পানি পড়ার দাগে ঝকঝকে কল মলিন?
পানির কলে পানির দাগ প্রতিরোধে যেমন ব্যবস্থা নেওয়া যায়, তেমনি দাগ ওঠানোর জন্য রয়েছে উপায়।
নিজ হাতে ভালোভাবে বাথরুম বা রান্নাঘর পরিষ্কার করার পরও কয়েকদিন না যেতেই কলের চারপাশে সাদা দাগ দেখা যায়—এ যেন এক বিরক্তিকর দৃশ্য।
বিশেষ করে চকচকে ‘ক্রোম ফিনিশিং’-এর কল কিংবা ট্যাপ হ্যান্ডলের ওপর এসব সাদা দাগ সৌন্দর্য নষ্ট-তো করেই, সঙ্গে বাড়তি পরিচ্ছন্নতাও দাবি করে।
এই দাগের প্রধান কারণ হল পানিতে থাকা কঠিন খনিজ উপাদান বা ‘হার্ড ওয়াটার’।
মার্কিন প্রতিষ্ঠান ‘কটেজ কেয়ার’য়ের পরিচ্ছন্নতা বিশেষজ্ঞ স্কট শ্রাডার এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “যখন কল বা ফিক্সচারের ওপর পানি পড়ে শুকিয়ে যায়, তখন পানির ভেতরে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থগুলো জমা হয়ে থেকে যায়। এভাবেই তৈরি হয় সাদা দাগ বা দাগের মত দৃষ্টিকটূ ঝাপসা দাগ, যেগুলো পরিষ্কার না করলে আস্তে আস্তে আরও জমে যেতে পারে।”
প্রতিবার ব্যবহারের পর মুছে ফেলা
স্কট শ্রাডার বলেন, “কল বা ফিক্সচার ব্যবহারের পর যদি নিয়মিতভাবে শুকনো মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নেওয়া যায়, তাহলে এই দাগ হওয়ার সুযোগই থাকে না।”
তিনি আরও বলেন, “এটা খুব সহজ একটি অভ্যাস। যদি প্রতিবার ব্যবহার শেষে মাত্র কয়েক সেকেন্ড সময় নিয়ে কল মুছে ফেলেন, তাহলে খনিজ পদার্থ শুকিয়ে গিয়ে দাগ তৈরি করতে পারবে না।”
সাদা ভিনেগারের ব্যবহার
পানির কলে যদি এরই মধ্যে ক্যালসিয়াম বা লাইম দাগ পড়ে যায় তবে পরিষ্কার করতে ব্যবহার করা যায় সাদা ভিনেগার।
‘এএমআর ইউএস কমার্শিয়াল ক্লিনিং’–এর অংশীদার টেইলর রাইলি একই প্রতিবেদনে বলেন, “সম-পরিমাণ সাদা ভিনেগার ও পানি মিশিয়ে স্প্রে করে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করুন। এরপর কাপড় দিয়ে মুছে ফেললেই দাগ উঠে যাবে।”
এভাবে সপ্তাহে একবার ব্যবহার করলে দাগ জমে ওঠার আগেই তা গলে যাবে এবং স্থায়ী দাগ তৈরি হবে না।
তবে দাগ খুব বেশি শক্ত বা পুরনো হলে বাজারে পাওয়া ‘সিএলআর’ নামক রাসায়নিক দ্রব্যও ব্যবহার করা যেতে পারে।
সুরক্ষামূলক আবরণ লাগান
পানির দাগ প্রতিরোধে কার্যকর একটি উপায় হল, কলের ওপর প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করা।
স্কট শ্রাডার বলেন, “রেইন-এক্স নামের যে পণ্যটি মূলত গাড়ির উইন্ডশিল্ডে ব্যবহৃত হয়, সেটি কল ও গ্লাস শাওয়ার দরজার ওপরও ভালো কাজ করে। এটি পানি প্রতিরোধ করে, ফলে পানি জমে দাগ তৈরি করতে পারে না।”
তবে এই ধরনের পণ্য কল ভালো মতো পরিষ্কার করে সম্পূর্ণ শুকিয়ে তারপর ব্যবহার করতে হবে।
অন্যদিকে অস্ট্রেলিয়ার ‘ক্লিনকর্প’–এর প্রধান নির্বাহী কর্মকর্তা লিসা ম্যাককুইন বলেন, “বাসায় থাকা সাধারণ গাড়ির ওয়াক্স কিংবা ফার্নিচার পলিশও ভালো কাজ করে। কয়েক সপ্তাহে হালকা করে এটি ব্যবহার করলে পানি সহজে বেয়ে পড়ে যাবে এবং দাগ পড়বে না।”
পানি নরম করার যন্ত্র লাগান
কল বা ফিক্সচারে যে দাগ দেখা যায়, তার প্রধান কারণ হল ব্যবহৃত পানির মান।
অনেক সময় পানি অতিরিক্ত খনিজসমৃদ্ধ হয়, যাকে বলা হয় ‘হার্ড ওয়াটার’।
এই সমস্যার সমাধান হল- পুরো বাড়িতে পানি প্রবেশের আগেই তা থেকে খনিজ পদার্থ বাদ দেওয়া।
‘নিউ ইরা প্লাম্বিং অ্যান্ড এইচভিএসি’–এর সভাপতি ও মিস্ত্রি ড্যানি পেন বলেন, “হার্ড ওয়াটার’ দূর করার সবচেয়ে কার্যকর উপায় হল- একটি ‘হাউজ-ওয়াইড ওয়াটার সফটনা’র লাগানো। এটি পানির খনিজ উপাদান ছেঁকে ফেলে, ফলে কল বা ফিক্সচারে সেগুলো জমে থাকার সুযোগ পায় না।”
চকচকে ফিনিশ বাদ দেওয়া
লিসা ম্যাককুইন বলেন, “অনেকেই ঘর সাজানোর সময় ক্রোম বা চকচকে ফিনিশিং পছন্দ করেন, যা দেখতে আকর্ষণীয় হলেও দাগ খুব সহজে ধরা পড়ে। বরং ব্রাশড বা ম্যাট ফিনিশ বেছে নিলে দাগ কম চোখে পড়ে এবং অনেকটা স্বাভাবিক দেখায়।”
আরও পড়ুন
