মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলা, সংঘর্ষে আহত ১৭
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের তিনদিনের হরতালের প্রথম দিনে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় হরতালের সমর্থনে মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে।
এছাড়া সিরাজদিখান ও মধ্য বাউশিয়া এলাকায় হরতাল সমর্থক বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ হয়েছে।
রোববার সকালে এসব হামলা ও সংঘর্ষের ঘটনায় তিন পুলিশসহ অন্তত ১১ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গজারিয়া থারার ওসি মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল সাড়ে ১১টার জামালদি বাস স্ট্যান্ডের কাছে হরতাল সমর্থকরা মিছিল থেকে পুলিশের উপর হামলা চালালে অন্তত ৩ সদস্য আহত হয়।
মামুনুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসময় হরতালকারীরা পুলিশের গাড়ি ভাংচুর করা শুরু করলে আত্মরক্ষায় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।”
এসময় হোসেন্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাদিম গুলিবিদ্ধ হয় বলে দাবি করেন জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জসিম।
জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের গুলিতে নাদিম গুলিবিদ্ধ হওয়া ছাড়াও তাদের আরো কয়েকজন কর্মী আহত হন।
তবে ওসি তার এই দাবি অস্বীকার করে বলেন, “এসময় কারো গায়ে গুলি লাগার কথা নয়। আত্মরক্ষায় পুলিশ উপরের দিকে ফাঁকা গুলি ছোড়ে।”
ভবের চর পুলিশ ফাঁড়ির ইনচার্য সাইফুল ইসলাম জানান, সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্য বাউশিয়ায় গজারিয়া যুবদলের সভাপতি আব্দুল মান্নান দেওয়ান মনার নেতৃত্বে একটি মিছিল মধ্য বাউশিয়ায় গেলে সেখানে থাকা আওয়ামী লীগের কর্মীদের উপর হামলা চালায় মিছিলকারীরা। হামলায় বাদশা মাস্টার, মোস্তাফা সারোয়ার, বিপ্লব, আলামিন দেওয়ান, তৌহিদ ও মো জাহাঙ্গীর নামে পাঁচ আওয়ামী লীগ কর্মী আহত হন।
এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে আওয়ামী লীগকর্মীরা ভবের চরে উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মান্নান মিয়াজীর দোকানে ভাংচুর করে।
সাইফুল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিরাজদিখান থানার ওসি আবুল বাসার জানান, সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার নীমতলাতে হরতাল সমর্থকা ও হরতালবিরোধী মিছিলের মধ্যে সংঘর্ষে দুই বিএনপিকর্মী ও এক আওয়ামী লীগকর্মী আহত হন।
ওসি আবুল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে।
হরতালে ঢাকা মাওয়া-মহাসড়কের যানবাহন খুব কম ছিল।ঢাকা মুন্সীগঞ্জ সড়কে বাস চলাচল ও দোকানপাট বন্ধ ছিল।রাস্তায় রিক্সা ও অন্যান্য যানবাহন চলাচল ছিল সীমিত।
