২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীতিমালা অনুমোদন: সম্প্রচারে বিভ্রান্তি বিদ্বেষ নৈরাজ্য নয়

সশস্ত্র বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় অথবা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ায়, এমন বিষয় প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে টেলিভিশন ও রেডিওর জন্য নীতিমালা অনুমোদন করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 02:34 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

চার/পাঁচ মাসে সম্প্রচার কমিশন: তথ্যমন্ত্রী

‘গণমাধ্যমকে খাঁচায় বন্দির ফিকির হচ্ছে’

সম্প্রচার কমিশন দ্রুত গঠনের সুপারিশ

একটি স্বাধীন কমিশন গঠনের বিধান রেখে উত্থাপিত ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায়।

বাংলাদেশে প্রণীত প্রথম এই পূর্ণাঙ্গ নীতিমালা গণমাধ্যমের কণ্ঠরোধ করবে বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি দাবি করলেও তা নাকচ করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

মন্ত্রিসভায় অনুমোদনের তথ্য জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা হরণের প্রশ্নই আসে না।

সরকার এবং সরকারে বাইরের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই নীতিমালা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “মন্ত্রিসভা মনে করে, এটি একটি ভালো নীতিমালা হয়েছে এবং সম্প্রচার শিল্পের জন্য এটি ভালো উদ্যোগ।”

বাংলাদেশে এতদিন সম্প্রচার মাধ্যমের জন্য পূর্ণাঙ্গ কোনো নীতিমালা না থাকায় সম্প্রচার মাধ্যমের লাইসেন্স দেয়া এবং তাদের পরিচালনা পদ্ধতি নিয়ে বেশ সমালোচনা ছিল।

এ নীতিমালার আলোকে একটি আইন করা হবে, যার মাধ্যমে একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করা হবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

স্বাধীন এই কমিশন লাইসেন্স প্রদান, লাইসেন্স ফি নির্ধারণ, সম্প্রচার কার্য়ক্রম তদারকি করবে। এই কমিশনে সাংবাদিকরাও থাকবেন।

“সম্প্রচার কমিশন ও আইন না হওয়া পর্যন্ত সরকারের তথ্য মন্ত্রণালয় সম্প্রচার-সম্পর্কিত সব সিদ্ধান্ত নেবে, কারণ নীতিমালা বাস্তবায়ন সরকার করে থাকে, এটি হবে সাময়িক,” বলেন মন্ত্রিপরিষদ সচিব।

নতুন নীতিমালায় সাতটি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে পটভূমি, লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিমালা বাস্তবায়নের কৌশল উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় অধ্যায়ে সম্প্রচার লাইসেন্সের বিষয়ে বলা হয়েছে। এখানে লাইসেন্স প্রদান ও পদ্ধতি এবং এক্ষেত্রে সম্প্রচার কমিশনের ভূমিকা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

“লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কমিশনের একটি বড় ভূমিকা থাকবে,” বলেন মোশাররাফ হোসাইন।

সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারের বিষয়ে বলা হয়েছে তৃতীয় অধ্যায়ে। বিশেষ করে অনুসরণীয় মানদণ্ড কী হবে, তা এখানে আছে।

এখানে বলা হয়েছে সংবাদ ও অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রচার মাধ্যমকে মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, আমাদের ভাষা-সংস্কৃতি ও মূল্যবোধ লালন, উন্নয়নমূলক বিষয় জনগণের কাছে তুলে ধরতে হবে।

কী কী বিষয় অনুসরণ করে বিজ্ঞাপন প্রচার করতে হবে, সে বিষয়ে বলা হয়েছে চতুর্থ অধ্যায়ে।

বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে পণ্যের মান ও ভোক্তা অধিকার সমুন্নত রাখতে হবে। বিজ্ঞাপনও মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের সংস্কৃতি ও মূল্যবোধ সহায়ক হতে হবে। একই সঙ্গে শিশু ও নারী অধিকার সুরক্ষা করতে হবে।

পঞ্চম অধ্যায়ে সম্প্রচারের ক্ষেত্রে আরো কিছু বিবেচ্য বিষয়ের কথা বলা হয়েছে। কোন কোন বিষয় সম্প্রচার করা যাবে না, করা সমীচীন হবে না, তার উল্লেখ রয়েছে এখানে।

ষষ্ঠ অধ্যায়ে সম্প্রচার কমিশন সম্পর্কে বলা হয়েছে। কমিশন গঠন, আইনি কাঠামো, দায়িত্ব, কাজের পদ্ধতি, কী কী অভিযোগ কমিশন গ্রহণ ও নিষ্পত্তি করবে এ বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে।

সপ্তম অধ্যায়টি বিবিধ বিষয়ে। সম্প্রচার কমিশন গঠন না হওয়া পর্যন্ত কিভাবে কার্যক্রম পরিচালিত হবে, সে বিষয়সহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে এই অধ্যায়ে।

এই নীতিমালা বেসরকারির পাশাপাশি সরকারি সম্প্রচার মাধ্যমের জন্যও প্রযোজ্য হবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

এর উদ্দেশ্য বলা হয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা এবং তথ্যর অবাধ প্রবাহ নিশ্চিত, সম্প্রচার মাধ্যমের স্বাধীনতা ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত এবং স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যম বিকশিত করতেই এ নীতিমালা করা হয়েছে।

যা প্রচার করা যাবে না

নীতিমালা অনুযায়ী কী কী বিষয় সম্প্রচার করা যাবে না- সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সশস্ত্র বাহিনী বা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কোনো বাহিনীর প্রতি কটাক্ষ বা বিদ্রুপ করে কিছু প্রচার করা যাবে না, ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না।

