রাজশাহীতে পুলিশের ওপর বোমা হামলা
রাজশাহীতে পুলিশকে লক্ষ্য করে তিনটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা।
সোমবার রাত পৌনে ৮টার দিকে নগরীর গোরহাঙ্গা শহীদ কামারুজ্জামান চত্বরে পুলিশের ওপর হামলা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থল থেকে জেলার সহকারী পুলিশ কমিশনার নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তার পাশে তিনটি গাড়ি রেখে পুলিশ সদস্যরা বসে ছিল। এ সময় পুলিশকে লক্ষ্য করে পর পর তিনটি হাতবোমা নিক্ষেপ করা হয়। বোমাগুলো পুলিশের পাশেই বিকট শব্দে বিস্ফোরিত হয়।
হরতাল সমর্থকরা হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।
এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিঙ্গাডোবা বাইপাস সড়কে হরতাল সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ।
একই সময়ে নগরীর ভদ্রা মোড়ে শিবিরকর্মীরা হরতাল সমর্থনে ঝটিকা মিছিল বের করে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটনায় এবং রাস্তার উপর টায়ারে আগুন দেয়।
