বগুড়ায় ঝড়ে আরও ১১ জনের মৃত্যু
মৌসুমের শুরুতেই কালবৈশাখী ঝড়ে বগুড়ায় আহত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঝড়ের কারণে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ালো।
বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস জানান, শনিবার সন্ধ্যার ঝড়ের পরপরই শহরের বউ বাজার এলাকার দেয়াল চাপায় দুইজন এবং শাহজাহানপুর উপজেলায় আরও একজনের মৃত্যু। এছাড়া সাত উপজেলার বিভিন্ন স্থানে গাছের নিচে চাপা পড়ে, দেয়াল চাপায় ও বিদ্যুৎস্পৃষ্ঠে শতাধিক লোক আহত হন।
রোববার সকাল পর্যন্ত আহতদের মধ্যে আরও ১১ জনের মৃত্যু হয় বলে জেলা প্রশাসক জানান।
নিহতরা হলেন- বগুড়া সদরের আজিরন খাতুন (৩৫), নীলা (৬মাস), রজব আলী (১৫), পলাশ (১৮), সোনতলা উপজেলার ফিরোজা বেগম (৫৫), কাহালু উপজেলার ইসমাইল হোসেন (৩৮), আজিজুল হক (৩৫), গাবতলী উপজেলার আসমা খাতুন (৩৪), শাহজাহানপুর উপজেলার আব্দুল মান্নান (২৮), রাবেয়া বেগম (৬৫), পায়েল (১৮), সারিয়াকান্দি উপজেলার সুজন (৩০), শান্তা বেগম (৫০) ও ধুনট উপজেলার আফজাল হোসেন (৩৮)।
বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলার বিভিন্ন হাসপাতালে এখনও ৮৫ জন চিকিৎসা নিচ্ছেন বলে জেলা প্রশাসক জানান।
শনিবার সন্ধ্যার ওই ঝড়ে রাজশাহী, পাবনা ও নওগাঁয় দেয়াল ধসে, মাটি চাপা পড়ে অন্তত নয়জন নিহত হন।
