২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক আশা জাগিয়ে আসছেন মোদী

চার বছর আগে মনমোহন সিংয়ের সফরের সময় ‘ডুবোচরে’ আটকে যাওয়া তিস্তা চুক্তির জট না খুললেও ‘গণ্ডির বাইরে গিয়ে নতুন সম্ভাবনার দুয়ার খোলার’ আশা জাগিয়ে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নুরুল ইসলাম হাসিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 04:01 AM

Updated : 12 Oct 2022, 03:46 PM

পুরনো খবর:

হতে পারে যে সব চুক্তি-সমঝোতা
মমতা ঢাকায়
ঢাকা সফর নিয়ে মোদীর টুইট
মোদীর দেখা পাচ্ছেন খালেদা
তিস্তায় ধৈর্য ধরার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
তিস্তা চুক্তি হচ্ছে না: সুষমা
মমতাকে ‘রাজি করাতে’ তিস্তা বাদ!
মোদীর নিরাপত্তায় ‘বাড়তি’ সতর্কতা
২০০ কোটি ডলার ঋণ দেবেন মোদী
অর্ধ লক্ষাধিক মানুষের ‘মুক্তির’ বিল পাস
‘ম্যায় রাস্তা নিকাল রাহা হুঁ’

বাংলাদেশে প্রথম সফর নিয়ে উচ্ছ্বসিত মোদী বলেছেন, তার এ সফর সম্পর্কের বন্ধন আরও ‘মজবুত করবে’, দুই দেশের মানুষই ‘উপকৃত হবে’ বলে তার বিশ্বাস।

বিজেপি ভারতের ক্ষমতায় আসার পর বিশ্বের সামনে গত এক বছরে নিজের ভাবমূর্তি তিনি পাল্টে ফেলেছেন অনেকটাই। কয়েকবার ঢাকা আসার আগ্রহ দেখালেও সীমান্ত চুক্তি বাস্তবায়নের পথ তৈরি পর্যন্ত অপেক্ষা করে ৫০ হাজার ছিটমহলবাসীর ‘জীবনবদলের’ আশার দলিল হাতে নিয়ে, তবেই তিনি আসছেন।

ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্করের ভাষায়, ‘ব্যতিক্রমী প্রতিবেশী’ বাংলাদেশে নরেন্দ্র মোদীর এই সফর হবে ‘ঐতিহাসিক’।

শনিবার সকাল সোয়া ১০টায় ‘এয়ার ইন্ডিয়া-ওয়ান’ যখন শাহজালালের রানওয়ে স্পর্শ করবে, বাংলাদেশ তখন লাল গালিচা পেতে মোদীর অপেক্ষায়।

বিমানবন্দরের ভিভিআইপি টারমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। গার্ড অব অনারে তাকে জানানো হবে রাষ্ট্রীয় সন্মান।

বিমানবন্দর সড়কসহ বিভিন্ন এলাকায় বিলবোর্ডে দুই দেশের প্রধানমন্ত্রীর হাস্যোজ্জ্বল ছবি আর বাংলা-ইংরেজিতে শুভেচ্ছা বার্তা ইতোমধ্যে রাজধানীকে এনে দিয়েছে উৎসবের আমেজ। ওই পথ দিয়েই হোটেল সোনারগাঁওয়ে যাবেন মোদী, এই সফরে তিনি সেখানেই থাকবেন।  

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত দুই দেশের মধ্যে চার হাজার কিলোমিটার সীমান্তের নিরাপত্তা ভারতের কাছে দুশ্চিন্তারই বিষয় ছিল। 

আর বাংলাদেশের অধিকাংশ গুরুত্বপূর্ণ নদীকে ভারতের ভূখণ্ড দিয়ে আসতে হয় বলে পানির ন্যায্য হিস্যা বরাবরই বাংলাদেশের জন্য ছিল গুরুত্বপূর্ণ।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দিল্লিতে ভারতের তখনকার প্রধানমন্ত্রী দেব গৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তির পর ২০১১ সালেই তিস্তার মীমাংসা হয়ে যাবে বলে দুই দেশ আশা করেছিল।

