Published : 02 Jul 2026, 09:25 PM
কয়েক সপ্তাহ ধরে চলা জোর গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হয়েছে। নটিংহ্যাম ফরেস্ট থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন।
২৩ বছর বয়সী অ্যান্ডারসনের সঙ্গে করা চুক্তির মেয়াদ ও আর্থিক বিষয় খোলাসা করেনি কোনো ক্লাবই। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে এই ফুটবলারকে দলে নিয়েছে সিটি।
সেটা সত্যি হলে, ইংল্যান্ডের ফুটবলারদের মধ্যে এটি ট্রান্সফার ফির রেকর্ড। ২০২৩ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে জুড বেলিংহ্যামকে সাড়ে ১১ কোটি পাউন্ডে দলে যোগ করে রেয়াল মাদ্রিদ।
পারিশ্রমিকের তথ্য সঠিক হলে, ম্যানচেস্টার সিটির ইতিহাসেও সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যাবেন অ্যান্ডারসন। ২০২১ সালে জ্যাক গ্রিলিশকে অ্যাস্টন ভিলা থেকে দলে নিতে ১০ কোটি পাউন্ড খচর করেছিল ক্লাবটি।
নিউক্যাসল ইউনাইটেডের একাডেমিতে বেড়ে ওঠা অ্যান্ডারসন ২০২৪ সালে সাড়ে ৩ কোটি পাউন্ডে নটিংহ্যাম ফরেস্টে যোগ দেন। ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৯২টি ম্যাচ খেলে ৬ গোল করার পাশাপাশি ১১ অ্যাসিস্ট করেন তিনি।
চলমান বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সবগুলো ম্যাচেই প্রায় পুরোটা সময় খেলেছেন অ্যান্ডারসন। নিজের প্রথম বিশ্বকাপে এখনও জালের দেখা পাননি তিনি। তবে অভিষেক ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি অ্যাসিস্ট করেছিলেন।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে রানার্স আপ হওয়া ম্যানচেস্টার সিটি নতুন যুগে পা রাখতে যাচ্ছে। দীর্ঘ এক দশকের সফল অধ্যায় শেষে ক্লাবটির কোচের দায়িত্ব ছেড়েছেন পেপ গুয়ার্দিওলা। চেলসির সাবেক কোচ এন্টসো মারেস্কার কোচিংয়ে নতুন মৌসুম শুরু করবে তারা।