২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্প্রচার কমিশন দ্রুত গঠনের সুপারিশ

জাতীয় সম্প্রচার নীতিমালা বাস্তবায়নের জন্য গণমাধ্যম প্রতিনিধিদের সমন্বয়ে স্বাধীন সম্প্রচার কমিশন দ্রুত গঠন করে তথ্য মন্ত্রণালয় থেকে তাদের কাছে দায়িত্ব হস্তান্তরের সুপারিশ করেছেন গণমাধ্যম বিশেষজ্ঞ আ আ ম স আরেফিন সিদ্দিক।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 08:12 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

সম্প্রচার নীতিমালা সোমবার মন্ত্রিসভায় অনুমোদনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন অনতিবিলম্বে সম্প্রচার কমিশন গঠন করা দরকার।

“কমিশনে এমনভাবে প্রতিনিধিত্ব হতে হবে, যাতে সাংবাদিকরা থাকেন। এ কমিশনই নীতিমালা বাস্তবায়ন তদারকি করবে।”

সশস্ত্র বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় অথবা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ায়, এমন বিষয় প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে টেলিভিশন ও রেডিওর জন্য নীতিমালা মন্ত্রিসভা অনুমোদন করেছে।

এই নীতিমালার আওতায় একটি স্বাধীন কমিশন গঠনের বিধান রাখা হয়েছে, তা গঠিত না হওয়া পর্যন্ত তথ্য মন্ত্রণালয় ওই দায়িত্ব পালন করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক মনে করেন, কমিশন গঠন না হওয়া পর্যন্ত নীতিমালা বাস্তবায়নে তথ্য মন্ত্রণালয়ের ‘কর্তৃত্ব’ সাময়িকই হবে এবং তাতে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না।

“তথ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়টি হতে হবে সাময়িক ব্যবস্থা। অবিলম্বে সম্প্রচার কমিশন গঠন করে নীতিমালা বাস্তবায়নের কার্যভার হস্তান্তর হওয়া উচিত এখন।”

বর্তমানে অনুমোদিত বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সংখ্যা ৪১। সরকারি ব্যবস্থাপনায় তিনটি ও বেসরকারি ২৩টি টিভি চ্যানেলসহ মোট ২৩টি চ্যানেল সম্প্রচার পরিচালনা করছে।

নতুন করে লাইসেন্স পেতে প্রায় দুইশ আবেদন তথ্য মন্ত্রণালয়ের জমা পড়েছে বলে কর্মকর্তারা জানান।

২০১০ সালে দেশে প্রথম কমিউনিটি রেডিওর যাত্রা শুরুর পর এখন ১৪টি রেডিও সম্প্রচারে রয়েছে। এছাড়া আরো ১৮টিকে সম্প্রচারের প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে।

বাংলাদেশে এতদিন না থাকায় পূর্ণাঙ্গ এই নীতিমালা তৈরিকে স্বাগত জানিয়েছেন আরেফিন সিদ্দিক।  

“এতদিন নীতিমালা ছিল না, এখন পেলাম। তবে নীতিমালা বাস্তবায়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দায়িত্বশীল সাংবাদিকতারও প্রয়োজন। স্বাধীনতা মানে আমাদেরকে আরো দায়িত্বশীল হতে হবে।”

গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে অবস্থান জানিয়ে এই শিক্ষক বলেন, “সাংবাদিকতার স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে হবে। তবে এ স্বাধীনতা ভোগ করতে গিয়ে যেন স্বেচ্ছাচারিতা না হয়, তাও খেয়াল রাখতে হবে। যেন গণমাধ্যম দলীয় রাজনীতির মতো ব্যবহৃত না হয়।”

এই নীতিমালা প্রণয়নের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি বলেছেন, এর মধ্য দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধের ফন্দি-ফিকির হচ্ছে।  

তবে সরকারের পক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেছেন, “গণমাধ্যমের স্বাধীনতা হরণের প্রশ্নই আসে না।”

আরেফিন সিদ্দিক বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা মানেই জনগণের স্বাধীনতা। অবাধ তথ্য পাওয়ার স্বাধীনতা। তথ্য প্রচারে সব সময় বিভ্রান্তি ও বৈষম্য, বিদ্বেষ পরিত্যাজ্য।”

‘নির্ভর করছে কমিশন চালকদের ওপর’

