গণমাধ্যমকে খাঁচায় বন্দির ফিকির: বিএনপি
জবাবদিহিতা ও দায়বদ্ধতার কথা বলে গণমাধ্যমকে সরকারি ‘খাঁচায়’ বন্দির পাঁয়তারা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
সোমবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “সংবাদপত্র, সংবাদ সংস্থা, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন, রেডিওসহ গণমাধ্যমের সকল শাখাকে জবাবদিহিতা ও দায়বদ্ধতার আওতায় আনার জন্য সরকার বেশকিছু আইন ও নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। টেলিভিশন বন্ধেও নাকি আইন হচ্ছে।
“আমরা মনে করি বিভিন্ন আইন-নীতিমালা করে গোটা গণমাধ্যমকে তারা সরকারি খাঁচায় পুরতে চাচ্ছে।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়। এ সময় তিনি সরকারের ‘দমননীতির’ কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, “শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি ঘটানো হয়েছে।
সংবিধানে কালো আইন সংযোজনের মাধ্যমে তারা জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে শেখ হাসিনা দেশে দ্বিতীয় বাকশালী রাজত্ব কায়েম করেছেন।”
ফাইল ছবি
আন্দোলন রুখতে সরকার সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের নতুন করে গ্রেপ্তার করছে বলেও অভিযোগ করেন তিনি।
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসনকে ষড়যন্ত্রমূলকভাবে আটকিয়ে রাখা হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, “উচ্চ আদালত ড. খন্দকার মোশাররফকে জামিন দিলেও তাকে আটকিয়ে রাখা হয়েছে হীন রাজণৈতিক উদ্দেশ্যমূলকভাবে।”
একই সঙ্গে তোবা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধের দাবি জানান তিনি।
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, আবদুল লতিফ জনি, এ বি এম মোশাররফ হোসেন, বেলাল আহমেদ, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
