নওগাঁয় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
নওগাঁয় শনিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে একজন নিহত হয়েছেন, আহত হন অর্ধশত।
শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে গেছে। আম ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় ও খুঁটি উপড়ে পড়ায় জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
শনিবার রাতেই একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায় রোববার।
মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, সন্ধ্যায় বয়ে যাওয়া ঝড়ে উপজেলার মহানগর গ্রামে বজলুর রহমানের স্ত্রী শাহানাজ বেগম (৩৫) নিজ বাড়িতে ছিলেন।
এমন সময় তাদের মাটির দেয়ালে একটি বড় গাছ ভেঙে পড়লে দেয়াল চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়েছে।
এছাড়া নওগাঁর সিভিল সার্জন ডা. কে এম মোজাহার হোসেন জানান, রানীনগর, নিয়ামতপুর ও আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জনকে ভর্তি এবং ৩০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম জানান, প্রায় পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ক্ষতি হয়েছে।
নওগাঁ সদর উপজেলার বলিহার ইউপি চেয়ারম্যান সরদার হাতেম আলী বলেন, “আমার জীবনে আমি নওগাঁয় এত ভয়াবহ ঝড় দেখিনি।”
এ ইউনিয়নে ফসল, গাছপালাসহ পাঁচ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা জানান, এই ঝড়ে জেলার রাণীনগর, আত্রাই, মান্দা, পোরশা, নিয়ামতপুর ও নওগাঁ সদরের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শতশত গাছপালা ও ঘরবাড়ি ভেঙে গেছে।
তবে তিনি ফসলের ক্ষতির কোনো পরিসংখ্যান দিতে পারেননি।
নওগাঁর জেলা প্রশাসক এনামুল হক জানান, ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়নের কাজ চলছে। সারা জেলায় বিদ্যুৎ বিছিন্ন রয়েছে। বিদ্যুৎ পুনঃসংযোগ দেওয়ার জন্য কাজ শুরু হয়েছে।
শনিবারের সন্ধ্যার ওই ঝড়ে বগুড়া, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জে ২১ জনের মৃত্যু হয়েছে।
