ঢাকা সফর নিয়ে মোদীর টুইট
নিজের প্রথম বাংলাদেশ সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাসের প্রকাশ ঘটিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঢাকায় আসার দুদিন আগে বৃহস্পতিবার টুইটারে তিনি লিখেছেন, “আমি দৃঢ় আশাবাদী যে আমার বাংলাদেশ সফর আমাদের বন্ধন আরও মজবুত করবে এবং তাতে দুই দেশের জনগণই উপকৃত হবে।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভারতের প্রধানমন্ত্রী ফেইসবুকেও নিজের ঢাকা সফরের বিস্তারিত তুলে ধরেছেন।
বিজেপি নেতা মোদী আগামী শনিবার সকালে ঢাকায় পা রাখছেন।
শনিবার ঢাকায় নামার পর বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন মোদী। সেখান থেকে তিনি যাবেন বঙ্গবন্ধু জাদুঘরে।
সেদিন বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে। ওই বৈঠকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকবেন।
পরদিন ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ছাড়াও বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সমম্মেলন কেন্দ্রে বক্তৃতা দেবেন মোদী। এরপর সন্ধ্যায়ই তিনি ঢাকা ছাড়বেন।
বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি কার্যকরের সব বাধা কাটিয়ে ওঠার পর নরেন্দ্র মোদীর এই সফর হচ্ছে। এক সময় বিরোধিতা থাকলেও বিজেপি সরকারের এই উদ্যোগে শেষে সমর্থন দেন মমতা।
চার বছর আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরসঙ্গীর তালিকা থেকে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
সব প্রস্তুতি থাকার পরও তার আপত্তির কারণে তখন আটকে যায় তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের চুক্তি সই, যা এখনও হয়নি।
সাবেক কংগ্রেস নেত্রী মমতার দল তৃণমূল কংগ্রেস এক সময়ে বিজেপির সঙ্গে জোট বাঁধলেও এখন তাদের সম্পর্ক অনেকটাই সাপে-নেউলে। বিজেপি নেতা মোদীর কঠোর সমালোচক তিনি।
মমতা শীর্ষ বৈঠকে থাকলেও নরেন্দ্র মোদীর সঙ্গে আসছেন না। তিনি একদিন আগে শুক্রবারই ঢাকায় আসবেন। পরদিনই ফিরে যাবেন তিনি।
