তামিম-সৌম্যদের জন্য ভারতের ‘বাউন্সার’
বাংলাদেশের ব্যাটসম্যানদের থামানোর উপায় খুঁজছে ভারতের থিংক ট্যাঙ্ক। ভেবেচিন্তে তারা বের করেছে, আক্রমণের জবাবে পাল্টা আক্রমণ। আগ্রাসী বোলিং আর বাউন্সার ছুঁড়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের জবাব দেওয়া হবে, জানালেন রোহিত শর্মা।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারতের দুই নম্বরে উঠে আসায় বড় অবদান ছিল পেসারদের। গত বিশ্বকাপেও দারুণ আলো ছড়িয়েছিল ভারতের পেস আক্রমণ। বিশেষ করে আলোচিত হয়েছিল তারা শর্ট বলের দারুণ ব্যবহারে। প্রথম ওয়ানডেতে সেই পেসারদেরই তুলোধুনা করে ছেড়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটিতে মাত্র ১৩.১ ওভারেই দলকে একশ’ এনে দিয়েছেন তামিম-সৌম্য। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করেছেন বাকিরাও। ৪.৪ ওভারেই ৫৩ রান গুণেছেন মোহিত শর্মা, ৮ ওভারে ৫৮ রান দিয়েছেন উমেশ যাদব!
শনিবার সংবাদ সম্মেলনে রোহিত শর্মা জানালেন, পরের ম্যাচে আগ্রাসী ব্যাটিংয়ের জবাব আগ্রাসী বোলিংয়েই দিতে চায় ভারত।
“একই লেংথে বোলিং করে গেলে চলবে না। সবকিছু মিলিয়ে-মিশিয়ে করতে হবে। আগ্রাসী হতে হবে আমাদের। আগ্রাসী মানে, প্রয়োজনে বাউন্সার ছুঁড়তে কোনো দ্বিধা করা যাবে না।”
রোহিতের দাবি, বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বলতা তারা ভালোভাবেই জানেন।
“আমরা বাংলাদেশের বিপক্ষে যথেষ্ট ম্যাচ খেলেছি। আমাদের বোলারদের স্পষ্ট ধারণা আছে ওদের ব্যাটসম্যানদের দুর্বলতা সম্পর্কে। এখন শুধু সেটা কাজে লাগানোর পালা।”
