ঝড়ে চার জেলায় নিহত ৯
কালবৈশাখীর মৌসুমের শুরুতে ঝড়ে বগুড়া, রাজশাহী, পাবনা ও নওগাঁয় দেয়াল ধসে, মাটি চাপা পড়ে অন্তত নয়জন নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যার এই ঝড়ে রাজধানীসহ বিভিন্ন জেলায় বহু গাছপালা উপড়ে পড়েছে। গাছচাপা পড়ে আহতও হয়েছেন অনেকে।
বগুড়ায় তিনজন, রাজশাহীতে চারজন এবং পাবনা ও নওগাঁয় একজন নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
গাছের ডাল ভেঙে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় কয়েকটি জেলার অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। উত্তরাঞ্চলে বোরো ধান ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝড়ে রাজধানীর শাহবাগ, নীলক্ষেত ও ধোলাইখাল এলাকায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। কয়েকটি বিলবোর্ড উড়ে গেছে, কোথাও কোথাও ঘরের টিনও উড়ে এসে পড়েছে। ঝড়ের সঙ্গে বৃষ্টিতে রাতে সড়কে দেখা দেয় যানজট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, সদর উপজেলায় দুজন এবং শাহজাহানপুর উপজেলায় একজন মারা যান।
নিহতরা হলেন- শহরের বউ বাজার এলাকার আব্দুল ওয়াহেদের স্ত্রী আজিরন বিবি (৩৮), মিলা (৬ মাস) এবং শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের লুৎফর রহমান (২৮)।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান জানান, বউ বাজার এলাকায় দেয়াল ধসে আজিরন ও মিলা মারা যান। লুৎফরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শাহজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান।
এছাড়া গাছের ডালপালা ভেঙে ও দেয়াল ধসে অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের বগুড়ার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী প্রতিনিধি জানান, বাঘা উপজেলায় দুজন, পবা উপজেলায় একজন ও গোদাগাড়ি উপজেলাতে একজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- জাহানারা বেগম (৬০), ইমাজুদ্দিন (৪৭), হাকিম (৩২) ও মনোয়ারা বেওয়া (৬৫)।
বাঘার ওসি আমিনুর রহমান বলেন, ঝড়ে মাটির ঘরের দেয়ালচাপা পড়ে জাহানারা বেগম এবং পদ্মার পাড়ে মাটিচাপা পড়ে ইমাজুদ্দিন মারা গেছেন।
ঘরের টিনের চাল চাপা পড়ে মনোয়ারা বেগম মারা যান বলে জানিয়েছেন গোদাগাড়ি থানার ওসি এস এম আবু ফরহাদ।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সারুল ইসলাম জানান, ঝড়ের সময় বজ্রপাতে বড়গাছি ইউনিয়নের সুবিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে হাকিম মারা যান।
নওগাঁ প্রতিনিধি জানান, মান্দা উপজেলায় মাটির ঘরের দেয়ালচাপা পড়ে এক নারী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অর্ধশতাধিক।
আহতদের মধ্যে ১১ জনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মান্দা থানার ওসি ওসি মোজাফ্ফর হোসেন।
নিহত শাহনাজ পারভীন (৩৫) মান্দা মহানগর গ্রামের বজলুর রহমানের স্ত্রী।
পাবনা প্রতিনিধি জানান, জেলা শহরের চাঁদমারী এলাকায় এক চায়ের দোকানি গাছচাপা পড়ে মারা যান।
সদর থানার এসআই তরিকুল ইসলাম বলেন, জামুদ্দিন বখশ নামে ওই ব্যক্তি নিজের দোকানে ছিলেন। ঝড়ে গাছচাপা পড়ে তিনি নিহত হন।
রাজধানীর মৎস্য ভবন এলাকায় ঝড়ে বিলবোর্ড পড়ে বায়েজিদ আলম (৫০) ও তারা মিয়া (৫০) নামে দুজন রিকশা চালক আহত হন। ধোলাইখাল এলাকায় টিন উড়ে এসে একজন ও নীলক্ষেতে একজন আহত হন।
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার রাতে রাজধানীতে বয়ে গেছে ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে ঝড়। এসময় রাজশাহীতে ঘণ্টায় ৭০ কিলোমিটার ও পাবনায় ৫৫ কিলোমিটারের বেশি বেগে বাতাস বইছিল।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা বলেন, মৌসুমের এই সময়ে কয়েকদিন পর পর এ ধরনের ঝড়বৃষ্টির শঙ্কা রয়েছে।
রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শনিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয় সিলেটে ৬২ মিলিমিটার।