“জাতীয় আদর্শ ও উদ্দেশ্যর প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করা, জনগণের প্রতি অবমাননা, স্বাধীন অখণ্ড বাংলাদেশের সংহতি ক্ষুণ্ন হতে পারে এমন বক্তব্য; এমন কিছু প্রচার না করা, যা অসন্তোষ সৃষ্টি করতে পারে।”

বিভিন্ন শ্রেণি ও ধর্মের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে পারে এমন কিছু এবং ব্যক্তির গোপনীয়তা ক্ষুণ্ন করে এমন কিছু প্রচার করা যাবে না বলে জানান মোশাররাফ হোসাইন।

রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে কিংবা ধর্মীয় মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনায় আঘাত করতে পারে, এমন বিষয় প্রচার করা যাবে না।

কোনো বিদেশি রাষ্ট্রের অনুকূলে যায়,  যাতে অন্য কোনো বিদেশি রাষ্ট্র আঘাত পায় কিংবা যাতে বন্ধুভাবাপন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, সে রকম কিছু প্রচারে বিধি-নিষেধ থাকছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

কোনো জনগোষ্ঠী বা জাতির জন্য ক্ষতিকর দৃশ্য প্রচার করা যাবে না বলে নীতিমালায় বলা হয়েছে।

বিদ্রোহ, নৈরাজ্য, হিংসাত্মক ঘটনা দেখানো হলে তা এমনভাবে প্রচার করতে হবে, যাতে তা কাউকে উৎসাহিত না করে।

“এমন কিছু প্রচার করা যাবে না, যাতে দুনীতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎসাহিত হতে পারে,” বলেন মোশাররাফ হোসাইন।

“আলোচনা অনুষ্ঠানে কোনো বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রচার পরিহার করতে হবে, এ ধরনের অনুষ্ঠানে সকল পক্ষের যুক্তি যথাযথভাবে উপস্থাপনের সুযোগ থাকতে হবে,” বলেন তিনি।

নীতিমালা ভঙ্গে শাস্তি ঠিক করবে কমিশন

কেউ নীতিমালা ভঙ্গ করলে কী শাস্তির বিধান রাখা হয়েছে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “কমিশন গঠন হওয়ার পর এই কোড অব গাইডেন্স তৈরি করবে, সেখানে বিস্তারিত থাকবে।”

কোনো অনুষ্ঠান প্রচারে পর যদি বলা হয় তা রাষ্ট্রের পরিপন্থি কিংবা কোন বিষয় রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে তা কিভাবে নির্ধারণ করা হবে- তাও জানতে চাওয়া হয় সচিবের কাছে।

উত্তরে তিনি বলেন, “সে জন্যই তো স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করা হবে। তারাই স্থির করবে, তারাই তা নির্ধারণ করবে, সরকারের নিয়ন্ত্রণের বাইরে থেকে তারা জাজমেন্ট করবে।

“কোনো কোনো বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে, আবার কোনো কোনো ক্ষেত্রে তা সরকারকে সুপারিশ করবে সম্প্রচার কমিশন।”

আইন প্রণয়ন বা সম্প্রচার কমিশন গঠন না হওয়া পযন্ত নীতিমালা বাস্তবায়নের সব সিদ্ধান্ত সরকার নেবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

নীতিমালা কবে নাগাদ কার্যকর হবে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এজন্য প্রজ্ঞাপন জারি করতে হবে, আইন করে বিধিমালা করতে হবে।

“সম্প্রচার কমিশন গঠন না হওয়া পযন্ত পরিপূর্ণভাবে নীতিমালা বাস্তবায়ন করা সম্ভব নয়।”

কবে নাগাদ আইন হবে জানতে চাইলে মোশাররাফ হোসাইন বলেন, খুব শিগগিরই এ আইন হবে।

“আইন হওয়ার পর এই কমিশনের চেয়ারম্যান ও আইনের দ্বারা নির্ধারিত সদস্য নিয়োগ করা হবে এবং সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন করতে হবে। সদস্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক, সম্প্রচার মাধ্যমের ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞসহ অন্যান্যরা থাকবেন।”

তিনি জানান, এই নীতিমালা তৈরিতে বিবিসির অনুসৃত নীতিমালাকে গুরুত্ব দেয়া হয়েছে।

“কারণ বিবিসির দীর্ঘ দিনের স্বাধীন দায়িত্বশীল সম্প্রচারের দীর্ঘ ঐতিহ্য আছে।”

দুই একদিনের মধ্যে গেজেট

আগামী দুই একদিনের মধ্যে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা, ২০১৪’ এর গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মন্ত্রিসভার বৈঠকের পর তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “আগামী দুই-এক দিনের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে এবং এর পরপরই আইন তৈরির উদ্যোগ নেয়া হবে।”

বর্তমানে অনুমোদিত বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সংখ্যা ৪১। সরকারি ব্যবস্থাপনায় তিনটি ও বেসরকারি ২৩টি টিভি চ্যানেলসহ মোট ২৩টি চ্যানেল সম্প্রচার পরিচালনা করছে।

নতুন করে লাইসেন্স পেতে প্রায় দুইশ আবেদন তথ্য মন্ত্রণালয়ের জমা পড়েছে বলে কর্মকর্তারা জানান।

২০১০ সালে দেশে প্রথম কমিউনিটি রেডিওর যাত্রা শুরুর পর এখন ১৪টি রেডিও সম্প্রচারে রয়েছে। এছাড়া আরো ১৮টিকে সম্প্রচারের প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে।