মোদীর নিরাপত্তায় ‘বাড়তি’ সতর্কতা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বাংলাদেশ সফরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে প্রায় দুই সপ্তাহ ধরে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
তার নিরাপত্তা নিয়ে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। প্রতিদিনই বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা চলছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
আগামী ৬ জুন দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন মোদী। গত বছর প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই এ বিজেপি নেতার প্রথম বাংলাদেশ সফর।
তার সফরকালে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সব গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের উপর ভিত্তি করে ‘নিরাপত্তা পরিকল্পনা’ তৈরি করে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।
এ নিয়ে গোয়েন্দারা বর্তমানে সার্বক্ষণিক ব্যস্ত রয়েছে বলে সংশ্নিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) এস এম জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রায় দুই সপ্তাহ ধরে নিরাপত্তার বিষয়ে কাজ করছে গোয়েন্দা পুলিশ।
“বিমানবন্দরে আসার পর, তার অবস্থান ও বিভিন্ন মুভমেন্ট ঘিরে গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হবে।”
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, “ভারতের মত বড় একটি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই একটু বাড়তি সতর্কতা।”
তার সফর ঘিরে র্যাবের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মোদীর অবস্থান ও চলাফেরার জায়গাগুলোতে পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তা সদস্যরা থাকবেন।
“ভেন্যুতে বোমা নিস্ক্রিয়কারী দল থাকবে। আশপাশে প্রয়োজনীয় সংখ্যক র্যাব সদস্য থাকবে। ট্রাফিকিংয়ের সময় র্যাবের মোবাইল দল ছাড়াও মোটর সাইকেলে পেট্রোল দল থাকবে।”
এছাড়া প্রয়োজনে ব্যবহারের জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হবে জানান তিনি।
নিরাপত্তা প্রস্তুতি নিয়ে র্যাবের মুখপাত্র বলেন, “যেদিন ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসার সফরসূচি নিশ্চিত হয়েছে সেদিন থেকে র্যাব নিরাপত্তার বিষয়ে কাজ শুরু করেছে। এ নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে সমম্বয়ও করা হয়েছে।”
এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, “ভারতের প্রধানমন্ত্রীর আসাকে কেন্দ্র করে আমরা সভাকক্ষে প্রতিদিন মিটিং করছি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত বৈঠক হচ্ছে এ বিষয়ে।
“নিরাপত্তার বিষয়ে ভারতের কোনো ধরনের ‘নোট’ থাকলে তা আমাদের জানাচ্ছে এবং আমরা সে আনুযায়ীও কাজ করছি।”
৬ জুন বেলা পৌনে ১১টায় ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে মোদীর। সেখান থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের শ্রদ্ধা জানাতে যাবেন তিনি।
ঢাকার সোনারগাঁও হোটেলে উঠবেন ভারতের প্রধানমন্ত্রী। পরদিনই ঢাকা ছাড়বেন তিনি।
এর আগে ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংও ঢাকা সফরে এসে সোনারগাঁও হোটেলে ছিলেন।
