২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নখ কামড়ানোর বদভ্যাসে দেহের ক্ষতি

নিরীহ মনে হলেও নখ কামড়ানো থেকে হতে পারে নানান অসুখ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 04:11 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

দাঁত দিয়ে নখ কাটা— এই অভ্যাস অনেকেরই আছে। ছোটবেলা থেকে শুরু করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গেও এটি চলতে থাকে।

অনেকে মনে করেন, এটা সাধারণ বদভ্যাস। তবে চিকিৎসাবিজ্ঞান বলছে, এই সাধারণ অভ্যাস নীরবে শরীরে মারাত্মক ক্ষতি করে চলেছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “নখ কামড়ানোকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় ‘অনেকোফেইজিয়া’। এটি এক ধরনের ‘বডি-ফোকাসড রিপিটেটিভ বিহেইভিয়র’, যা প্রায়ই মানসিক চাপ, উদ্বেগ বা একঘেয়েমি থেকে শুরু হয়।”

“এই অভ্যাস শুধু নখ নষ্ট করে না, দাঁতের এনামেল ক্ষয় করে, মাড়িতে সংক্রমণ ঘটায় এবং পেটে জীবাণু প্রবেশের ঝুঁকি বাড়ায়”- বলেন তিনি।

নখের নিচে থাকে ‘নেইল বেড’— নরম, সংবেদনশীল অংশ। দাঁত দিয়ে কামড়ালে এই জায়গা ক্ষতিগ্রস্ত হয়। নখ আর স্বাভাবিকভাবে বাড়ে না, বরং ত্বকের গভীরে ঢুকে যন্ত্রণা সৃষ্টি করে।

লালার সঙ্গে নখের কোণে জমে থাকা ব্যাক্টেরিয়া ক্ষুদ্র ক্ষত দিয়ে সরাসরি রক্তে ঢুকে পড়ে। ফলে নখের কোণে পুঁজ জমে সংক্রমণ ছড়ায়।

সংক্রমণ যদি হাড় পর্যন্ত পৌঁছায় তবে ‘গ্যাংগ্রিন’ বা পচন ধরার আশঙ্কা তৈরি হয়।

চরম ক্ষেত্রে আক্রান্ত আঙুল কেটে বাদ দেওয়া ছাড়া উপায় থাকে না।

এই অভ্যাস প্রায়ই মানসিক চাপ বা উদ্বেগ থেকে শুরু হয়। মস্তিষ্ককে শান্ত করার অচেতন প্রচেষ্টায় মানুষ নখ কামড়ায়।

চিকিৎসকরা এটিকে ‘অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার’-এর একটি হালকা রূপ হিসেবেও দেখেন।

দীর্ঘদিন এই অভ্যাস চললে শুধু নখ ও দাঁত নয়, পুরো হাতের ত্বকও ক্ষতিগ্রস্ত হয়। আঙুলের চামড়া ফেটে যায়, রক্ত পড়ে, সংক্রমণের ঝুঁকি বাড়ে।

এই অভ্যাস থেকে মুক্তি পেতে

ডা. আফসানা হক নয়নের পরামর্শ অনুসারে কয়েকটি কার্যকর উপায় এখানে দেওয়া হল-

নখ ছোট রাখা: নখ লম্বা থাকলে কামড়ানোর প্রবণতা বাড়ে। নিয়মিত ছোট রাখাতে হবে।

তিতা নখপালিশ ব্যবহার করা: ফার্মেসিতে পাওয়া তিতা স্বাদের নিরাপদ নখপালিশ লাগিয়ে রাখা যেতে পারে। মুখে দিলেই বিরক্তি আসবে।

মানসিক চাপ কমানো: নিয়মিত ধ্যান, যোগব্যায়াম বা হালকা শরীরচর্চা করা ‍উপকারী। মন শান্ত থাকলে এই অভ্যাস কমে যায়।

থেরাপি নেওয়া: সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে চর্মরোগ বিশেষজ্ঞ বা মনোবিদের সাহায্য নিতে হবে। ‘কগনিটিভ বিহেইভিয়র থেরাপি’ এক্ষেত্রে কার্যকর।

নখ কামড়ানো শুধু অভ্যাস নয়; এটি দীর্ঘমেয়াদে নখ, দাঁত, মাড়ি ও সারা শরীরে স্থায়ী ক্ষতি করতে পারে। ছোট একটি অভ্যাস স্বাস্থ্য ও আত্মবিশ্বাসকে পরিবর্তন করতে পারে।

আরও পড়ুন

সকালের যেসব বদভ্যাস ওজন বাড়ায়

যে বদভ্যাসে ঘুমের বারোটা বাজছে

আত্মনিয়ন্ত্রণ নয়, বেছে নিতে হবে অভ্যাস গড়ার পথ

সহজে স্বাস্থ্যকর অভ্যাস রপ্ত করতে