২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামায়াত-পুলিশ ভাই ভাই, শেখ হাসিনার রক্ষা নাই’

নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালের শুরুতেই সিলেটে মোটর সাইকেল নিয়ে মিছিল করেছে জামায়াত-শিবিরকর্মীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 11:21 AM

Updated : 25 Apr 2022, 07:26 PM

রোববার সকাল পৌনে ৮টার দিকে এই মিছিল নিয়ে তারা নগরীর জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, চৌহাট্টা, নয়াসড়ক ও জেলরোড এলাকা প্রদক্ষিণ করে।

এ সময় শিবিরকর্মীরা স্লোগান দেন- “জামায়াত-পুলিশ ভাই ভাই, ছাত্রলীগ-যুবলীগ-শেখ হাসিনার রক্ষা নাই।”

সড়কের মোড়ে মোড়ে এ সময় পুলিশ থাকলেও তাদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতাল শন্তিপূর্ণভাবেই চলছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”

জামায়াত-শিবিরের মিছিলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “এটা ১৮ দলের কর্মসূচি, জামায়াতের একার নয়। শান্তিপূর্ণ মিছিল করায় তাদের বাধা দেয়া হয়নি “

সকাল সাড়ে ৭টায় হরতালের সমর্থনে ১৮ দলীয় জোটের একটি মিছিল নগরীর নয়াসড়ক থেকে শুরু হয়ে চৌহাট্টা, জিন্দাবাজার হয়ে বন্দরবাজার গিয়ে শেষ হয়।

এছাড়া সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জামায়াতে ইসলামী-ছাত্রশিবির আলাদা মিছিল করে। মিছিল শেষে ১৮ দলের নেতারা জিন্দাবাজার সিটি সেন্টারের অবস্থান নেন।

সকাল থেকে নগরীতে কিছু সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলতে দেখা যায়নি। বন্ধ রয়েছে নগরীর বেশিরভাগ মার্কেট ও দোকান।

সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে যথাসময়ে নির্ধারিত ট্রেন চলাচল করছে বলে জানিয়েছেন সিলেট রেল স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ।

নাশকতা ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। পাশাপাশি দেখা গেছে র‌্যাব ও বিজিবির উপস্থিতি।