তিস্তা চুক্তি হচ্ছে না: সুষমা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বাংলাদেশ সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি সই হচ্ছে না বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন।
রোববার নয়া দিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি চূড়ান্ত করার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত নেওয়া হবে।
“তিস্তা চুক্তি সইয়ের মতো পরিস্থিতিতে আমরা উপনীত হতে পারিনি,” সুষমাকে উদ্ধৃত করে বলেছে বার্তা সংস্থা পিটিআই।
সুষমা স্বরাজ বলেছেন, “রাজ্য (পশ্চিমবঙ্গ) সরকারের সঙ্গে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হওয়ায় এক্ষেত্রে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে বোঝাপড়াই যথেষ্ট নয়।”
আগামী ৬ জুন দুই দিনের সফরে ঢাকা আসছেন নরেন্দ্র মোদী। চার দিন আগে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তার আকস্মিক বৈঠকের পর তিস্তা চুক্তি সইয়ের সম্ভাবনা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়।
এর আগে ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহনের ঢাকা সফরের সময় তিস্তা চুক্তি সই হওয়ার কথা থাকায় এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার বিস্তারিত সম্পর্কে অবগত তিনি।
তবে সে সময় শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বেঁকে বসায় তিস্তার পানি বণ্টন চুক্তি আটকে যায়।
এর প্রায় সাড়ে তিন বছরের মাথায় গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি উপলক্ষে ঢাকা ঘুরে যান মমতা। সে সময় তিনি ‘শিগগিরই তিস্তার জট খোলার’ আশা দিয়ে যান।
২০১১ সালে মনমোহনের সঙ্গে মমতা বাংলাদেশে না এলেও এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তিনি ঢাকা আসছেন বলে সুষমা জানিয়েছেন।
“মমতা অবশ্যই সেখানে যাচ্ছেন,” বলেছেন তিনি।
অবশ্য আগের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর একদিন আগেই ঢাকা আসছেন এবং স্থল সীমান্ত চুক্তি সইয়ের পর ৬ জুন ফিরে যাবেন তিনি।
গত শুক্রবার কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ‘তিস্তা চুক্তি না করার’ আশ্বাস দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢাকা সফরে রাজি করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তবে তার তিন দিন আগেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী সাংবাদিকদের বলেন, চুক্তির যে কাঠামো চার বছর আগে তৈরি হয়েছিল, তা ঠিক রেখে তিস্তা নদীর কতটুকু পানি বাংলাদেশ পাবে, তা নিয়েই মোদীর সফরে আলোচনা হবে।
“আমি এতটুকু বলতে পারি, আলোচনাটা আমরা রি-ওপেন করছি না, রি-নেগোশিয়েট করছি না। যেখানে নেগোশিয়েশন হয়েছে, সেখানেই থাকবে। আমাদের যা ন্যায় ডিমান্ড, যত পানি প্রয়োজন সেটুকু আমরা পাবই।”
অবশ্য সম্প্রতি একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিস্তা চুক্তি নিয়ে প্রশ্নের জবাবে মোদী বলেন, স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের বিষয়টি বার্লিন দেওয়াল পতনের মতো একটি ঘটনা এবং বিষয়টির গুরুত্ব অনুধাবনে ব্যর্থ হয়েছে সংবাদ মাধ্যম।
সম্প্রতি ভারতের পার্লামেন্টে স্থল সীমান্ত বিল পাশ হয়, যাতে দীর্ঘকাল ঝুলে থাকা দুই দেশের স্থল সীমান্ত চুক্তি কার্যকরের পথ তৈরি হয়। এতে বাংলাদেশের ভেতরে ভারতের ১১১টি ছিটমহল এবং ভারতের সীমান্তে বাংলাদেশের ৫১টি ছিটমহল বিনিময়ের সুযোগও তৈরি হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ সফরে দুই দেশের সম্পর্ককে সামনে এগিয়ে নিতে সড়ক, রেল, নৌপথ, বাণিজ্য, নিরাপত্তা, অবকাঠামো ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে প্রায় এক ডজন চুক্তি সই হবে বলে তারা আশা করছেন।
