঠাৎ হয় না।

এই রূপচর্চাকরের মতে, “অতিরিক্ত ঘষামাজা, কৃত্রিম নখ জোর করে খুলে ফেলা, সঠিক নিয়মে না তোলা বা দীর্ঘ সময় পানি ও শক্তিশালী পরিষ্কারক উপাদানের সংস্পর্শে থাকার কারণে নখের স্বাভাবিক স্তর ক্ষতিগ্রস্ত হয়।”

একবার নখের এই অংশ নষ্ট হয়ে গেলে, সেটি আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই নতুন নখ পুরোপুরি গজিয়ে ওঠা পর্যন্ত সেটিকে সুরক্ষিত রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নখের গোড়ার ত্বক অতিরিক্ত কাটা ঠিক নয়

অনেকেই মনে করেন, নখের গোড়ার সব চামড়া কেটে ফেললেই নখ সুন্দর দেখায়। তবে এটি ভুল ধারণা।

নখের গোড়ার জীবন্ত ত্বক, নখকে জীবাণু ও বাইরের ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে। বারবার এই ত্বক কেটে ফেললে সেখানে লালচেভাব, জ্বালাপোড়া এবং সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

“শুধু মৃত চামড়া সরিয়ে হালকাভাবে কিউটিকল পিছিয়ে দিলেই নখ পরিষ্কার ও সুন্দর দেখায়। জীবন্ত ত্বক কেটে ফেলার কোনো প্রয়োজন নেই”, পরামর্শ দেন শারমিন কচি।

নখের পাশ অতিরিক্ত ঘষলে যা হয়

নখের দুপাশ অতিরিক্ত ঘষে পাতলা করে ফেলাও একটি সাধারণ সমস্যা। এতে নখের স্বাভাবিক গঠন নষ্ট হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে নখ দুর্বল হয়ে পড়ে।

এমনকি অনেক সময় নখ তার নিচের অংশ থেকে আলগা হয়ে যেতে শুরু করে।

এই সমস্যার কারণ হিসেবে অতিরিক্ত ঘষামাজা, ভুলভাবে কৃত্রিম নখ সরানো এবং বিভিন্ন কাজের জন্য নখকে যন্ত্র হিসেবে ব্যবহার করার বিষয়গুলোও উল্লেখ করেন, এই রূপচর্চা-বিশারদ।

নখে লালচে অর্ধচন্দ্রাকার দাগ যে কারণে দেখা দেয়

নখের গোড়ায় লালচে অর্ধচন্দ্রাকার দাগ, যন্ত্র দিয়ে অতিরিক্ত ঘষামাজার কারণে তৈরি হয়। এতে নখের স্বাভাবিক স্তর অস্বাভাবিকভাবে পাতলা হয়ে যায়।

আর এই ক্ষতি দ্রুতই ঠিক করা যায় না। নতুন নখ সম্পূর্ণ গজিয়ে উঠতে ছয় থেকে নয় মাস পর্যন্ত সময় লাগতে পারে।

“এই সময়ে নিয়মিত নখের তেল ব্যবহার, নখে সুরক্ষামূলক প্রলেপ রাখা এবং ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি না সারা পর্যন্ত কোন যন্ত্র দিয়ে ঘষামাজা বন্ধ রাখা উচিত”, পরামর্শ দেন শারমিন কচি।

আরও পড়ুন

নখ সুন্দর হোক প্রাকৃতিকভাবে

নখ দ্রুত বৃদ্ধির প্রাকৃতিক উপায়

নখ কামড়ানোর বদভ্যাসে দেহের ক্ষতি