ভারতের সাবেক কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সেই সফরে ছিটমহল বিনিময় ও সীমান্ত জটিলতার অবসানে ৪১ বছরের পুরনো ইন্দিরা মুজিব চুক্তির প্রোটোকল স্বাক্ষরিত হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বেঁকে বসায়’ তিস্তা চুক্তি আটকে যায়।

সব ঠিকঠাক করেও একেবারে শেষ মুহূর্তে সেই সফর বাতিল করেন মমতা। তবে মোদী এবার তাকে ঠিকই রাজি করিয়েছেন; ভারতের প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই রোববার রাতে ঢাকা পৌঁছেছেন পশ্চিমবঙ্গের ‘দিদি’।  

কংগ্রেস সরকার প্রোটোকলে সই করলেও মোদী ও মমতার দলের বিরোধিতায় ভারতের সংবিধান সংশোধন আটকে থাকায় সীমান্ত চুক্তি আরও চারবছর অনিশ্চয়তায় ঝুলে থাকে। ক্ষমতায় এসে মোদী সেই অবস্থান বদল করে নিজে উদ্যোগী হন এবং মমতাকে ছিটমহল বিনিময়ে রাজি করান। তাতেই গত ৭ মে সংবিধান সংশোধনের প্রস্তাব ভারতীয় পার্লামেন্টের অনুমোদন পায়।  

এরপর মোদীর ঢাকা সফরের ঘোষণায় তিস্তার জট খোলার আশা জাগে। কিন্তু এবার যে তা হচ্ছে না, দুপক্ষই শেষ পর্যন্ত তা স্পষ্ট করেছে।

শনিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা কক্ষে দ্বিপক্ষীয় বৈঠকে বসার আগে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সীমান্ত চুক্তির প্রোটোকলে অনুসমর্থনের দলিল বিনিময় হবে। ওই চুক্তি বাস্তবায়নের কার্যপদ্ধতি সম্বলিত পত্রও হস্তান্তর করা হবে, যার মধ্য দিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত এ সমস্যা একটি পরিণতিতে পৌঁছাবে।

শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে জয়শঙ্করও বলেছেন, সীমান্ত চুক্তির বাস্তবায়ন হবে মোদীর এ সফরের মূল বিষয়। এর মধ্য দিয়ে ‘সহযোগিতা ও শুভেচ্ছার’ নতুন দিগন্তের উন্মোচন হবে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছে, চুক্তি না হলেও দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকে অনেক বিষয়ের মধ্যে পানিবণ্টনের বিষয়টিও আসা ‘স্বাভাবিক’।

মোদীর সফর সামনে রেখে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী শুক্রবার তিস্তা নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন, বলেছেন সব কিছু ‘রাতারাতি হয় না’।

বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘একটি ঐতিহাসিক উচ্চতায়’ পৌঁছেছে জানিয়ে তিনি বলেছেন, একসঙ্গে কাজ করলে আরও অনেক অর্জনই সম্ভব।

বাংলাদেশ সার্কে ভারতের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী হলেও দুই দেশের বাণিজ্যে কম-বেশি সাড়ে পাঁচশ কোটি ডলারের ব্যবধান রয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ থেকে যেখানে ৪৫ কোটি ৬৬ লাখ ডলারের পণ্য ভারতে গেছে, সেখানে ভারত থেকে এসেছে ৬০৩ কোটি ৫৫ লাখ ডলারের পণ্য।

দুই সরকার প্রধানের উপস্থিতিতে শনিবারই দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নবায়ন হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক বিনিময় এবং অভ্যন্তরীণ নৌ ট্রানজিটের সংশোধিত প্রটোকলও সই হবে।

মোদী-হাসিনা বৈঠকের পর সব মিলিয়ে প্রায় ২০টির মতো চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর মধ্যে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি, ভারতের কাছ থেকে  ২০০ কোটি ডলারের ঋণ, কলকাতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-শিলং-গুয়াহাটি বাস চলাচলে হতে পারে নতুন চুক্তি।

