রেকর্ড সাড়ে ৮ কোটি পাউন্ডে টটেনহ্যামে পর্তুগিজ মিডফিল্ডার
২১ বছর বয়সী মাতেউস ফের্নান্দ্সের সঙ্গে চুক্তির মেয়াদ খোলাসা করেনি ইংলিশ ক্লাবটি।
মাঝমাঠের শক্তি বাড়াতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড থেকে মাতেউস ফের্নান্দ্সকে দলে টেনেছে টটেনহ্যাম হটস্পার। ক্লাবের রেকর্ড সাড়ে ৮ কোটি পাউন্ডে পর্তুগিজ মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করেছে তারা।
২১ বছর বয়সী ফের্নান্দ্সের সঙ্গে করা চুক্তির কিছুই খোলাসা করেনি টটেনহ্যাম। পর্তুগালের হয়ে এখন পর্যন্ত কেবল একটি ম্যাচ খেলা এই ফুটবলার চলতি বিশ্বকাপের দলে নেই।
গত দুই মৌসুমে প্রিমিয়ার লিগের দুই ক্লাব সাউথ্যাম্পটন ও ওয়েস্ট হ্যামের হয়ে খেলেছেন ফের্নান্দ্স। কিন্তু দুই ক্লাবই ইংল্যান্ডের শীর্ষ লিগ থেকে অবনমিত হয়েছে। এবার আরেকটি নতুন ঠিকানায় দেখা যাবে তাকে।
ফের্নান্দসকে দলে নেওয়ার লড়াইয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেডও। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিকে পেছনে ফেলে টটেনহ্যাম। তাদের সমান অর্থ খরচ করতে রাজি ছিল না ইউনাইটেড।
২০২৫-২৬ মৌসুমে ওয়েস্ট হ্যামের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচ খেলেন পাঁচটি করে গোল ও অ্যাসিস্ট করেন ফের্নান্দ্স।
গত মৌসুমে অল্পের জন্য প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়নি টটেনহ্যামের। সপ্তদশ স্থানে থেকে মৌসুম শেষ করা লন্ডনের ক্লাবটি নতুন মৌসুমের আগে দল গোছানোয় মনোযোগ দিয়েছে। এনিয়ে পঞ্চম ফুটবলার দলে টেনেছে তারা।
