ভাষা সংগ্রামীকে চির বিদায়
ফুলেল শ্রদ্ধায় সবাই চির বিদায় জানাল ভাষাসৈনিক আবদুল মতিনকে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এই ভাষা সংগ্রামীর মরদেহ, নিজের দেহ চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের গবেষণার জন্য দিয়ে গেছেন তিনি। চোখও দান করে গেছেন সন্ধানীতে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান কমিউনিস্ট নেতা মতিন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত দেড় মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই কমিউনিস্ট নেতা।
একদিন হিমঘরে রাখার পর বৃহস্পতিবার বেলা ১২টার পর মতিনের মরদেহ বিএসএমএমইউ থেকে নেওয়া হয় ঢাকা মেডিক্যালের সামনে আমতলায়, যেখানে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষার দাবিতে ছাত্র-জনতার মিছিলে পাকিস্তানি শাসকদের নির্দেশে গুলি চালিয়েছিল পুলিশ।
সেখান থেকে তার কফিন নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে ফুলে মোড়ানো অ্যাম্বুলেন্সের পাশ দিয়ে হেঁটে শহীদ মিনারে যান তার রাজনৈতিক সহকর্মীরা।
তার আগেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের মানুষ এই ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে শহীদ মিনারে জড়ো ছিলেন।
বঙ্গবন্ধু মেডিক্যালের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর্ব শুরু হয়।
এরপর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক দলের পক্ষে ফুল দিয়ে ভাষা সংগ্রামীকে শ্রদ্ধা জানান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের নেতারা ভাষা মতিনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মঈন খান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস উপস্থিত ছিলেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে দলের নেতারা ভাষা সংগ্রামীকে শ্রদ্ধা জানান। এসময় সৈয়দ জাফর আহমেদ ও রুহিন হোসেন প্রিন্সসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া ও সাংসদ শিরিন আখতারের নেতৃত্বে দলের নেতারা মতিনকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
খালেকুজ্জামানের নেতৃত্বে বাসদ এবং জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা জানান বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতারাও, সর্বশেষ যে দলটির উপদেষ্টা পরিষদে ছিলেন আবদুল মতিন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্রমৈত্রী, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের নেতারা প্রয়াতের কফিনে ফুল দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ভাষা সংগ্রামী মতিনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ভাষা সংগ্রামী ও চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া ব্যক্তিগতভাবে অধ্যাপক আনিসুজ্জামান, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, শিল্পী হাশেম খানসহ অনেকে এই ভাষাসৈনিককে শেষ শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “তিনি (ভাষা মতিন) জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতি আশা করেছিল, রাষ্ট্র তার প্রতি যথাযথ সম্মান জানাবে। তবে কেন জানায়নি তা রাষ্ট্র বলতে পারবে।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, “মতিন ভাই ছিলেন চেতনাসম্পন্ন প্রগতিশীল মানুষ। এটা অত্যন্ত বেদনাদায়ক যে, তার মতো মানুষ রাষ্ট্রীয় সম্মাননা পাবে না। এটা রাষ্ট্রের জন্য সুখকর নয়।”
শ্রদ্ধা জানানোর সময় ভাষাসৈনিকের স্ত্রী গুলবদন নেছা মনিকাসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
গুলবদন নেছা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেষ ইচ্ছা অনুযায়ী আবদুল মতিনের মৃত্যুর পরপরই স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী তার কর্নিয়া সংগ্রহ করে। আর দেহ দেওয়া হচ্ছে ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে।
১৯৫২ সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে ভাষার দাবিতে বাঙালির আন্দোলনে নেতৃত্বের ভূমিকায় ছিলেন আবদুল মতিন। এরপর বামপন্থি রাজনীতিতে যোগ দিয়ে আজীবন শোষণমুক্ত সাম্যের সমাজ প্রতিষ্ঠার লড়াই করে গেছেন।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ শোক জানিয়েছেন।
