২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে ফের আন্দোলনে পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা

ভাতা ৫০ হাজার টাকা করার পাশাপাশি নিয়মিত তা পরিশোধের দাবিতে সাত দিন সময় বেঁধে দিয়েছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 02:42 PM

Updated : 17 Jul 2023, 02:42 PM

মাসিক ভাতা ২০ হাজার টাকা থেকে ৫ হাজার বাড়ানোর ঘোষণা প্রত্যাখ্যান করে ফের আন্দোলনে নেমেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকরা।

ভাতা ৫০ হাজার টাকা করার পাশাপাশি নিয়মিত তা পরিশোধের দাবিতে সাত দিন সময় বেঁধে দিয়েছেন তারা।  

সোমবার বেলা ১১টা থেকে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন।

এ সংগঠনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, “৫ হাজার টাকা বর্ধিত ভাতা চিকিৎসকদের সঙ্গে হাস্যরস করা ছাড়া কিছুই না, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মত নয়।

"সাত দিনের মধ্যে আমরা প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরতে চাই। আমরা কোনো দয়াদাক্ষিণ্য চাই না। ৫০ হাজার টাকা ভাতা আমাদের অধিকার। ২৫ হাজার টাকা ভাতা আমরা কোনোভাবেই মেনে নেব না।"

অবস্থান কর্মসূচিতে চিকিৎসকরা 'বেতন ভাতার উন্নয়ন, করতে হবে বাস্তবায়ন', 'আশ্বাস নয় প্রমাণ চাই, ৫০ হাজার ভাতা চাই', 'ক্ষুধা পেটে সেবা নয়, অধিকার চাই, ভিক্ষা নয়' ইত্যাদি স্লোগান দেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা।

পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকদের দাবি হল, তাদের মাসিক ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে এবং এবং প্রাপ্য ভাতাও নিয়মিত দিতে হবে। তাদের ভাষ্য, এখন যে ভাতা তারা পাচ্ছেন সেটি তারা ৬ মাস পরপর পেয়ে থাকেন।

এসব দাবি নিয়ে গত ৮ জুলাই থেকে কাজ বন্ধ রেখে আন্দোলনে আছেন বিএসএমএমইউ এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

এর মধ্যে এই চিকিৎসকরা ৯ জুলাই গণঅনশন কর্মসূচি পালন করেন। পরদিন ১০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে দাবি সম্বলিত স্মারকলিপি দেন চিকিৎসকদের একটি প্রতিনিধি দল।

তাতেও দাবি পূরণ না হওয়ায় রোববার শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে চিকিৎসকদের ধস্তাধস্তিও হয়।

বিকাল পর্যন্ত বিক্ষোভ দেখানোর পর বিএসএমএমইউ উপাচার্য ‘সাত দিনের মধ্যে ভাতা বৃদ্ধির’ আশ্বাস দিলে শাহবাগ ছাড়েন আন্দোলনকারীরা। এরই মধ্যে সন্ধ্যায় তাদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করার ঘোষণা দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশিদ ।

কিন্তু ওই অংকের ভাতা বৃদ্ধিতে তারা সন্তষ্ট নন জানিয়ে সোমবার ফের আন্দোলনে নেমেছেন পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা।

অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, “আমরা গতকাল শুনেছি ২৫ হাজার টাকা ভাতা বাড়ানো হয়েছে, এটা একটা উড়ন্ত খবর। এর কোনো সত্যতা নেই। যদি সত্যিও হয়, ২৫ হাজার টাকায় আমরা সন্তুষ্ট নই।

"আমরা এমন একটা ভাতা চাই, যেটা দিয়ে পরিবার নিয়ে সুন্দর করে জীবনযাপন করতে পারি, পাশাপাশি আমাদের চলমান কোর্সটি সুন্দরভাবে শেষ করতে পারি।"

পুরনো খবর

পুরনো খবর:

আলোচনার আশ্বাসে রাস্তা ছাড়লেন পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা
ভাতা বৃদ্ধির দাবিতে পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের বিক্ষোভ
কর্মবিরতির দ্বিতীয় দিনে গণঅনশনে পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা
ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতিতে পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা
কর্মবিরতিতে যাচ্ছেন বিএসএমএমইউর পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা