Published : 19 May 2026, 05:18 PM
বিমান ভ্রমণ অনেক সময়েই উত্তেজনার, আবার অনেকের জন্য চাপের অভিজ্ঞতা। সময়মতো পৌঁছানো, নিরাপত্তা তল্লাশি, লাগেজ, বোর্ডিং সব মিলিয়ে পুরো প্রক্রিয়াটি অনেক সময় ক্লান্তিকর মনে হয়।
বিশেষ করে পরিবার বা বড় দলের সঙ্গে ভ্রমণে প্রায়ই দেখা যায় মতের অমিল, সময় নিয়ে তাড়াহুড়া কিংবা অকারণ দুশ্চিন্তা।
তবে একা বিমানে ভ্রমণ করলে সেই অভিজ্ঞতাই হয়ে উঠতে পারে সম্পূর্ণ ভিন্ন।
নিজের সময় নিজের মতো
“একা ভ্রমণের সবচেয়ে বড় সুবিধা হল নিজের সময় পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে থাকা”- বলেন, ভ্রমণ সেবা প্রতিষ্ঠান ‘নট এইট’-এর ‘চিফ অব এক্সপেডিশন অ্যান্ড ট্রেইনার’ মামুন রনি।
কখন বিমানবন্দরে পৌঁছাবেন, কোথায় বসবেন, কী খাবেন বা কীভাবে অপেক্ষার সময় কাটাবেন- সব সিদ্ধান্ত নিজেই নেওয়া যায়।
অর্থাৎ একা ভ্রমণ করলে অন্য কারও সময়, চাপ বা পছন্দের সঙ্গে মানিয়ে চলতে হয় না। ফলে পুরো যাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক হয়ে ওঠে।
এছাড়া একা ভ্রমণের সময় নিজের মতো করে নিরাপত্তা প্রক্রিয়াও শেষ করা যায়। ধীরে সুস্থে বিমানবন্দরে সময় কাটানো সম্ভব এবং নিজের প্রয়োজন প্রথমে অগ্রাধিকারে রাখা হয়।
আবার অনেকেই বিমানবন্দরের অপেক্ষার সময়কে বিরক্তিকর ভাবেন। তবে একা ভ্রমণকারীদের কাছে এটি হয়ে উঠতে পারে নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ।
কারণ এ সময়ে কেউ বই পড়েন, কেউ দোকান ঘুরে দেখেন, কেউ আবার শান্তভাবে বসে কফি উপভোগ করেন। এই একাকী সময় অনেকের জন্য মানসিক বিশ্রামের মতোও কাজ করে।
কম ঝামেলা, বেশি সুবিধা
একা ভ্রমণকারীরা অনেক ক্ষেত্রেই বাড়তি সুবিধা পেয়ে থাকেন। কারণ একটি আসন পরিবর্তন করা বা একজন যাত্রীর বুকিং সমন্বয় করা বিমান প্রতিষ্ঠানের জন্য তুলনামূলক সহজ।
শেষ মুহূর্তে যদি ভালো আসন খালি থাকে বা উন্নত আসনের সুযোগ আসে, তাহলে একা যাত্রীরা বেশি সুবিধা পান।
একইভাবে অপেক্ষমাণ তালিকায় থাকলেও একা যাত্রীর জন্য আসন পাওয়া সহজ হয়। কখনও যদি ফ্লাইট বাতিল হয় বা নতুনভাবে বুকিং করতে হয়, তখনও একা যাত্রীদের দ্রুত ব্যবস্থা করা সম্ভব হয়।
কারণ একটি খালি আসনে একজনকে বসানো সহজ, তবে একাধিক যাত্রীর জন্য পাশাপাশি আসন খুঁজে পাওয়া কঠিন।
সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা
দলবদ্ধ ভ্রমণে প্রায়ই সিদ্ধান্ত নিতে সময় লাগে। কেউ দ্রুত যেতে চান, কেউ আবার দেরি করতে চান। তবে একা ভ্রমণে এই জটিলতা থাকে না।
মামুন রনি মনে করেন- এই স্বাধীনতাই একা ভ্রমণের অন্যতম আনন্দ। এতে নিজের পছন্দ অনুযায়ী পুরো যাত্রাকে পরিচালনা করা যায়।
ভয় কাটিয়ে আত্মবিশ্বাস বাড়ানো
প্রথমবার একা বিমানে উঠতে অনেকেরই ভয় কাজ করে। বিশেষ করে যারা আগে কখনও একা ভ্রমণ করেননি, তাদের কাছে পুরো বিষয়টি জটিল মনে হতে পারে।
তবে ছোট পরিসর থেকে শুরু করলে এই ভয় অনেকটাই কমে যায়।
মামুন রনি পরামর্শ দেন, “শুরুতে ছোট দূরত্বের ভ্রমণ বেছে নেওয়া ভালো। পরিচিত কোনো শহর বা এমন জায়গা নির্বাচন করা যেতে পারে, যেখানে পরিচিত কেউ অপেক্ষা করছেন। এতে মানসিক চাপ কম থাকে।”
অনেকেই আবার বিমানবন্দরে দেরি হয়ে যাওয়ার ভয় পান। এক্ষেত্রে আগে পৌঁছে যাওয়াই সবচেয়ে কার্যকর উপায়। এতে নিরাপত্তা তল্লাশি বা অন্যান্য প্রক্রিয়া ধীরে সুস্থে শেষ করা যায়।
নিজের সক্ষমতা বুঝতে পারা
সফল একাকী বিমানযাত্রা নিজের মধ্যে বিশেষ ধরনের আত্মবিশ্বাস তৈরি করে। কারণ বিমান ভ্রমণ সময়নির্ভর এবং পরিকল্পনা সাপেক্ষ বিষয়।
তাই পুরো প্রক্রিয়াটি নিজে সফলভাবে সম্পন্ন করতে পারলে নিজের সক্ষমতা নতুনভাবে উপলব্ধি হয়।
ভ্রমণ অভিজ্ঞতা থেকে এই প্রশিক্ষক বলেন, “একা ভ্রমণের অভিজ্ঞতা আত্মবিশ্বাস বাড়ায়। এতে নিজের সিদ্ধান্তের ওপর আস্থা এবং নতুন অভিজ্ঞতা গ্রহণে আগ্রহ আসে।”
তিনি আরও বলেন, “মানুষ সাধারণত সেই অভিজ্ঞতাগুলোই আবার পেতে চায়, যেগুলো তাকে মানসিকভাবে তৃপ্তি দেয়। তাই প্রথম একক ভ্রমণ সফল হলে পরবর্তী সময়ে আবারও একা ভ্রমণের আগ্রহ তৈরি হয়।”
একাকিত্ব নয়, নিজের সঙ্গে সংযোগ
অনেকেই মনে করেন একা ভ্রমণ মানেই একাকিত্ব। তবে বাস্তবে এটি অনেক সময় নিজের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ হয়ে ওঠে।
ব্যস্ত জীবনে মানুষ প্রায়ই নিজের জন্য সময় বের করতে পারে না। একা ভ্রমণের সময় সেই সুযোগ তৈরি হয়।
আরও পড়ুন
দেশের ভেতরে ভ্রমণে সাশ্রয়ী হওয়ার কৌশল