অস্কারের স্ন্যাকস নিয়ে সমালোচনা
কোনান মজা করে এই স্ন্যাকস বক্সের নাম দেন ‘মডারেটলি হ্যাপি মিল’
এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের অতিথিদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেন সঞ্চালক কোনান ও’ব্রায়েন। প্রত্যেক অতিথির আসনের নিচে রাখা ছিল বিশেষ স্ন্যাকস বক্স।
বিশ্বখ্যাত বার্গার চেইন ‘ম্যাকডনাল্ডস’ এর ‘হ্যাপি মিল’ এর আদলে কোনান মজা করে এই স্ন্যাকস বক্সের নাম দেন ‘মডারেটলি হ্যাপি মিল’। এই স্ন্যাকস বক্সের ভেতরের উপকরণ দেখে বেশ ক্ষোভ ঝাড়ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এসেছে, ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে খাবারের ওই বাক্সে রয়েছে একটি পপকর্নের প্যাকেট, ছোট এক প্যাকেট ডার্ক চকোলেট ও এক বোতল পানি। সঙ্গে অতিথিদের জন্য নির্দেশাবলী ও কোনানের হাতে লেখা ও তার প্রতিকৃতির ডুডল আঁকা একটি চিঠি।
কোনান চিঠিতে অতিথিদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মনে করিয়ে দিয়েছে এই ‘মডারেটলি হ্যাপি মিল’ এর দাম যে সিনেমা হলগুলোতে ৮৫ ডলার রাখা হত।
তবে, স্ন্যাক্সের পরিমাণ দেখে অনেকে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি ডেল্টা এয়ারলাইনের সঙ্গে তুলনা করে লিখেছেন, “ডেল্টা এখন বার্গার খেতে দেয়। সুতরাং আমরা এটা বলতে পারি যে ডেল্টা তাদের যাত্রীদের অস্কারের চেয়ে ভালো খাবার দিচ্ছে।”
এর আগে, অস্কারের সঞ্চালক জিমি কিমেলও অতিথিদের জন্য স্ন্যাকস বক্সের ব্যবস্থা করেছিলেন। সেবার সবাইকে তার পক্ষ থেকে প্রেটজেল দেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে সেরা সিনেমা, সেরা নির্মাতাসহ ২৪ শাখায় পুরস্কার ঘোষণা করা হয়।
বছরের প্রতিক্ষীতি জমাকালো এই আসর বসে রোববার সন্ধ্যায়। দ্বিতীয়বারের মত অস্কারের আসর সঞ্চালনা করেন কমেডিয়ান কোনান ও’ব্রায়েন।
