২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোবল ভেঙে দিতেই পুলিশের ওপর হামলা: আইজিপি

পুলিশপ্রধান হাসান মাহমুদ খন্দকার বলেছেন, মনোবল ভেঙে দেয়ার উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 04:45 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালে বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলার প্রতিক্রিয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের একথা বলেন তিনি।

বোমাহামলায় আহত ঢাকার হাজারীবাগের ওসি মাইনুল ইসলামকে দেখতে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেলে যান পুলিশপ্রধান।

হাসান মাহমুদ বলেন, “পুলিশের মনোবল দুর্বল করতে পুলিশকে লক্ষ্য করে আঘাত করা হচ্ছে। পুলিশের কার্যকারিতা দুর্বল করতে পারলেই একটি চক্রের উদ্দেশ্য হাসিল হবে। তাই পুলিশকে টার্গেট করে আঘাত করা হচ্ছে।”

তবে এই পরিকল্পনা নস্যাতে পুলিশ সতর্কতার সঙ্গে কাজ করছে জানিয়ে তিনি বলেন, “জনশৃঙ্খলা রাখতে পুলিশের যা যা করার, তা পুলিশ করবে।”

মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাড়িতে বোমা হামলা প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হচ্ছে- জানতে চাইলে আইজিপি বলেন, “হামলা প্রতিরোধে কৌশল নেয়া হয়েছে। হামলাকারীদের সনাক্ত করে অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”

গত তিন দিনের হরতালে বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য, বিচারপতি, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটার, সংবাদ মাধ্যমের কার্যালয় এবং সাংবদিকদের বাড়ি লক্ষ্য করে হাতবোমা হামলা হয়।  

নিষেধাজ্ঞার মধ্যে লালবাগে রাস্তা আটকে হরতালবিরোধীদের সমাবেশের বিষয়ে পুলিশপ্রধান বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবশ্যই অনুমতি নিয়েছে তারা। তবে সমাবেশের নামে ফৌজদারি অপরাধ করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।”

পুরনো খবর:

হরতালকারীদের বোমায় হাজারীবাগের ওসি আহত  
সিরাজগঞ্জে রাতে পুলিশের ওপর হামলা, আহত ২
রাজশাহীতে পুলিশের ওপর বোমা হামলা
হাটহাজারীতে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলা
মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলা, সংঘর্ষে আহত ১৭
‘জামায়াত-পুলিশ ভাই ভাই, শেখ হাসিনার রক্ষা নাই’