স্বাধীন সম্প্রচার কমিশনে কারা সদস্য হবেন ও কমিশন কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারবে তার ওপর নীতিমালার ভবিষ্যত নির্ভর করবে বলে মত দিয়েছেন গণমাধ্যম বিশেষজ্ঞরা।

নীতিমালায় বলা হয়েছে, আইনের মাধ্যমে একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠিত হবে এবং তা হবে সংবিধিবদ্ধ সংস্থা।

এ কমিশনের একজন চেয়ারম্যান এবং প্রয়োজনীয় সংখ্যক সদস্য থাকবেন। তারা তথ্য মন্ত্রণালয়ের একটি অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) দ্বারা মনোনীত হবেন এবং তাদের রাষ্ট্রপতি নিয়োগ দেবেন।

সার্চ কমিটিতে অংশীজনদের প্রতিনিধি হিসেবে সরকারি প্রতিনিধি, সম্প্রচার মাধ্যম ব্যক্তিত্ব, সম্প্রচার বিশেষজ্ঞ এবং প্রযুক্তিবিদ, নারী একটিভিস্ট, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও আইনজ্ঞ থাকতে পারেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আতিকুর রহমান বলেন, সম্প্রচার নীতিমালায় সরকারের অনুমোদনের খবরটি ভালো। এটা আরো আগে হওয়া উচিত ছিল।

“এ নীতিমালা বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কারা কমিশনের সদস্য হচ্ছেন। কমিশনে কাদের প্রতিনিধিত্ব থাকছে এবং সদস্যরা কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারবে-তার ওপর নির্ভর করবে সবকিছু।”

অতীতে সার্চ কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের নিয়ে অভিজ্ঞতা ‘ভালো নয়’ বলেও মন্তব্য করেন এ গণমাধ্যম বিশেষজ্ঞ।

নীতিমালা করেই সরকারের সাধুবাদ পাওয়ার সময় এখনো আসেনি বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক নাদির জুনাইদ সেনেকা।

তিনি বলেন, “গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে ‘কার্যকর’ সম্প্রচার কমিশন হলেই বোঝা যাবে এ নীতিমালা প্রণয়নের সুফল পাচ্ছি কি না আমরা।

“অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা যাবে না বলা হচ্ছে- এটা কে নির্ধারণ করে দেবে? কমিশনে কারা থাকছে-সবকিছুর ওপরই নির্ভর করবে নীতিমালার ভবিষ্যত।”

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কমিশন না হওয়া পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ই সিদ্ধান্ত নেবে সব বিষয়ে।

এ বিষয়ে গণমাধ্যম বিশেষজ্ঞ সেনেকা বলেন, “স্বাধীন সম্প্রচার কমিশন কতটুকু কার্যকর হবে তা বলার সময় এখনো আসেনি। কখন গঠিত হবে কমিশন? চেয়ারম্যান বা সদস্যরা কতটুকু বায়াস না হয়ে কাজ করতে পারবেন? এ কমিশনে কাদের নেওয়া হবে? আইন-বিধি করে সব বিষয় স্পষ্ট করতে হবে।”

তথ্য মন্ত্রণালয়ের ‘নিয়ন্ত্রণ’ থেকে গণমাধ্যমকে দূরে রাখতে গণমাধ্যম সংশ্লিষ্ট ও নিরপেক্ষ লোকদের দিয়ে যত দ্রুত সম্ভব কমিশন গঠন করার সুপারিশ করেন তিনি।

দেরিতে হলেও নীতিমালা প্রণীত হওয়াকে ‘অভিনন্দনযোগ্য’ উল্লেখ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, “স্বাধীন সম্প্রচার কমিশনের সদস্যরা যাতে কোনোভাবেই দলীয় না হয় তা নিশ্চিত করতে হবে।”

কমিশনের কার্যপরিধির বিষয়ে নীতিমালায় বলা হয়েছে,  সম্প্রচার নীতিমালা ও কমিশনের নিয়মাবলি যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কিনা তা ধারাবাহিকভাবে পরিবীক্ষণ, প্রয়োজনে যে কোনো সম্প্রচার প্রতিষ্ঠান পরিদর্শন, নীতিমালা পরিপন্থী হলে কারণ দর্শানো ও এ বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে কমিশন।

পুরনো খবর:

নীতিমালা অনুমোদন: সম্প্রচারে বিভ্রান্তি বিদ্বেষ নৈরাজ্য নয়