Published : 30 Jun 2026, 05:47 PM
রান্নাঘরের সৌন্দর্য মানেই যেন খোলা তাক, চোখে পড়ার মতো বাসনপত্র কিংবা বড় আকারের ক্যাবিনেট।
তবে বদলেছে জীবনযাপন, বদলেছে ঘরের নকশাও। এখন ধারা এসেছে এমন রান্নাঘরের যেখানে প্রয়োজনীয় সবকিছু থাকবে, কিন্তু চোখে পড়বে না।
অতিথি ঘরে ঢুকলে প্রথম দেখায় সেটিকে রান্নাঘর না ভেবে বসার ঘর বা খাবার ঘরের অংশ বলেই মনে করবেন।
রাজধানীর ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইন শিক্ষা প্রতিষ্ঠান, রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন-এর প্রতিষ্ঠাতা অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন এই বিষয়ে বলেন, “একে বলা হয় ইনভিজিবল কিচেন’ বা অদৃশ্য রান্নাঘরের ধারণা। যেখানে রান্নার প্রয়োজনীয় জিনিস, সংরক্ষণের স্থান এমনকি ময়লার পাত্রও বিশেষ নকশার মাধ্যমে এমনভাবে আড়াল করে রাখা হয়, যাতে পুরো ঘরটি পরিচ্ছন্ন, ছিমছাম ও অভিজাত দেখায়।
অদৃশ্য রান্নাঘর বলতে যা বোঝায়
অদৃশ্য রান্নাঘরের মূল উদ্দেশ্য কিন্তু কোনো কিছু লুকিয়ে রাখা নয়, বরং নিজের ইচ্ছামতো রান্নাঘরের চেহারা নিয়ন্ত্রণের সুযোগ।
অনেক সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি আলমারির মতো আবরণ দিয়ে ঢেকে রাখা হয়। ছোট যন্ত্রপাতির জন্য আলাদা বন্ধ সংরক্ষণের স্থান তৈরি করা হয়।
কোথাও আবার রান্নার প্রস্তুতির জন্য আলাদা একটি অংশ তৈরি করা হয়, যা দরজা বন্ধ করে সহজেই আড়াল করা যায়।
ফলে প্রয়োজনের সময় রান্নাঘর সম্পূর্ণ ব্যবহার করা গেলেও, অতিথি এলে মুহূর্তেই সেটি পরিপাটি ও পরিচ্ছন্ন রূপ নেয়।
যে কারণে বাড়ছে এই নকশার জনপ্রিয়তা
আধুনিক বাড়িতেই বসার ঘর, খাবার ঘর এবং রান্নাঘর একই খোলা পরিসরের মধ্যে রেখে নকশা করা হয়। ফলে রান্নাঘরের প্রতিটি জিনিসই সহজে চোখে পড়ে।
এই কারণেই এমন নকশা পদ্ধতি বেছে নেওয়া হয়, যাতে রান্নাঘরসহ পুরোটাই ঘরের সৌন্দর্যের অংশ হয়ে ওঠে।
ঘরের ভেতরে দৃশ্যগত শান্তি পাওয়াই আধুনিক ঘর সজ্জার উদ্দেশ্য হয়ে উঠেছে। চারদিকে ছড়িয়ে থাকা বিভিন্ন জিনিস স্বাভাবিকভাবেই অস্থিরতা তৈরি করতে পারে।
“তাই যত কম জিনিস চোখে পড়ে, ঘর তত বেশি প্রশান্তিময় মনে হয়”, বলেন গুলশান নাসরিন।
শুধু সৌন্দর্য নয়, মানসিক স্বস্তিও
এই বিশেষজ্ঞর মতে, “অগোছালো পরিবেশ মানসিক চাপ বাড়াতে পারে। অন্যদিকে পরিচ্ছন্ন ও পরিপাটি পরিবেশ মনকে অনেক বেশি স্বস্তি দেয়।”
অদৃশ্য রান্নাঘরের সুবিধা হল, রান্নার কাজ শেষ হওয়ার পর কয়েক মুহূর্তের মধ্যেই পুরো জায়গাটি আবার পরিপাটি রূপে ফিরে আসে। এতে বাড়ির অন্য অংশের সঙ্গে রান্নাঘরের সামঞ্জস্যও বজায় থাকে। বিশেষ করে বাড়িতে নিয়মিত অতিথি আসলে বা পরিবারে সদস্য সংখ্যা বেশি হলে এমন নকশা অনেক বেশি কার্যকর হবে।
সবার জন্য কি এই নকশা উপযুক্ত?
রান্নাঘরের নকশা বেছে নেওয়ার আগে নিজের জীবনযাত্রার ধরন সম্পর্কে ভাবা জরুরি বলে মনে করেন, এই অন্দরসজ্জাবিদ।
প্রতিদিন দীর্ঘ সময় রান্না করতে হলে, এমন পরিবারের জন্য সবকিছু পুরোপুরি চোখের আড়ালে রাখা সব সময় সুবিধাজনক নাও হতে পারে।
এমন ঘরে হয়ত শুধু ময়লার পাত্র বা কম ব্যবহৃত যন্ত্রপাতিই আড়াল করে রাখা যথাযথ হবে।
আবার যারা নিয়মিত অতিথিদের আপ্যায়ন করতে পছন্দ করেন, তারা এমন একটি আলাদা প্রস্তুতির স্থান রাখতে পারেন, যেখানে রান্নার বিশৃঙ্খলা অতিথিদের চোখে পড়বে না।
অর্থাৎ সবার প্রয়োজন এক নয়। তাই নকশাও হওয়া উচিত ব্যবহারকারীর জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
অতিথিদের ব্যবহারের কথাও ভাবতে হবে
অদৃশ্য রান্নাঘর পদ্ধতি দেখতে যতই সুন্দর হোক, সেটি ব্যবহারেও সহজ হতে হবে। যদি অতিথিরা একটি গ্লাস কোথায় রাখা আছে কিংবা ব্যবহারের জিনিস খুঁজে না পান, তাহলে সৌন্দর্যের জন্য ব্যবহারিক সুবিধা নষ্ট হবে।
পরিকল্পনা আরও নিখুঁত
গুলশান নাসরিনে মতে, “এমন রান্নাঘর তৈরি করতে সাধারণ নকশার তুলনায় অনেক বেশি পরিকল্পনার প্রয়োজন হয়। এখানে মূলত দুটি রান্নাঘরের পরিকল্পনা করতে হতে পারে। একটি যেটি সবাই দেখবে, আরেকটি যেটি প্রকৃত কাজের জন্য ব্যবহৃত হবে।”
প্রতিটি আলমারি, দরজা, সংরক্ষণস্থল এবং যন্ত্রপাতির অবস্থান শুরু থেকেই নিখুঁতভাবে নির্ধারণ করতে হবে। কারণ সামান্য ভুলও পরে ব্যবহারিক সমস্যার কারণ হতে পারে।
এছাড়া অদৃশ্য রান্নাঘরে বিশেষভাবে তৈরি আলমারি, লুকানো দরজা, উন্নত মানের যন্ত্রাংশ এবং নিখুঁত স্থাপনের প্রয়োজন হয়। এসব কারণে এমন নকশার ব্যয় সাধারণ রান্নাঘরের তুলনায় কিছুটা বেশি হতে পারে।
আরও পড়ুন