২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুতুবদিয়ায় সংঘর্ষে ২ জামায়াতকর্মী নিহত, হরতালের ডাক

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর কর্মীদের সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 09:52 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

এর প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির জোটসঙ্গী দলটি।

৬০ ঘণ্টার হরতাল শেষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ধুরুং বাজারে এ সংঘর্ষ চলে বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। এই সময় পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়া হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দুজন নিহতের কথা তাকে জানিয়েছেন।

তবে জামায়াতে ইসলামী দাবি করেছে, পুলিশের হামলায় নিহতের সংখ্যা আরো বেশি।

দলের উপজেলা নেতা ও সাবেক চেয়ারম্যান শাহরিয়ার কবিরকে উদ্ধৃত করে জামায়াতের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়,  “হরতাল-পরবর্তী সমাবেশে পুলিশের হামলা হলে তিন জামায়াতকর্মী নিহত হন।”

কক্সবাজার জেলা জামায়াতের আমির মো. শাহজাহানের দাবি, পুলিশের গুলিতে তাদের পাঁচ কর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন হলেন- আবু আহমদ (৫৫), মোহাম্মদ আজিজুর রহমান (২০), ইসমাইল পারভেজ (২৪) ও তাজুল ইসলাম (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাগরিবের নামাজের পর জামায়াতে ইসলামী ও বিএনপিকর্মীরা ধুরুং বাজার মসজিদ থেকে মিছিল করতে জড়ো হলে মোটরসাইকেল ও জিপে করে সেখানে পুলিশ যায়।

এ সময় জামায়াতকর্মীরা পুলিশের মোটরসাইকেল ও জিপে অগ্নিসংযোগ এবং গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায় বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান।

তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমদ, কুতুবদিয়া থানার ওসি জহিরুল ইসলামসহ অতিরিক্ত পুলিশ। ওই সময় তাদেরও অবরুদ্ধ করে রাখে হামলাকারীরা।

সন্ধ্যা সাড়ে ৭টায় অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে বলে তোফায়েল আহমদ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমদ সাংবাদিকদের বলেন, দুজন নিহত হয়েছেন এবং তাদের লাশ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে।

নিহতের জন্য পুলিশকে দায়ী করে এর বিবৃতি দিয়েছেন জামায়াতের জেলা আমির শাহজাহান, নায়েবে আমির মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি জিএম রহীমুল্লাহ।

তাদের যৌথ বিবৃতিতে বলা হয়, “বুধবার বিক্ষোভ এবং বৃহস্পতিবার বৃহত্তর চট্রগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। ১৮ দলীয় জোটের পক্ষে এ হরতাল হবে।”

জোটের পক্ষে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানিয়েছেন, চকরিয়া ও কুতুবদিয়ায় হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৮ দলীয় জোট এ হরতাল ডেকেছে।

পুরনো খবর:

চট্টগ্রামে সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামে যুবলীগকর্মী খুন
মাগুরায় সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামে হরতালকারীদের দুই পক্ষে সংঘর্ষ
মনোবল ভেঙে দিতেই পুলিশের ওপর হামলা: আইজিপি