২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বাদশ সংসদ: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল দিতে চায় ইসি

ভোটকে ঘিরে বিবদমান রাজনৈতিক মতানৈক্যের পরও পরিবেশ ভালো রয়েছে বলে মনে করেন নাম প্রকাশে অনিচ্ছুক এ নির্বাচন কমিশনার।

দ্বাদশ সংসদ: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল দিতে চায় ইসি

নির্বাচন ভবন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 04:23 PM

Updated : 23 Oct 2023, 04:57 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।

সোমবার সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক এ নির্বাচন কমিশনার বলেন, “জনগণ নির্বাচন চায়। মানুষ জানতে চায় কবে ভোট হবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল (হতে পারে)।  ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে।”

ভোটকে ঘিরে বিবদমান রাজনৈতিক মতানৈক্যের পরও পরিবেশ ভালো রয়েছে বলে মনে করেন তিনি।

“ভোটের পরিবেশ ভালো আছে। আমি কোনো সমস্যা দেখি না।”

ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে ভোট করার কথা ইতোমধ্যে কমিশন জানিয়ে আসছে।

এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ে করণীয় ঠিক করতে ৩০ অক্টোবর ও ১ নভেম্বর সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় সভাও ডেকেছে ইসি।

গত ১৬ অক্টোবর নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছিলেন, চলমান সংসদের মেয়াদপূর্তির পূর্বের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

“সে অনুযায়ী ক্ষণ গণনা করে আমরা যাবতীয় কার্যক্রম শেষ করছি। এখন শুধু তফসিল ঘোষণা বাকি আছে।”

এর আগে গত ২ সেপ্টেম্বর নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) প্রশিক্ষণকদের প্রশিক্ষণ (টিওটি) অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশে আরেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ২০২৪ সালের গোড়ার দিকে একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে।

সবশেষ রোববার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল হবে নভেম্বরের মাঝামাঝি বা তার আগে আর নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।

আরও পড়ুন:

পুরনো খবর:

অক্টোবরের আগে তফসিল নয়: সিইসি
তফসিল নভেম্বরের মাঝামাঝি, ভোট জানুয়ারির প্রথম সপ্তাহে: ওবায়দুল কাদের
ভোটের পথে প্রস্তুতির শেষে ইসি, আলোচনায় ‘সংলাপও’
কেবল তফসিল ঘোষণা বাকি: নির্বাচন কমিশনার
ভোট প্রস্তুতি: আইন-শৃঙ্খলা ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা ডেকেছে ইসি
নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে, আভাস নির্বাচন কমিশনার আনিছুরের
নির্বাচনকালীন সরকার নিয়ে সিদ্ধান্ত তফসিলের পর: কাদের