২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মবিরতির দ্বিতীয় দিনে গণঅনশনে পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নূরুন্নবী জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 02:11 PM

Updated : 09 Jul 2023, 02:11 PM

ভাতা বাড়ানো এবং প্রাপ্য ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে ডাকা কর্মবিরতির দ্বিতীয় দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন কর্মসূচি পালন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকরা।

রোববার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন’ ব্যানারে এই কর্মসূচি শুরু করেন তারা। বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালনের কথা রয়েছে তাদের।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নূরুন্নবী বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে।

“আমরা চাই না কর্মবিরতিতে গিয়ে রাস্তায় থাকতে। আমরা হাসপাতালে ফিরে যেতে চাই। আমরা চাই না, রোগী দুর্ভোগে পড়ুক।

"মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মায়ের মত। তিনি যদি আমাদের দাবিটা মেনে নেন, তাহলে আমরা হাসপাতালে ফিরে যাব।"

দাবির বিষয়ে নূরন্নবী বলেন, “আমরা এখন ২০ হাজার টাকা ভাতা পাই। সেটা বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করতে হবে। আমরা এখন যে ভাতাটা পাই, সেটা ৬ মাস পর পর পাই। এই ৬ মাস আমরা কীভাবে চলব? আমাদের তো পরিবার আছে। আমরা চাই, ভাতাটা যাতে প্রত্যেক মাসে দিয়ে দেওয়া হয়।“

শনিবার পূর্বঘোষিত এই কর্মবিরতি কর্মসূচি শুরু করেন বিএসএমএমইউ এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের ( বিসিপিএস) পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা, যারা ঢাকার বিভিন্ন হাসপাতালে ট্রেইনি চিকিৎসক হিসেবে কাজ করেন।

পুরনো খবর:

ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতিতে পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা
কর্মবিরতিতে যাচ্ছেন বিএসএমএমইউর পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা

এর আগে এসব দাবি নিয়ে বিভিন্ন জায়গায় স্মারকলিপি দেওয়া হলেও সংকটের সমাধান হয়নি বলে জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “আমরা বিএসএমএমইউ, বিসিপিএস, ডিজি হেল্থ সব জায়গায় স্মারকলিপি দিয়েছি কোথাও থেকে আমরা সদুত্তর পাই নাই। তারা বলেছে, আমাদের দাবিটা যৌক্তিক। কিন্তু ৬ মাস পার হয়ে গেল কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যার কারণে আমরা আন্দোলনে নেমেছি।"

ভাতা বাড়ানোর দাবিতে এই কর্মসূচিতে যাওয়ার কথা গত ৩ জুলাই ঘোষণা দিয়েছিল প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন।

এছাড়া গত মাসে একই দাবি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন পাঁচ শতাধিক চিকিৎসক।

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সে সময় বলেছিলেন, “তাদের (নন রেসিডেন্টদের) ভাতা গত ঈদের আগে আমাকে দেওয়া হয়নি। আমি মানবিক কারণে আমার ফান্ড থেকে তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি। নয় মাস তাদের ভাতা বাকি আছে, সেটা আমি চেয়েছি, আশা করছি এই বাজেটে পেয়ে যাব।”