দুই দেশের কোস্টগার্ডের সহযোগিতা, মুদ্রা জালিয়াতি প্রতিরোধ, মানবপাচার রোধসহ কয়েকটি বিষয়ে এদিন সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়া শিক্ষা সহযোগিতা, ব্যান্ডউইথ বিক্রি নিয়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে হতে পারে সমঝোতা স্মারক।

বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে ‘ওপারে’ দেখানোর বন্দোবস্ত হয়,  মোদীর কাছ থেকে সে ঘোষণাও আসতে পারে বলে জয়শঙ্কর জানিয়েছেন।

এ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ঢাকা-কলকাতা ও ঢাকা-গুয়াহাটি পথে বাসে যাত্রী পরিবহন সেবার উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী।

খুলনা-মংলা রেললাইন, শিলিগুড়ির রবীন্দ্র ভবন, ফেনী নদীর উপরে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১, কুলাউড়া-শাহজিবাজার রেলপথ, সারদা পুলিশ অ্যাকাডেমীতে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবনের ফলক উন্মোচন করবেন তারা।

এছাড়া বিএসটিআইয়ের আধুনিকায়ন করা ল্যাবরেটরি ও ব্রাহ্মণবাড়িয়া-ত্রিপুরা সীমান্ত হাটের উদ্বোধন করবেন মোদী-হাসিনা।

শনিবার সকালে ঢাকা পৌঁছে বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারতীয় প্রধানমন্ত্রী।

একান্ত সাক্ষাৎকার, দ্বিপক্ষীয় বৈঠক ও চুক্তি-প্রোটোকল সইয়ের পর রাতে হোটেল সোনারগাঁওয়ে শেখ হাসিনার দেওয়া নৈশভোজে যোগ দেবেন নরেন্দ্র মোদী।

সফরের দ্বিতীয় দিন রোববার সকালে ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনে যাবেন বিজেপি নেতা মোদী। এরপর তিনি বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরির উদ্বোধন করবেন। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হবে।

সেখানে রাষ্ট্রপতির কাছ থেকে অটল বিহারি বাজপেয়ীর পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা গ্রহণ করবেন ভারতীয় প্রধানমন্ত্রী। এরপর যোগ দেবেন মধ্যাহ্ন ভোজে।

Image
২০১৪ সালে নিউ ইয়র্কে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর প্রথম সাক্ষাৎ।

২০১৪ সালে নিউ ইয়র্কে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর প্রথম সাক্ষাৎ।

কেবল বাংলাদেশ বা ভারত নয়, এ দুই দেশের অংশীদারিত্বকে পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে সাম্প্রতিক সময়ে। আর তাই মোদীর সফর ঘিরে বাংলাদেশের প্রায় সব মহলেই কাজ করছে আগ্রহ আর উচ্চাশা।

এক সময় ‘ভারতবিরোধিতায়’ উচ্চকণ্ঠ বিএনপি নেতা খালেদা জিয়াও মোদীর সফরকে স্বাগত জানিয়েছেন; তাদের সাক্ষাতের সময় ঠিক হয়েছে রোববার বিকালে।

সোনারগাঁও হোটেলে ওই সময়ই বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন মোদী।

ঢাকায় সফরের শেষ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বক্তৃতা দেবেন, যা নিয়ে তরুণদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্রী সাবরিনা রহমান আর্চি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি উনার বক্তৃতা শোনার আমন্ত্রণ পেয়েছি। আমি খুব এক্সাইটেড।”

ভারতীয় হাই কমিশনের সঙ্গে মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানা অংশের প্রায় দেড় হাজার প্রতিনিধি ভারতীয় প্রধানমন্ত্রীর এই বক্তৃতা শুনবেন।

বক্তৃতা শেষ করে অনুষ্ঠানস্থল থেকেই সরাসরি বিমানবন্দরে গিয়ে বিমানে চড়বেন ভারতের প্রধানমন্ত্রী।