২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিনকে রাষ্ট্রীয় সম্মান না জানানোয় ক্ষোভ

ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক আবদুল মতিনকে রাষ্ট্রীয় সম্মান না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 02:57 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও মনে করেন, রাষ্ট্রীয় সম্মাননা পাওয়া উচিত ছিল এই ভাষা সংগ্রামীর।

বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা মতিনের প্রতি শেষ শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়, যাতে সহযোগিতা করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

দুই মন্ত্রীসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা সংগ্রামী মতিনের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “তিনি (ভাষা মতিন) জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতি আশা করেছিল, রাষ্ট্র তার প্রতি যথাযথ সম্মান জানাবে। তবে কেন জানায়নি তা রাষ্ট্র বলতে পারবে।”

মতিনকে রাষ্ট্রীয় সম্মাননা না জানানোয় ক্ষোভ প্রকাশ করেন আরেক ভাষা সংগ্রামী গোলাম আরিফ টিপু।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর টিপু বলেন, “মতিন ভাই ছিলেন চেতনাসম্পন্ন প্রগতিশীল মানুষ। এটা অত্যন্ত বেদনাদায়ক যে, তার মতো মানুষ রাষ্ট্রীয় সম্মাননা পাবে না। এটা রাষ্ট্রের জন্য সুখকর নয়।”

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “কেন রাষ্ট্র তাকে সম্মাননা জানায়নি তা এই মুহূর্তে বলতে পারব না। তবে তিনি ভাষা আন্দোলনের প্রতীক হয়ে আছেন। রাষ্ট্রীয় সম্মাননা বা স্বীকৃতি আনুষ্ঠানিকতা মাত্র।”

তবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দাবি করেন, আবদুল মতিনকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়নি এ কথা ‘সঠিক’ নয়।

“মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসা হয়েছে। হাসপাতালের উদ্যোগেই আজকের এই শোক সভার আয়োজন হয়েছে। তিনি জাতির সূর্য সন্তান। তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়নি, এ কথা সঠিক নয়।”

কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ এ প্রসঙ্গে বলেন, “তাকে রাষ্ট্রীয় সম্মান কেন জানানো হয়নি, তা রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, তারা বলতে পারবেন। সমস্ত জীবন তিনি সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তার কাজের স্বীকৃতি স্বরূপ সর্বস্তরের সাধারণ আজ শ্রদ্ধা জানিয়েছে। রাষ্ট্রীয় স্বীকৃতি খুব বড় কোনও বিষয় নয়।”

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “সমগ্র দেশ তাকে জানে ভাষা মতিন নামে। ১৯৫২ এর ভাষা আন্দোলনে ১৪৪ ধারা ভাঙার পদক্ষেপে তার ছিল অগ্রণী ভূমিকা। শোষণমুক্তির সংগ্রামে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

১৯৫২ সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে ভাষার দাবিতে বাঙালির আন্দোলনে নেতৃত্বের ভূমিকায় ছিলেন আবদুল মতিন। এরপর বামপন্থি রাজনীতিতে যোগ দিয়ে আজীবন শোষণমুক্ত সাম্যের সমাজ প্রতিষ্ঠার লড়াই করে গেছেন। ২০০১ সালে সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ শোক প্রকাশ করেছেন।

পুরনো খবর:

শেষ ইচ্ছায় ঢাকা মেডিক্যালে মতিনের মরদেহ
ভাষা সংগ্রামীকে চির বিদায়
একজন সংশপ্তক
ভাষা মতিনের জীবনাবসান
ক্ষুদ্র জাতির ভাষা রক্ষা করতে হবে: মতিন
সবখানেই মৌলবাদীদের থাবা: ভাষা সৈনিক মতিনের আক্ষেপ
দুই দলের 'মন কষাকষিতে' মানুষ অতিষ্ঠ : মতিন