২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালকারীদের বোমায় হাজারীবাগের ওসি আহত  

বিরোধী দলের ৬০ ঘণ্টার হরতালের তৃতীয় দিনের শুরুতেই রাজধানীর ধানমন্ডি এলাকায় হরতালের সমর্থকদের ছোড়া হাতবোমায় আহত হয়েছেন হাজারীবাগের ওসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 08:37 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

রমনা পুলিশের উপ কমিশনার মারুফ হোসেন সরদার জানান, মঙ্গলবার সকাল ৬টা ৪০ এ ধানমন্ডি ১৯ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার ওসি কাজ মাইনুল ইসলামকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান উরুতে সাতটি স্প্লিন্টার লেগেছে বলে মারুফ সরদার জানান।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আলী খন্দকার জানান, হরতাল সমর্থকরা নাশকতার জন্য জড়ো হচ্ছে এমন খবর পেয়ে ওসির নেতৃত্বে একদল পুলিশ ধানমন্ডি ১৯ সড়কে যায়। তারা গাড়ি থেকে নামার সময় সেখানে জড়ো হওয়া ‘হরতাল সমর্থকরা’ তাদের লক্ষ্য করে পাঁচ থেকে সাতটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

এতে ওসি আহত হলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হরতালের দ্বিতীয় দিন রোববার হাজারীবাগ এলাকাতেই পেট্রোলভর্তি বোতলসহ গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দলের তিন কর্মীকে ৬ মাস করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এদিকে মঙ্গলবার ভোর রাতে মগবাজারের নয়টোলায় একটি মেসে অভিযান চালিয়ে চার শিবিরকর্মীকে গ্রেপ্তার করে রমনা পুলিশ।

সেখান থেকে ১৫টি ককটেল,  পাঁচ লিটার অকটেন, দুই বোতল পেট্রোল, দুই বোতল স্পিরিট এবং বিপুল পরিমাণ পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলে রমনা পুলিশের ডিসি মারুফ সরদার জানান।

ভোর সাড়ে ৫টার দিকে ইন্দিরা রোডে একটি বাসে আগুন দেয় হরতালকারীরা।

পরে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায় বলে ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ফরহাদ হোসেন জানান।

ভোর ৬টার দিকে খিলগাঁও এলাকায় মহিলা দল মিছিল করে। ৭টার দিকে এলিফেন্ট রোডে মিছিল করে ছাত্রদল।

হরতালের কারণে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ৬০ ঘণ্টার হরতালের শেষ দিনে রাজধানীর সড়কগুলোতে যান চলাচল গত দুই দিনের তুলনায় অনেকটাই স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সড়কে গণপরিবহনের সঙ্গে কিছু প্রাইভেট কারও চলতে দেখা যায়। আর রিকশা ও অটোরিকশা চলাচল করছে সব সড়কেই।

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সংলাপের জন্য সরকারকে দুই দিন সময় বেঁধে দিয়ে এই হরতালের ঘোষণা দেন।

এরপর শনিবার বিরোধী দলীয় নেতাকে টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গণভবনে যাওয়ার আমন্ত্রণ জানান এবং হরতাল তুলে নিতে অনুরোধ করেন।

কিন্তু এরপর বিএনপির পক্ষ থেকে বলা হয়, হরতাল প্রত্যাহার করা সম্ভব নয়, প্রধানমন্ত্রী যেন হরতালের পর সংলাপের আমন্ত্রণ জানান। 

হরতালে বিশৃঙ্খলা এড়াতে রোববার থেকেই রাজধানীর প্রতিটি সড়কে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন রয়েছেন।