চতুর্থবার পেছাল চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন
আগামী ৩১ জুলাই এ সম্মেলন হওয়ার কথা ছিল।
কয়েক দফা পিছিয়ে তারিখ ঘোষণার পর এবারও হচ্ছে না চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন; ঘোষণার ৯ দিনের মাথায় ‘চট্টগ্রাম ১০ উপনির্বাচনের কারণে নগরের ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলনও স্থগিত হয়েছে।
আগামী ৩১ জুলাই এই সম্মেলন হওয়ার কথা ছিল; তার আগের দিন, অর্থাৎ ৩০ জুলাই চট্টগ্রাম ১০ আসনে উপনির্বাচন।
বৃহস্পতিবার বিকালে বন্দরনগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সম্মেলন পেছানোর এ সিদ্ধান্ত হয় বলে প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রীর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনের আগে আর কোনো সম্মেলন হবে না। নগর, ইউনিট, থানা ও ওয়ার্ড কোনো সম্মেলনই হবে না।”
এর আগে ২৭ জুন নগর কমিটির সভায় ‘কেন্দ্রের নির্দেশনা অনুসারে’ ৩১ জুলাই সম্মেলনের বিষয়টি জানানো হয়েছিল।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বৃহস্পতিবারের সভায় বলেন, “একটি কঠিন সময় মোকাবেলার জন্য আমরা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী মাঠে আছি, মাঠে থাকব। আমাদের শক্তি দলীয় ঐক্য এবং মুক্তিযুদ্ধের চেতনা ও দলীয় আদর্শের প্রতি আনুগত্য। এই চেতনাকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কখনো ভেঙে পড়েনি এবং ভেঙে পড়বে না।
“কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন পরবর্তীতে যথা সময়ে অনুষ্ঠিত হবে।”
গত ২৭ জুন সম্মেলনের তারিখ ঘোষণার পর ‘উপনির্বাচনের পরদিনই সম্মেলন’ আয়োজন নিয়ে কেন্দ্রে চিঠি লেখেন নগর কমিটির কয়েকজন নেতা।
তাদের একজন নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, “সামনে চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচন। কেন্দ্রের নির্দেশনা নির্বাচনের কাজ এগিয়ে নিতে হবে। সামনে জাতীয় নির্বাচন, সেটাই আমাদের মূল লক্ষ্য।
“চিঠি না দিলেও এটা হত। উপনির্বাচন ও সম্মেলন তো একসাথে হতে পারে না।”
বৃহস্পতিবারের সভায় নগরের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, “চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কোনো ক্ষেত্রেই কেন্দ্রীয় নিদের্শনার বাইরে যায়নি। সব সময় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখেছে। এই শৃঙ্খলা অবশ্যই ধারাবাহিকভাবে সুরক্ষিত হবে।
“আমাদের একমাত্র লক্ষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি যাকেই নৌকা প্রতীক দেবেন তাকে বিজয়ী করা।”
এদিনের সভায় চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনে দল মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে বিপুল ভোটে জয়ী করতে প্রস্তুতি গ্রহণ, নির্বাচন পরিচালনা কমিটি গঠন, প্রধান নির্বাচনী এজেন্ট নির্ধারণ, প্রচার ও দপ্তর পরিচালনার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি নগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান চলমান থাকবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
নগর কমিটির সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, সুনীল কুমার সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম জহিরুল আলম দোভাষ ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।
‘কমিটির এক দশক’
প্রতি তিন বছরে একবার করে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার নিয়ম থাকলেও তা গত এক দশকেও অনুষ্ঠিত হয়নি। এর আগেও একাধিকার সম্মেলনের তারিখ নির্ধারণ করেও তা করতে পারেনি ক্ষমতাসীন দলটি; ফলে এ নিয়ে চতুর্থবারের মত নগর আওয়ামী লীগের সম্মেলন স্থগিত হল।
এদিকে নগর কমিটিতে দীর্ঘদিন ধরে দুটি ধারা চলছে। এর একটি অংশ নগর কমিটির সভাপতি ও তিনবারের মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। মহিউদ্দিনের মৃত্যুর পর ওই ধারাটির নেতাকর্মীরা আছেন তার বড় ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে।
আরেকটি ধারা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
এছাড়া তৃণমূল পর্যায়ের কমিটিগুলোর শেষ সম্মেলন হয়েছিল দেড় থেকে দুই দশক আগে। আর কেন্দ্র থেকে নগর আওয়ামী লীগের সবশেষ কমিটি ঘোষণা করা হয়েছিল ২০১৩ সালের ১৩ নভেম্বর।
তখন মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি ও আ জ ম নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বর্তমান কমিটি গঠিত হয়। তবে সেবার সম্মেলন হয়নি, কমিটির ঘোষণা এসেছিল কেন্দ্র থেকে। এরও আগে সবশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালে।
পরে ২০১৭ সালে মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর কমিটির সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান।
এর প্রায় পাঁচ বছর পর ২০২২ সালের ১ অক্টোবর, ৪ ডিসেম্বর ও ১৮ ডিসেম্বর তিন দফায় নগর সম্মেলনের তারিখ ঘোষণা করলেও তা বারবার স্থগিত করা হয়।
এর মধ্যে নগর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন, তৃণমূলের সম্মেলন আয়োজনসহ নানা ইস্যুতে দুপক্ষের বিরোধ নিষ্পত্তিতে কেন্দ্রের নেতাদের একাধিকার দায়িত্ব দেওয়া হয়েছে।
দুই পক্ষের নেতারা দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছেন।
এরপর গত মার্চে ওয়ার্ড ও থানায় সম্মেলন শুরু হয়; এতেও দুপক্ষের নেতারা বিরোধে জড়ান। সবশেষ মে ও জুনে তৃণমূলের বেশ কয়েকটি ওয়ার্ড ও থানার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেগুলোতে সব পক্ষের নেতাদের দেখা গেছে।
পুরনো খবর
